বিপিএলের মাঝে ওমরাহ করতে গেলেন সাকিব
ফরচুন বরিশালের পরবর্তী ম্যাচের আগেই ফিরে আসবেন অধিনায়ক সাকিব আল হাসান।
বিপিএলে ব্যাটে-বলে দারুণ ছন্দে আছেন সাকিব আল হাসান। একের পর এক জয়ে উড়ছে তার দল ফরচুন বরিশাল। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে তাদের সেরা চারের টিকেট। টুর্নামেন্ট চলার মাঝেই ওমরাহ করতে গেলেন বরিশাল অধিনায়ক।
খুলনা টাইগার্সের বিপক্ষে শুক্রবার বরিশালের দশম ম্যাচটি খেলে রাতে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়ে যান সাকিব। তিন দিনের সংক্ষিপ্ত সফর শেষে সোমবার সকালে ফিরে আসবেন তিনি।
বরিশাল ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে এই খবর।
“গতকাল (শুক্রবার) রাত ১২টায় ওমরাহ পালন করতে সৌদি আরব গেছেন সাকিব। ফিরবেন আগামী ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকায়। তিনি ৭ ফেব্রুয়ারির ম্যাচটি খেলবেন।”
আগামী মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে বরিশাল। দুই দলই সেরা চারে জায়গা করে নিয়েছে। তবে সেরা দুইয়ে থেকে বাড়তি সুযোগ পাওয়ার জন্য ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
এখন পর্যন্ত বিপিএলে ১০ ম্যাচের ৭টি জিতেছে সাকিবের দল। তিন ফিফটির সৌজন্যে ৪৯.৫৭ গড়ে ৩৪৭ রান করেছেন তিনি। বল হাতে তার শিকার ৭ উইকেট।
সবশেষ খুলনার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ২১ বলে ৩৬ রান ও হিসেবী বোলিংয়ে ২৫ রানে ১ উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন তারকা অলরাউন্ডার।
