এবার লড়াই জমাতেই পারল না বাংলাদেশ
তৃতীয় উইমেন’স টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সমতায় সিরিজ শেষ করল দক্ষিণ আফ্রিকা।
সিরিজ জয়ের হাতছানিতে নেমে ব্যাটিং ভালো হলো না একদমই। লতা মণ্ডল ছাড়া আর কেউ সেভাবে দাঁড়াতেই পারলেন না। ছোট পুঁজি নিয়ে বোলাররাও পারলেন না কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে। দুই বিভাগের বিবর্ণ পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরে গেল বড় ব্যবধানে।
তৃতীয় উইমেন’স টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল দক্ষিণ আফ্রিকা।
বেনোনিতে প্রথম ম্যাচে ১৪৯ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারায় বাংলাদেশ। সেটি ছিল এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় এবং দেশটির মাটিতে প্রথম জয়। দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে।
কিম্বার্লিতে শুক্রবার শেষ ম্যাচে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে কেবল ৯৪ রান। স্বাগতিকরা তা পেরিয়ে যায় ২৮ বল হাতে রেখে।
ব্যাটিংয়ে লতার ৬২ বলে ৪২ রান ছাড়া উল্লেখ করার মতো কিছু করতে পারেননি বাংলাদেশের আর কেউ।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ রানের মধ্যেই প্রথম তিন ব্যাটার মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি ও শামিমা সুলতানাকে হারায় বাংলাদেশ। তিন জনের কেউ দুই অঙ্কে যেতে পারেননি।
অধিনায়ক নিগার সুলতানাও পারেননি তেমন কিছু করে দেখাতে। ১১ রান করতে তিনি খেলেন ২০ বল। প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়ে জয়ের নায়ক স্বর্ণা আক্তার ১৬ বলে ২৩ রান করে রান আউটে কাটা পড়েন। চারে নামা লতা আউট হন ইনিংসের শেষ বলে।
নিয়ন্ত্রিত বোলিংয়ে ২টি করে উইকেট নেন দক্ষিণ আফ্রিকার মাসাবাত ক্লাস ও আয়ান্ডা।
লক্ষ্য তাড়ায় ৪ ওভারেই ৩৪ রান তুলে ফেলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার লরা উলভার্ট ও তাজমিন ব্রিটস। ১৭ রান করা ব্রিটসকে ফিরিয়ে ৩৫ রানের শুরুর জুটি ভাঙেন মারুফা আক্তার।
আনেকা বোশকে টিকতে দেননি শরিফা খাতুন। এরপর সুনে লিসের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটিতে দলের জয় নিয়ে ফেরেন উলভার্ট। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক উলভার্ট ৪৯ বলে ৫ চারে করেন ৪৯ রান।
এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। যার প্রথমটি হবে আগামী ১৬ ডিসেম্বর, ইস্ট লন্ডনে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ৯৪/৬ (মুর্শিদা ২, শামিমা ৮, সোবহানা ১৬, লতা ৪২, নিগার ১১, স্বর্ণা ২৩, শরিফা ১*; ক্লাস ৪-০-২৩-২, আয়ান্ডা ৪-০-১৫-২, এমলাবা ৪-০-১৮-০, টাকার ৪-০-১৮-১, মার্কস ৪-০-২০-০)
দক্ষিণ আফ্রিকা: ১৫.২ ওভারে ৯৫/২ (উলভার্ট ৪৯*, ব্রিটস ১৭, আনেকা ৯, লিস ১৫*; নাহিদা ৩-০-২২-০, মারুফা ২.২-০-১৪-১, রাবেয়া ৪-১-১৫-০, ফাহিমা ২-০-১২-০, শরিফা ২-০-১০-১, স্বর্ণা ২-০-২২-০)
ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতায় শেষ
প্লেয়ার অব দা ম্যাচ: আয়ান্ডা
প্লেয়ার অব দা সিরিজ: স্বর্ণা আক্তার
