বোর্ডের সঙ্গে আমার মিটিংয়ের ওপর নির্ভর করছে অনেক কিছু: তামিম ইকবাল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজ্ঞ এই ব্যাটসম্যান খোলামেলা কথা বললেন তার অবসর নেওয়ার প্রেক্ষাপট, পরের নানা ঘটনা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অবসর প্রত্যাহার, সামনের দিনগুলোয় তার ও দলের নানা বাস্তবতা, ফিটনেস বিতর্ক, ভবিষ্যৎ ভাবনাসহ আরও অনেক কিছু নিয়ে।
তামিম ইকবালের অবসর ও ফেরাকে ঘিরে দেশের ক্রিকেটে ঝড় থেমে গেছে বেশ কদিন আগেই। তবে তার মনের ভেতরে কিছুটা উথাল-পাথাল চলছে এখনও। ২৯ ঘণ্টার সেই যে নাটকীয়তা, সেসবের প্রভাব তাকে ছেড়ে যায়নি পুরোপুরি। কাটিয়ে ওঠার চেষ্টা করছেন বলে জানালেন তিনি। আপাতত পরিবারের সঙ্গে কয়েকদিন ছুটি কাটাচ্ছেন দুবাইয়ে। এরপর চিকিৎসক দেখাতে যাবেন লন্ডনে। সেখান থেকে দেশে ফিরে তিনি বৈঠকে বসবেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে। সেই আলোচনাই ঠিক করে দেবে সামনের সময়টায় দেশের ক্রিকেটে তামিমের গতিপথ।
দুবাইয়ে যাওয়ার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে দেশের সফলতম ব্যাটসম্যান ফিরে তাকালেন গত কিছুদিনের ঘটনাপ্রবাহে। তার অবসর নেওয়ার প্রেক্ষাপট, পরের নানা ঘটনা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, অবসর প্রত্যাহার, সামনের দিনগুলোয় তার ও দলের নানা বাস্তবতা, তার ফিটনেস বিতর্ক ও ভবিষ্যৎ ভাবনা, এমন অনেক কিছু নিয়েই খোলামেলা কথা বললেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
অবসরের ঘোষণা প্রত্যাহার করার পর এই কদিন কেমন কাটল? কী করলেন?
তামিম: এই কদিন খুব কঠিন সময় ছিল। খুবই কঠিন… এখনও আছে। আমার মনে হয় না, ওসব থেকে বের হতে পেরেছি এখনও। যা হয়েছে, সবকিছুই আমার জন্য কঠিন।
ক্রিকেট খেলা শুরু করেছিলাম খেলাটাকে ভালোবেসে। পরে বাবার স্বপ্নপূরণের জন্য। তবে খেলার প্রতি ভালোবাসাটাই ছিল আসল ব্যাপার। সেই খেলাকে ছেড়ে দেওয়া ভীষণ কঠিন ছিল।
সত্যি কথা বলতে, অবসরের ঘোষণা দেওয়ার পর অনুভূতিটা যেমন ছিল, আগে তা কল্পনাও করতে পারিনি। বিশেষ করে, আমার পরিবারের ও ঘনিষ্ঠদের প্রতিক্রিয়া এতটা গভীর হবে, ভাবতে পারিনি। পরে যখন দেখলাম, সবই ছিল ভীষণ আবেগময় ও কষ্টদায়ক। আমার নিজের জন্যও মেনে নেওয়া কঠিন ছিল।
তবে সবকিছুর পরও, নিজেকে আমি এটাই বলছিলাম যে, অবসর নেওয়ার কারণ আছে। অনেক কারণ আছে। সেজন্যই নিয়েছিলাম। (বিদায় ঘোষণার) সংবাদ সম্মেলনে কিন্তু কারও দিকে আঙুল তুলিনি। আমার কাছে মনে হয়েছে, ১৬-১৭-১৮ বছরে যা খেলেছি, যা কিছু অর্জন করতে পেরেছি বা পারিনি, কারও দিকে আঙুল তোলার চেয়ে এই ক্যারিয়ার বড়। আঙুল তোলা এখানে গুরুত্বপূর্ণ নয়।
আরেকটি ব্যাপার হলো, আমার সিদ্ধান্ত হুট করেই নেওয়া ছিল না। বেশ কিছু দিন ধরেই ভাবছিলাম। পরিবারের সঙ্গে কথা বলেছি অন্তত তিন-চার দিন আগে এবং আমার মনে হয়েছে, দ্যাটস ইট। শেষ।
এমন একটা কিছু নিয়ে স্ট্রাগল করছিলাম, যা আমি খোলাসা করতে চাই না। এটা ক্রিকেট বোর্ডের জানার ব্যাপার। কয়েকদিনের জন্য দুবাই যাব। এরপর লন্ডনে যাব চিকিৎসক দেখাতে। পরে দেশে ফিরে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে বসব, যিনি আমার সরাসরি বস। উনার সঙ্গে বসে খুব খোলামেলা ও পরিষ্কার আলোচনা করতে চাই যে, কেন অবসর নিয়েছিলাম, আমার মাথায় কী চলছিল… গত ৬-৮ মাস ধরে আমি কেমন অনুভব করছি এবং কেন শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম।
ক্রিকেট বোর্ডের সামনেই খোলামেলাভাবে বলতে চাই। কারণ, আমাদের এখানে বিস্ময়করভাবে কিছু অপেশাদার জিনিস চলে। পেশাদারিত্ব নিয়ে অনেক কথা হয় আমাদের দেশে, কিন্তু কিছুই গোপন থাকে না। একটা জায়গায় অন্তত সীমানা থাকা উচিত, যেটি ছাড়িয়ে কারও কথা বলা উচিত নয়। অতীতে এরকম হয়েছে যে, ব্যক্তিগত কিছু হয়তো বোর্ডের সঙ্গে শেয়ার করেছি, তা মিডিয়ায় চলে এসেছে। শুধু আমার ব্যাপারই নয়, অনেক কিছুই মিডিয়ায় চলে আসে। যা খুব ভালো কিছু নয়। সেটা শুধু আমাদের কথা নয়, বোর্ডের অনেক কিছুও। এতে দেখা যায়, ক্রিকেটাররা কিংবা বোর্ড অফিসিয়ালরা অস্বস্তিতে থাকে। মন খুলে কথা বললে টেনশনে থাকতে হয় যে, প্রকাশ হয়ে যেতে পারে।
এবারও আশা করব, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গে যা কথা বলব, তা ওখানেই থাকবে। জালাল ভাইয়ের (ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস) ওপর আমার অনেক বিশ্বাস ও ভরসা আছে। কারণ, আগেও নানা সময়ে তাকে যা কিছু বলেছি, তা বাইরে আসেনি বা আমার চোখে পড়েনি। তার ওপর সেই বিশ্বাস আছে, তাই খোলামেলা কথাই বলব। তারপর যেটাকে আমরা ভালো মনে করব, সেটাই হবে।
শুধু ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের সঙ্গেই কথা বলবেন?
তামিম: শুরুতে শুধু জালাল ভাইয়ের সঙ্গেই বলব। তারপর বোর্ডের কেউ সম্পৃক্ত হতে চাইলে বা জালাল ভাইয়ের যদি মনে মনে হয়, অন্য কাউকে সম্পৃক্ত করা দরকার, তখন তারা সেটা বুঝবেন।
আমি সবসময় একটা ব্যাপার মেনে চলার চেষ্টা করি এবং যেটিকে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনে করি, তা হলো ‘চেইন অব কমান্ড’। আমি জাতীয় দলের ক্রিকেটার, অধিনায়ক ছিলাম সেদিন পর্যন্ত, আমার সরাসরি বস হলেন কোচ ও জালাল ভাই। আমার যা কিছু বলার আছে, তাদের মাধ্যমেই যেতে হবে।
হ্যাঁ, আমাদের সঙ্গে বোর্ড সভাপতির ভালো যোগাযোগ আছে, আমার সঙ্গেও কথা হয়। তবে আমি কোনো সময়ই ‘চেইন অব কমান্ড’ ভাঙতে চাই না। আমার কথা হলো, ভালো-খারাপ যেটাই হোক, আমি আমার সরাসরি বসকে জানাব। কোচ আছেন, এরপর জালাল ভাই আমার আল্টিমেট বস। উনি এটা ওপরে নিয়ে যাবেন নাকি বোর্ডে উপস্থাপন করবেন, এটা উনার ব্যাপার।
আমি এটা মেনে চলার চেষ্টা করি। অবশ্যই বলব না যে, শতভাগ মেইনটেইন করতে পেরেছি বা পারি। তবে চেষ্টা সবসময়ই করি। এটা আমাদের এখানে একটু কম, এই চেইনটা কতজন অনুসরণ করেন, আমি নিশ্চিত নই।
কাদের কথা বলছেন এখানে, ক্রিকেটারদের, অধিনায়ক নাকি বোর্ডের কথা?
তামিম: ইন-জেনারেল বলছি, কারও দিকে সুনির্দিষ্ট করে আঙুল তুলছি না। তবে যারা করেন, তারা তো জানেনই। এজন্যই আমি প্রশ্নবোধক রেখেছি যে, ‘কতজন চেইন অনুসরণ করেন?’ আমি জানি না। আমি শুধু বলব, চেইন মানা হলে সবারই সেখানে সম্মান থাকে।
ধরুন, কোনো ব্যাপার, যেটি শুধু অধিনায়কের জানার কথা, ওটা যদি অধিনায়ক না জেনে অন্যরা জেনে যায়, তাহলে তা খুব ভালো কিছু নয়। বোর্ডের ক্ষেত্রেও সেটি সত্যি। ক্রিকেট পরিচালনা বিভাগের যেটা জানা দরকার, আমাদের যেটা দায়িত্ব, আমরা তা পালন করলে দারুণ। কিন্তু কখনও কখনও হয়তো কেউ কেউ ওই সীমা ভেঙে অনেক কিছু করতে চায়। এরকমই দেখি ও শুনি।
যাহোক, আমি উনার সঙ্গে (জালাল ইউনুস) দেখা করব ও কথা বলব। এরপর তিনি যা সিদ্ধান্ত নেবেন, তার ব্যাপার। বাট আই উইল নেভার ক্রস দা লাইন অ্যান্ড ডু সামথিং দ্যাট ইজ নট এথিক্যালি রাইট।
এই ব্যাপারগুলোতে আরেকটু পরে আসা যাবে। আপাতত পেছন ফিরে তাকালে, ওই দুটি দিনকে এখন কেমন মনে হয়?
তামিম: দেখুন, একটা ব্যাপার মনে রাখতে হবে, আমি অবসর নিয়েছিলাম কিছু কারণে। ফিরেও আসতে হয়েছে কোনো কিছুর কারণেই। প্রধানমন্ত্রীর অফিসে যখন আমাকে ডাকা হয়, ভেবেছিলাম যে সর্বোচ্চ মিনিট দশেক সময় পাব। কারণ উনি তো অনেক ব্যস্ত এবং দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ১০ মিনিট মানে অনেক সময়।
যখন ওখানে যাই, উনার সঙ্গে কথা বলি… আমরা তিন ঘণ্টা সময় ছিলাম সেখানে। তিন ঘণ্টার মধ্যে দেড় ঘণ্টার বেশি সময় উনার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলি আলাদা করে। আমার যত সমস্যা ছিল, কী কারণে এটা করেছি, উনার সঙ্গে সবকিছু শেয়ার করেছি। এখানে ক্রিকেট বোর্ডের ব্যাপার নয়, চেইন অব কমান্ডের ব্যাপার নেই। আমার নিজের কথা দেশের প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন, আমি খোলামেলা বলেছি।
সবকিছু বলার পর উনিও আমাকে অনেক কিছু বলেছেন। সেই আলোচনা আমাদের মধ্যে বা ওখানে যারা ছিলেন, তাদের মধ্যেই থাকা উচিত। উনি যা বলার, বলেছেন। উনার মতো একজন যখন কোনো নিদের্শ দেন, কেউ কি ‘না’ বলতে পারবেন? উনি যখন কিছু বলেছেন, নিশ্চয়ই কোনো চিন্তা থেকেই বলেছেন।
আমিও দু-একবার বোঝানোর চেষ্টা করেছি। কিন্তু উনি আমাকে যা বলেছেন, তা তো আসলে আল্টিমেট। এখানে ‘না’ বলা অসম্ভব।
তার মানে, আপনি প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে অবসর থেকে ফিরতে চান না?
তামিম: আমি উনাকে আমার সব কথা বলেছি এবং এটাও বলেছি যে, না ফিরলে আমার জন্য ভালো। উনি সবই খুব মনোযোগ দিয়ে ও ধৈর্য ধরে শুনেছেন। এরপর উনার মতো করে আমাকে ব্যাখ্যা করেছেন, বুঝিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন ফেরার।
আমার যারা ঘনিষ্ঠ বা আমার যারা কলিগ, আমাদের গোটা ক্রিকেট পরিবারে যারা আছেন, মিডিয়া, সমর্থকসহ সবাই, তাদের জানার কথা, আমি এমন কেউ নই যে সহজে সিদ্ধান্ত বদলে ফেলব। যদি কোনো সিদ্ধান্ত নেই, তাতে অটল থাকার চেষ্টা করি।
টি-টোয়েন্টি থেকে অবসরের পর কি আমাকে ফেরানোর চেষ্টা করা হয়নি? অনেকে বলেননি? অনেকবারই চেষ্টা করেছেন অনেকে। কিন্তু আমি সিদ্ধান্ত থেকে সরে আসিনি। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যখন বলেন… দিস ইজ সামথিং বিয়ন্ড মি…. বিয়ন্ড এভ্রিথিং এলস…।
প্রধানমন্ত্রী শুধু বলেননি, তিনি কারণটাও ব্যাখ্যা করেছেন। এরপর আর ‘নো’ বলার উপায় বা কারণ নেই। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট।
অবসরের ব্যাপারটায় আরেকটু ফেরা যাক। আপনার সিদ্ধান্তের পেছনে অবশ্যই কারণ আছে এবং আপনি বলছেন যে, তিন-চারদিন আগেই পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাহলে সিরিজের আগে কেন অবসর নয় বা পরে কেন নয়? কেন সিরিজের মাঝখানে?
তামিম: আগেই কিন্তু বলেছি, গত ৬-৭-৮ মাস ধরে একটা ব্যাপার নিয়ে আমি খুব স্বস্তিতে ছিলাম না। সেটা যে কারণই হোক। তবে আমি সহজে হাল ছাড়তে চাইনি। আমি চেষ্টা করে গেছি, আই কেপ্ট অন পুশিং... কেপ্ট অন পুশিং… কেপ্ট অন ট্রাইং… শেষ দেখতে চেয়েছি বা এখান থেকে বের হতে চেয়েছি। এই সিরিজও সেটিরই অংশ ধরতে পারেন। যখন দেখেছি যে আর পারছি না, তখনই ছেড়েছি।
ইটস নাথিং টু ডু উইথ ক্রিকেট… রান করা বা এই সম্পর্কিত কোনো ব্যাপার এটি নয়। হ্যাঁ, সবশেষ তিন সিরিজে খুব ভালো করিনি। তবে সেই পারফরম্যান্সের সঙ্গেও এটির সম্পর্ক নেই। আমি চেষ্টা করেছি লড়াই করে যেতে, পরিস্থিতি বদলাতে। কিন্তু একটা পর্যায়ে এমন জায়গায় পৌঁছে গেছি, আমার মনে হয়েছে, দ্যাটস এনাফ। কারণ, যেটিই হোক… আমার মনে হয়েছে, আর নিজেকে পুশ করতে পারছি না, লড়াই করতে পারছি না, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তখন চিন্তা করেছি যে, ‘ব্যস, আর নয়।’
প্রথম ম্যাচের পর কোন মুহূর্তটায় মনে হলো যে, আর পারছেন না?
তামিম: তিন-চারদিন আগে যখন পরিবারের সঙ্গে কথা বলেছি, তার মানে আমার মাথায় এটা ঘুরঘুর করছিল। পরিবারের সদস্যরা তো নরম্যালি এসবে রাজি হন না। ওরা আমাকে বোঝানোর চেষ্টা করে গেছে। আমি নিজেকে কনভিন্সড করার চেষ্টা করেছি। প্রথম ম্যাচও খেলেছি সেই চেষ্টাতেই।
আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি, আমার সামর্থ্য যতটুক ছিল, ম্যাচটি খেলেছি শতভাগ সততা দিয়েই। ওয়ান হান্ড্রেড পারসেন্ট ফুল অনেস্টি, ফুল ডেডিকেশন দিয়ে… মাঠে থাকার সময় একটা মুহূর্তেও অন্য কিছু মাথায় ছিল না। কতটুকু পেরেছি বা পারিনি, তা ভিন্ন ব্যাপার। তবে আমার সততা ও নিবেদন সর্বোচ্চ ছিল ওই দিন।
কিন্তু খেলা শেষ করে যখন হোটেল রুমে গেলাম, তখন ওই ব্যাপারটি আবার আমাকে তাড়া করল। তখনই মনে হলো, আর পারছি না। শেষ করা উচিত।
ম্যাচের মাঝে বা শেষে ড্রেসিং রুমে কিছু হয়েছিল, যা আপনাকে প্রভাবিত করেছে?
তামিম: নাহ, তেমন কিছু হয়নি। নরম্যালি যা কিছু হয়, সেরকমই। আমার এরকম কোনো সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে, সেরকম কিছু হয়নি।
দলের কেউ কিছু জানত না। এমনকি আমার ভাইও (সাবেক ক্রিকেটার ও বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল) কিছু জানত না। সে জানতে পেরেছে অনেক রাতে। তার জন্যও এটা খুব শকিং ছিল।
পরদিন যখন আপনি ঢাকা ফিরে আসছিলেন, তখন তো অবসরপ্রাপ্ত হিসেবেই ফিরছেন, নাকি জানতেন যে সিদ্ধান্ত ঘুরে যেতে পারে?
তামিম: প্রশ্নই আসে না। অবসর নেওয়ার সময়ই ঠিক করেছিলাম পরদিন ফিরব। বিমানবন্দরে গিয়ে দেখি ওখানে নান্নু ভাই ও তার স্ত্রী (প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন)। উনার সঙ্গে কথা হলো সেখানে। অবসর বা ক্রিকেট নিয়ে কোনো কথা হয়নি। উনি তো চট্টগ্রামের, ছোট্ট বেলা থেকে দেখেছি বাসায়। এমনিতে তো চাচা বলেই ডাকি। নানা কথা হলো। এই তো।
হোটেল ছাড়ার সময় সতীর্থদের কারও সঙ্গে দেখা হয়েছিল?
তামিম: নাহ, আমি সোজা চলে এসেছি। আগের দিন রাতে যখন ছড়িয়ে পড়েছিল যে পরদিন প্রেস কনফারেন্স ডেকেছি, তখন কয়েকজন রুমে এসেছিল। পরদিন ঘোষণা দেওয়ার পর অনেকে ম্যাসেজ-ট্যাসেজ পাঠিয়েছে। মুশফিক তো টানা ম্যাসেজ করেই গেছে। দুর্ভাগ্যজনকভাবে ওই সময়টায় আমি ওকে জবাব দিতে পারিনি। পরে ক্ষমা চেয়ে নিয়েছি।
পরদিন যখন মাশরাফি আপনাকে বললেন যে প্রধানমন্ত্রী ডেকেছেন, তখন কি বুঝতে পারছিলেন যে অবসরের সিদ্ধান্ত বদলাতে হবে?
তামিম: অবসর নেওয়ার পর থেকে মাশরাফি ভাই আমার কাছের এক বন্ধুর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। উনি আমাকে ম্যাসেজও পাঠিয়েছেন। তবে কল করেননি, কারণ তিনিও একটা সময় এসবের মধ্য দিয়ে গেছেন। তিনি জানেন, এই সময়টায় কথা বলার কিছু থাকে না।
পরদিন আমি বাসায় ঢোকার পরপর খেয়াল করলাম উনি ফোন করেছিলেন। আমি কল ব্যাক করলাম। উনি বললেন, ‘তুই কই? প্রধানমন্ত্রী তোকে খুঁজতেছে, তোর খবর নাই, এটা কেমন কথা?’ বললাম যে, ‘আমি তো জানি না…।’ তার পর তো গেলাম। অনেক কিছুই ভেবেছি। অতকিছু এখন আর বলতে চাই না।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথন কি আপনার নিজের সম্পর্কেই ছিল নাকি আরও কিছু?
তামিম: সবকিছু নিয়েই হয়েছে… সবকিছু। তিন ঘণ্টা কথা বললে… এর মধ্যে লম্বা সময় আলাদা করে কথা বললে তো অনেক প্রসঙ্গই সেখানে আসে। নিজের সমস্যার কথা আর কতক্ষণ বলা যায়? এর মধ্যে ক্রিকেটের আরও অনেক কিছু এবং ক্রিকেটের বাইরেও কিছু আলোচনা হয়েছে।
তিনি অনেক ব্যাপারে আশ্বাস দিয়েছেন। অনেক কিছু নিজে থেকে বলেছেন। চারপাশে কী হচ্ছে, অনেক কিছুই জানেন তিনি। এর বেশি কিছু আসলে আমার বলা ঠিক হবে না।
প্রথম ম্যাচের আগে ফিটনেস নিয়ে সংবাদ সম্মেলনে আপনার কথার সূত্রে বিসিবি সভাপতি যে মন্তব্য করেছেন সংবাদ মাধ্যমে, অনেকের ধারণা, আপনি ওই কারণেই অবসর নিয়েছিলেন! নাকি অন্য কারও বা অন্য কিছুর ভূমিকা আছে?
তামিম: প্রথমত, আমি তো বিশ্বাস করতে চাই যে কারও ভূমিকা ছিল না বা নেই। আর ওই মন্তব্য যে ভালো লাগার মতো নয়, সেটাও আগে বলেছি। পাশাপাশি এটাও বলেছি, ওই মন্তব্যের কারণেই অবসর নয়।
দ্বিতীয়ত, দুনিয়ার কোনো মানুষ পারফেক্ট নয়। আমিও নই। আমার ভালো দিক যেমন আছে, খারাপও আছে। শক্তির জায়গা আছে, দুর্বলতা আছে। তবে কারও যদি উদ্দেশ্য ভালো থাকে, তাহলে আমাকে নিয়ে অন্য কাউকে কিছু বলার আগে আমাকেই বলা উচিত। আমার সঙ্গে কথা বলে সময় দেওয়া উচিত ছিল।
আমার ফিটনেসে সমস্যা থাকলে বা ওয়ার্ক এথিকসে ঝামেলা থাকলে, আমাকে জানানো হবে। সময় দেওয়া হবে। তার পরও যদি কিছু না করি, তখন কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বা শাস্তি দিতে চাইলে দিন। কিন্তু কথা না বলে, সময় না দিয়ে নানা কিছু বললে তো অ্যাপ্রিশিয়েট করা যায় না।
‘শতভাগ ফিট নই, তবে কালকে খেলব’, সংবাদ সম্মেলনে আপনার এই কথা থেকেই বোর্ড সভাপতির অমন মন্তব্য। আপনি সংবাদ সম্মেলনে আসার আগে কি কোচ বা সংশ্লিষ্টদের সঙ্গে এটা নিয়ে কথা হয়েছে?
তামিম: সবটুকু তো বলা সম্ভব নয়। তবে এতটুকু বলতে পারি, এই লেভেলের ক্রিকেটে কি কেউ জোর করে খেলতে পারে? সে অধিনায়ক হোক বা যে-ই হোক, কেউ কি সেটা পারবে? ধরুন, কোচ বলছে, ‘তুমি খেলতে পারবে না’, টিম ম্যানেজমেন্ট বলছে, ‘খেলতে পারবে না’, মেডিকেল টিম বলছে, ‘তুমি ফিট নও’, তার পরও কেউ বলল, ‘আমি খেলবই’, এটা কি কখনও সম্ভব? এটা কি বাস্তব মনে হয়?
সেদিন যা সিদ্ধান্ত হয়েছিল, ওই কক্ষে যারাই ছিলেন, তারা সবাই একমত না হলে আমি খেলতে পারতাম না। সেটা সম্ভব নয়। সবাই একমত হওয়ার পর তাদের মধ্য থেকে কেউ যদি ভিন্ন কোনো মন্তব্য করেন… আমি জানি না, কেউ করেছেন কি না এমন… কিন্তু কেউ যদি করেন, তাহলে তা ঠিক নয়।
শতভাগ ফিট থাকা আর ফিটনেস টেস্টে পাস করা কি এক ব্যাপার? দুনিয়ার কয়টা ক্রিকেটার সবসময় শতভাগ ফিট থেকে খেলে? টুকটাক নিগলস বা চোট, ব্যথা কম-বেশি থাকেই। ৮০-৯০ ভাগ ফিট থাকা, অনেক সময় ৮০ ভাগ ফিট থাকাই যথেষ্ট।
আমি যখন সংবাদ সম্মেলনে এসে বলেছি যে, ‘আমি শতভাগ ফিট নই, কিন্তু খেলব’, এটির মানে আমি ম্যাচ খেলার মতো নির্দিষ্ট পরিমাণ ফিট আছি এবং সেটা দল থেকেই ঠিক করা হয়েছে। ফিটনেস টেস্ট যারা নিয়েছেন, মেডিকেল টিমের যারা ছিলেন, সবাই দেখেছেন, সবার সঙ্গে কথা হয়েছে। এমন যদি হতো যে দুই জনের দ্বিমত আছে বা একজনেরও আছে, তবুও একটা কথা ছিল। কিন্তু সবাই একসঙ্গে মিলেই আমার খেলার সিদ্ধান্ত হয়েছে যে, ‘উই আর গুড টু গো।’ এখানে আমি নই, আমরা। এরপর তো আর কোনো প্রশ্ন থাকার কথা নয়।
তবে আবারও বলছি, বোর্ড সভাপতির মন্তব্যের কারণে আমি অবসর নেইনি। হ্যাঁ, হিজ কমেন্ট ওয়াজ নট নাইস। কিন্তু এটিই কারণ নয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পর বোর্ড সভাপতির সঙ্গেও তো দেখা হয়েছে। কেমন কথা হয়েছে বা উনি কি বলেছেন? আগের দিন রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন যে, অনেক চেষ্টা করেও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না…
তামিম: নরম্যাল কথাই হয়েছে। আমার কাছে মনে হয় যে, পাপন ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটেই থাকা উচিত। আমার কাছে অন্তত এটাই। উনি বাংলাদেশ ক্রিকেটের প্রধান। একজন সভাপতি ও ক্রিকেটারের সম্পর্ক যেমন হওয়া উচিত, তেমনই। তো এরকম কথাই হয়েছে।
অবসরের সিদ্ধান্ত থেকে যখন ফিরলেন, অনেক সমালোচনা-ট্রল সহ্য করতে হবে, এসব কি মাথায় ছিল বা মনে হয়েছে?
তামিম: দেখুন, মাত্র ২৮-২৯ ঘণ্টার মধ্যে এত কিছু হয়েছে… এত ভাবার সময় কোথায়! এমনিতেই ইমোশনের একটা ঝড়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন ফিরতে, এরপর কে কী বলবে বা করবে, সমালোচনা… এসব ভাবারও কিছু নেই।
আবারও বলছি, আমি অবসর নিয়েছি একদমই পারছিলাম না বলে। সেটা প্রত্যাহার করেছি ‘না’ করার সুযোগ ছিল না বলে। আমরা বলছি দেশের প্রধানমন্ত্রীর কথা!
এখন তো আপনার ওপর চাপ আরও অনেক বেশি থাকবে, ঝুঁকি অনেক বেশি…
তামিম: এসব তো সবসময়ই থাকে। এখন হয়তো বেশি থাকবে, এই তো। এখন আসলে ওসব ভেবেও লাভ নেই। ভাবতেও চাই না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যে কারণগুলির জন্য অবসর নিয়েছিলাম, সেগুলো নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলব। সেসব যদি আগের মতোই থাকে, তাহলে তো সেই শূন্যতেই থেকে যাব।
সেগুলো সমাধান করা কতটা সম্ভব বা কঠিন?
তামিম: পৃথিবীতে এমন কিছু কি আছে, যা সমাধান করা যায় না? হ্যাঁ, সময় কম-বেশি লাগতে পারে। এটাও ঠিক, আমাদের সামনে সময় বেশি নেই। তবে আমার কাছে মনে হয়, যে সংস্থা ২২-২৩ বছর ধরে আমার খেয়াল রাখছে, সেই বয়সভিত্তিক ক্রিকেট থেকে… এই লম্বা সময়ে তাদের অনেক কিছু ভালো লেগেছে, অনেক কিছু খারাপও লেগেছে, তবে বিভিন্ন সময়ে বোর্ডের দায়িত্বে যারা ছিলেন, সবার অবদান আছে আমার ক্যারিয়ারে। কাজেই আমার মনে হয়, আসলে কী চলছে, সেসব জানা থাকা উচিত বোর্ডের।
‘কী চলছে’ মানে কি দলের ভেতর নাকি বাংলাদেশ ক্রিকেটে?
তামিম: না না, দলের বা বাংলাদেশ ক্রিকেটের নয়। এটা পুরোপুরিই আমার ব্যাপার। দিস ইজ টু ডু উইথ মি। একদমই আমার সঙ্গে যা হচ্ছে। আমি যখন এই কথাগুলি পুরোপুরি খোলামেলাভাবে বলব, তার পর যা সিদ্ধান্ত হবে, তা মেনে নেব।
আপনার কথা শুনে অনেকেই অনেক কিছু অনুমান করে নিতে পারেন। যদিও খুব স্পর্শকাতর ব্যাপার এবং এসব নিয়ে আসলে প্রশ্ন করাও উচিত নয় অনেক ক্ষেত্রে … এবং বাংলাদেশে এসব নিয়ে ‘ট্যাবু’ আছে, অনেক দেশে এসব সরাসরিই বলা হয়, আমাদের দেশে হয় না… তার পরও স্রেফ প্রসঙ্গটি তুলতেই হচ্ছে… কারণ, এই ইন্টারভিউ পড়লে অনেকের মনে হতে পারে… আপনার সমস্যাটা কি ‘ডিপ্রেশন’ বা ‘মানসিক অবসাদ’ ধরনের কিছু?
তামিম: দিস ইজ সামথিং, আই উইল নট লাইক টু ডিসক্লোজ। দিস ইজ সামথিং ভেরি পারসোনাল। সমস্যাটা আসলে অল্প কয়েকজন লোকেরই জানা উচিত। প্রকাশ্যে আসার মতো কিছু নয়। তবে আবারও বলছি, নিশ্চয়ই বড় কোনো কারণ আছে!
ভালো খেলা, খারাপ খেলা তো এই ১৬-১৭ বছরে অনেকবারই হয়েছে। এই সমস্যা পারফরম্যান্স সংক্রান্ত কিছু নয়।
আমি এখন বোর্ডের সঙ্গে আলোচনার অপেক্ষায় আছি। খোলামেলাভাবে সবকিছুই বলব এবং আশা করি, সমাধান হবে।
ওই সমাধানের ওপরই কি অধিনায়কত্বে আপনার ফেরা বা না ফেরা নির্ভর করবে?
তামিম: আমার মাথায় নিশ্চয়ই কিছু না কিছু আছে। আবারও বললাম, এসব নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এসব বোর্ডেরই জানা উচিত। তাদের সঙ্গে ওই মিটিংয়ের ওপর অনেক কিছু নির্ভর করবে।
ড্রেসিং রুমে যখন ফিরবেন, কোচ বা ক্রিকেটারদের সামনে যাবেন আবার, কোনো অস্বস্তি হতে পারে বলে মনে হয়?
তামিম: আমার মনে হয় না তেমন কিছু হবে। কারণ, যে পরিস্থিতির ভেতর দিয়ে গেছি, এটা তো সবাই দেখেছে। অবসরের কারণ হয়তো তারা জানে না, কিন্তু ফেরার কারণ জানে। আমি নিশ্চিত, তারা এটা অনুধাবন করবেন এবং এটা কোনো ইস্যু হবে না।
আমাকে যে অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে, যা কিছু হয়েছে, সেসবের কোনো প্রভাব আমি ওদের ওপর পড়তে দেইনি বা কখনও প্রকাশ করিনি ওদের সামনে। সবসময় নিজের মধ্যেই রেখেছি। এজন্যই আমার অবসরের খবরে সবাই শকড হয়েছে।
ওরা তাই এসব বুঝতে পারবে বলেই আমার বিশ্বাস। দলকে নিয়ে আমি আসলে খু্ব একটা চিন্তিত নই। আমি আগের মতোই থাকব।
অবসর নেওয়া থেকে এখনও পর্যন্ত, কোচের সঙ্গে কি কোনো কথা হয়েছে?
তামিম: নাহ, উনি কোনো যোগাযোগ করেননি। অবশ্য আমিও করিনি। কাজেই, এটা দুই দিকেরই ব্যাপার। কোচিং স্টাফের অন্য তিন জন আমাকে ম্যাসেজ পাঠিয়েছিলেন।
এখন কি আপনার কাছে নতুন শুরু বলে মনে হচ্ছে?
তামিম: নাহ, ওরকম কিছু নয়। তবে ওই জিনিসটা থেকে যে আমি এখনই বের হয়ে গেছি, তা কিন্তু নয়। এত বড় একটা ইস্যু, এটা থেকে বের হতে হয়তো অনেক সময় লাগবে।
এখানে ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমি কীভাবে তাদেরকে ব্যাখ্যা করতে পারছি, তারা কীভাবে নিচ্ছেন, এটার ওপরই অনেক কিছু নির্ভর করবে।
ওই মিটিংয়ের আগ পর্যন্ত আপনার পরিকল্পনা কি?
তামিম: পরিবারের সঙ্গে দুবাইয়ে তিন-চারদিন সময় কাটাব। এরপর ওখান থেকে লন্ডন চলে যাব। সেখানে দুজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। ডাক্তাররা কী বলেন বা স্ক্যানের পর কী বোঝা যায়, সেটির ওপর বাকি কার্যক্রম ঠিক করা হবে। যদি সব ঠিক থাকে, ফেরার পর কয়েক দিন অফ থেকে বোর্ডের সঙ্গে ওই মিটিংয়ের পর আশা করি বাকিটুকু চূড়ান্ত হবে।
আপনার ফিটনেসের সমস্যাটাও তো দৃশ্যমান। পিঠের সমস্যা বেশ ভোগাচ্ছে আপনাকে। এটা থেকে মুক্তি মেলার সম্ভাবনা কতটা?
তামিম: কাজ তো করতেই হবে। দেখুন, আমার পিঠের এই সমস্যা প্রথম শুরু হলো ভারতের বিপক্ষে সিরিজের আগে। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করার পর যখন ড্রেসিং রুমে ফিরে যাই, তখন প্রথম পিঠ নিয়ে সমস্যাটা অনুভব করি এবং তা জানিয়ে দেই। আমার সমস্যাটাই ছিল যে, পিঠের নিচের অংশ থেকে ব্যাথাটা অন্য দিকে ছড়িয়ে পড়ছিল। কখনও কুঁচকিতে আসছিল, কখনও পায়ের আঙুলে যাচ্ছিল। ভারতের বিপক্ষে সিরিজটি এজন্যই মিস করি।
এরপর চিকিৎসা নিয়ে, ইনজেকশন নিয়ে বিপিএল খেললাম। বিপিএলে ১০ নম্বর ম্যাচের পর আমার কাছে মনে হচ্ছিল, ব্যথাটা একটু একটু ফেরত আসছে। তখন ঝুঁকি নিতে চাইনি বলে আর শেষ তিন ম্যাচ খেলিনি। কারণ সামনেই ইংল্যান্ড সিরিজ ও টানা খেলা। বিশ্রাম নেওয়ার পর ইংল্যান্ড সিরিজ, আয়ারল্যান্ডের সঙ্গে পরপর দুটি সিরিজ খেলেছি। তখন সমস্যা হয়নি।
তবে এরপর ইনজুরি আবার ফিরে এসেছে। সেই ব্যথাটা আবার কীভাবে এলো? জিম সেশনে একটি এক্সারসাইজ করতে গিয়ে তা আবার ফিরে এসেছে। তাহলে কি প্রশ্ন তোলা উচিত নয়, ওই এক্সারসাইজ আমার জন্য সঠিক ছিল নাকি ভুল? যে এক্সারসাইজ আমার করার কথা নয়, সেটি কেন করছিলাম? এই কারণও বের করা উচিত।
ধরে নেওয়া যাক, আপনি চেষ্টা করলেন, কিন্তু তার পরও আপনি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারলেন না, তখন দলকে তো ভুগতে হবেই, আপনার বিদায়টাও তখন হয়তে খুব সুখকর হবে না। এই শঙ্কা কাজ করে?
তামিম: নাহ, এখন আসলে আর পেছন ফিরে তাকানোর কিছু নেই। আমার বিদায়ের যা ছিল, মনের মধ্যে হয়ে গেছে আমার। এরপর যখনই ক্রিকেট ছাড়ি, সংবাদ সম্মেলন করে হবে না। এটা আমি এখনই বলতে পারি। সংবাদ সম্মেলন করে আর হবে না।
যে জিনিসটা আমি সেদিন করেছি, এর চেয়ে ‘অনেস্ট’ কিছু আর হতে পারে না। মানুষের চোখের পানি কখনও নাটক হতে পারে না। সেদিন যা হয়েছে, তা ছিল ভীষণ ভীষণ ইমোশনাল। আমার তরফ থেকে ‘ইটস ডান।’ এখন ব্যাপারটি হলো, এক ম্যাচ খেলি বা ১০ ম্যাচ বা ২০ ম্যাচ, নিজের সবটুকু দিয়ে খেলব এবং সময় হলে, যতটা সিম্পল করে সম্ভব, জানিয়ে দেব।
