Published : 19 Sep 2025, 11:25 AM
চোটের কারণে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন জশ ইংলিস। তার বদলে অস্ট্রেলিয়ার নির্বাচকরা বেছে নিয়েছেন অ্যালেক্স কেয়ারিকে।
এই নিয়ে কিউইদের বিপক্ষে সিরিজ থেকে প্রথম পছন্দের চার ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। চোটের কারণে খেলতে পারছেন না প্যাট কামিন্স, সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন ন্যাথান এলিস এবং অ্যাশেজের আগে বোলিং ঝালিয়ে নেওয়ার জন্য শেফিল্ড শিল্ডে খেলবেন ক্যামেরন গ্রিন।
ইংলিশ খেলতে পারছেন না পায়ের পেশিতে টান লাগায়। গত ২৪ অগাস্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পর আর কোনো ম্যাচ খেলেননি ৩০ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান। তবে মঙ্গলবার পার্থে রানিং সেশনের সময় টান লাগে তার পেশিতে। বুধবার স্ক্যান করিয়ে নিশ্চিত হওয়া গেছে চোটের তীব্রতা।
গত ৯ মাসের মধ্যে ইংলিসের এটি দ্বিতীয় পেশির চোট। ডিসেম্বরে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টে বদলি হিসেবে ফিল্ডিংয়ের সময় পেশিতে টান লাগায় বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। তখন খেলতে পারেননি বিগ ব্যাশে।
ইংলিশকে হারানো অস্ট্রেলিয়ার জন্য বড় এক ধাক্কা। এই সংস্করণে দলের সেরা পারফরমারদের একজন তিনি। ৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন আগ্রাসী এই ব্যাটসম্যান, স্ট্রাইক রেট ১৬৪.৪১।
তার জায়গায় দলে ফেরা কেয়ারির সামনে সুযোগ টি-টোয়েন্টি ক্যারিয়ারকে নতুন গতি দেওয়ার। অস্ট্রেলিয়ার প্রথম পছন্দের টেস্ট কিপার একসময় টি-টোয়েন্টি দলেও ছিলেন নিয়মিত। কিন্তু এই সংস্করণে একদমই কথা বলেনি তার ব্যাট। ৩৯ ম্যাচ খেলে তার গড় স্রেফ ১১.৭৭, স্ট্রাইক রেট ১১১.১৫। সর্বোচ্চ ইনিংসটি ৩৭ রানের।
গত মাসে ইংলিসের অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি তিনি খেলতে পেরেছেন। সেটি ছিল চার বছর পর তার প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ইংলিসের চোটই আবার নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল ৩৪ বছর বয়সী কিপারের সামনে।
আগামী ১, ৩ ও ৪ অক্টোবর মাউন্ট মঙ্গানুইয়ে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। চোটের কারণে নিউ জিল্যান্ডও এই সিরিজে খেলবে ভাঙাচোরা দল নিয়ে। অধিনায়ক মিচেল স্যান্টনারসহ প্রথম পছন্দের ছয় ক্রিকেটারকে পাচ্ছে না তারা।