২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা সফর শেষ ধাওয়ানের

চোটের কারণে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে পড়েছেন ভারতের ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 06:24 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

গলে প্রথম টেস্ট খেলার সময় ডান হাতে চোট পান ভারতের তারকা ব্যাটসম্যান। দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, পরীক্ষা করার পর ধাওয়ানের ডান হাতে সূক্ষ্ম চিড় ধরা পড়েছে।

ধারণা করা হচ্ছে গল টেস্টের প্রথম ইনিংসে ১৩৪ রান করা এই উদ্বোধনী ব্যাটসম্যানকে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

প্রথম ইনিংসে ১৯২ রান এগিয়ে থাকার পরও চারদিনের মধ্যে ৬৩ রানে গল টেস্ট হেরে যায় ভারত। শ্রীলঙ্কা সফরে আরও দুটি টেস্ট খেলবে বিরাট কোহলির দল।

কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার।

এমন সময়ে ধাওয়ানের চোটের খবর ভারতের জন্য বড় এক দুঃসংবাদ হয়েই এসেছে।

পায়ের পেশির চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি আরেক উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়। কলম্বো টেস্টে তার খেলা এখনও নিশ্চিত নয়।

বিজয়ের পরিবর্তে গল টেস্টে ইনিংস উদ্বোধন করা লোকেশ রাহুল মাত্র ১২ রান (৭ ও ৫) করেন। একজন বাড়তি অলরাউন্ডারের প্রয়োজন অনুভব করায় এর আগে স্টুয়ার্ট বিনিকে তলব করেন ভারতের নির্বাচকরা। তবে ধাওয়ানের পরিবর্তে দ্বিতীয় টেস্টের দলে কাউকে নেওয়া হবে কিনা, সে ব্যাপারে কিছু জানায়নি ভারতের ক্রিকেট বোর্ড।