বর্ষসেরা টেস্ট ক্রিকেটার উসমান খাওয়াজা
সেরার লড়াইয়ে সতীর্থ ট্রাভিস হেড, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জো রুট ও ভারতের রবিচন্দ্রন অশ্বিনকে হারিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার।
টেস্ট ক্রিকেটে দারুণ ধারাবাহিকতায় চমৎকার সব পারফরম্যান্সে ২০২৩ সাল রাঙান উসমান খাওয়াজা। এবার তারই পুরস্কার পেলেন অস্ট্রেলিয়ান ওপেনার। আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
২০২৩ সালের সেরা টেস্ট ক্রিকেটারের নাম বৃহস্পতিবার ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। সেরার লড়াইয়ে খাওয়াজা পেছনে ফেলেছেন সতীর্থ ব্যাটসম্যান ট্রাভিস হেড, চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুট ও ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে।
২০২২ সালেও দুর্দান্ত পারফরম্যান্স করে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন খাওয়াজা; কিন্তু সেবার জিততে পারেননি তিনি। এবার সবাইকে ছাপিয়ে পুরস্কারটি নিজের করে নিলেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
গত বছর ১৩ টেস্টের ২৪ ইনিংসে ব্যাটিং করে খাওয়াজা ৫২.৬০ গড়ে রান করেন এক হাজার ২১০। সেঞ্চুরি তিনটি, ফিফটি ৬টি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ার সেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস দিয়ে বছর শুরু করেন খাওয়াজা। ক্যারিয়ারে সবচেয়ে কঠিন পরীক্ষায়ও দ্যুতি ছড়ান তিনি। ভারত সফরে চার ম্যাচে ৩৩৩ রান করে ছিলেন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। এক সেঞ্চুরির সঙ্গে করেছিলেন দুটি ফিফটি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অবশ্য ভালো কাটেনি খাওয়াজার। পরে অ্যাশেজ দিয়ে ঘুরে দাঁড়ান তিনি। এজবাস্টনে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৪১ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ৬৫ রান। ৪৯৬ রান করে হন সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও। পাকিস্তানের বিপক্ষে তিনটি চল্লিশ ছাড়ানো স্কোর দিয়ে বছর শেষ করেন তিনি, যার একটিতে করেন ৯০ রান।
চ্যালেঞ্জিং ও প্রাপ্তির ২০২৩ সালে একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাজার রানের মাইলফলক স্পর্শ করেন খাওয়াজা।
