ইশান কিষান ২১০, বাংলাদেশ ১৮২
ইশান কিষানের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি আর ভারতের রান পাহাড়ে পিষ্ট বাংলাদেশের হোয়াইটওয়াশের আশা।
ভারতকে প্রথমবার হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ইতিহাসের ডাক শুনতে পেলেন যেন ইশান কিষান। সেই ডাকে এমনভাবে সাড়া দিলেন ভারতীয় ব্যাটসম্যান, তোলপাড় ফেলে দিলেন রেকর্ড বইয়ে, পা রাখলেন নতুন সীমানায়। তরুণ এই ভারতীয় ব্যাটসম্যানের সঙ্গে রান উৎসবে মেতে উঠল তার দলও। সেই রানের জোয়ারে ভেসে গেল বাংলাদেশের জয়ের আশা। বরং রেকর্ড ব্যবধানের হার এড়ানো গেল কোনোরকমে। হোয়াইটওয়াশ দেখার স্বপ্ন নিয়ে মাঠে ভীড় করা চট্টলার দর্শকরা ফিরে গেলেন হতাশাকে সঙ্গী করে।
আগের দুই ম্যাচে মাঠের বাইরে থেকে দলের হার দেখা কিষান সিরিজে প্রথমবার মাঠে নেমে রেকর্ড বইয়ে নাম লেখালেন বেশ কিছু ‘প্রথম’ কীর্তি গড়ে। শেষ ওয়ানডেতে ভারতের কাছে বাংলাদেশ হেরে গেল ২২৭ রানে।
চট্টগ্রামে শনিবার কিষানের বিধ্বংসী ডাবল সেঞ্চুরির সঙ্গে বিরাট কোহলির সেঞ্চুরিতে ভারত ৫০ ওভারে তোলে ৪০৯ রান। এই প্রথম বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ৪০০ ছুঁতে পারল কোনো দল।
সেই রানের চ্যালেঞ্জে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ১৬ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় তারা ১৮২ রানে। ব্যাটিং স্বর্গ উইকেটেও ফিফটি করতে পারেননি দলের একজনও।
ওয়ানডেতে এর চেয়ে বড় হার আছে বাংলাদেশের কেবল একটি। ২০০০ সালে পাকিস্তানের কাছে হার ছিল ২৩৩ রানে।
ইশান কিষানের বিস্ফোরক ইনিংস আর বিরাট কোহলির সঙ্গে তার জুটিই মূলত ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশকে। ক্যারিয়ারে মাত্র নবম ওয়ানডে খেলতে নেমে কিষান তার প্রথম ওয়ানডে সেঞ্চুরিকে বয়ে নিয়ে যান ডাবল সেঞ্চুরির সীমানায়। ২৪ বছর বয়সী ব্যাটসম্যান ২৪ চার ও ১০ ছক্কায় উপহার দেন ১৩১ বলে ২১০ রানের ইনিংস।
১২৬ বলে ডাবল সেঞ্চুরি করে তিনি পেছনে ফেলেন ক্রিস গেইলের ১৩৮ বলের রেকর্ড। ওয়ানডে ইতিহাসের সবচেয়ে কম বয়সে ডাবল সেঞ্চুরির কীর্তিও এখন তার (২৪ বছর ১৪৫ দিন)।
তার ব্যাটের উত্তাল ঢেউয়ের পাশে বয়ে যায় বিরাট কোহলির চেনা স্রোতও। ৭২তম আন্তর্জাতিক সেঞ্চুরিতে ভারতীয় ব্যাটিং গ্রেট খেলেন ৯১ বলে ১১৩ রানের ইনিংস।
দুজনের ২৯০ রানের জুটি বাংলাদেশের বিপক্ষে যে কোনো উইকেটেই সেরা জুটি।
দুজনের যুগলবন্দির আগে শুরুটা ভালোই করে বাংলাদেশ। আরও একবার তারা দ্রুত ফিরিয়ে দেয় শিখর ধাওয়ানকে।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেটে ছিল ঘাসের ছোঁয়া। পরে ব্যাট করা দলের রেকর্ডও এই মাঠে দারুণ। টস জিতে বোলিংয়ে নামে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান ও চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ শুরুতে উইকেট এনে দিতে পারেননি। পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম বলেই ধাওয়ানকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
কিন্তু রোহিত শর্মার চোটে একাদশে জায়গা পাওয়া কিষান যেন মরিয়া ছিলেন সুযোগ কাজে লাগাতে। দুর্দান্ত সব স্ট্রোকের ছটায় তিনি ম্লান করে দেন বাংলাদেশের বোলারদের।
কোহলিকে অবশ্য ১ রানে ফেরানোর সুবর্ণ সুযোগ মিলেছিল। কিন্তু মিরাজের বলে শর্ট মিড উইকেটে যে ক্যাচটি ছাড়লেন লিটন দাস, ইচ্ছে করেও তা ছাড়া কঠিন! সেটির বড় খেসারত দিতে হয় দলকে।
কিষান ও কোহলির জুটি ছুটতে থাকে। ৪৯ বলে ফিফটি করা কিষান পরের ফিফটি করেন ৩৬ বলে। আন্তর্জাতিক ক্রিকেটে যেটি তার প্রথম সেঞ্চুরি।
উচ্ছ্বাসে ভেসে সেখানেই ক্ষান্তি না দিয়ে কিষান হয়ে ওঠেন আরও বিধ্বংসী, আরও দুরন্ত এবং আরও অপ্রতিরোধ্য। বাংলাদেশের কোনো বোলারকেই পাত্তা দেননি তিনি। শট খেলতে থাকেন উইকেটের চারপাশে। তাকে বিদায় করা তো বহুদূর, রান আটকানোর পথ খুঁজে হয়রান হয়ে পড়েন তাসকিন-মুস্তাফিজ-সাকিব-মিরাজরা।
একশ থেকে দেড়শতে যেতে কেবল ১৮ বল লাগে তার। বাংলাদেশের বোলারদের নাকের পানি, চোখের পানি এক করে ডাবল সেঞ্চুরি করে ফেলেন ১২৬ বলে। অসাধারণ অর্জনে মেতে ওঠেন তিনি বাঁধনহারা উদযাপনে। তার মাইলফলকে উইকেটে ‘ভাংড়া’ নাচ দেখিয়ে দেন বিরাট কোহলিও।
ডাবল সেঞ্চুরির পর আর বেশিদূর যেতে পারেননি তিনি। ব্যক্তিগত একাদশ ছক্কার চেষ্টায় তাসকিনকে উড়িয়ে তিনি সীমানায় ধরা পড়েন লিটনের হাতে। ড্রেসিং রুসে ফেরেন তিনি অনেক অনেক রেকর্ডকে সঙ্গী করে।
কিষানের মতোই ঠিক ৮৫ বলে সেঞ্চুরি করেন কোহলি। তার ইনিংসও থামে ছক্কার চেষ্টায়।
শেষদিকে দ্রুত রানের চেষ্টায় কয়েকটি উইকেট হারিয়ে কমে আসে ভারতের রানের গতি। ওয়াশিংটন সুন্দরের ২৭ বলে ৩৭ রানের ইনিংসের পরও শেষ ১০ ওভারে ভারত তুলতে পারে কেবল ৭০ রান।
তাতেও ভারতের রান পেরিয়ে যায় চারশ, আগেই তো সেই ভিত গড়ে দিয়ে গেছেন কিষান-কোহলিরা!
বোলিং ব্যর্থতার পর বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে সুযোগ ছিল রান তাড়ার চ্যালেঞ্জ নেওয়ার। আধুনিক ক্রিকেটে চারশ রান তাড়া করাটা তো এখন আর খুব বিরল কিছু নয়। তবে সেই স্কিল, মানসিকতা, তাড়না কিংবা পরিকল্পনা, কিছুই দেখাতে পারেনি বাংলাদেশ।
আগের দুই ম্যাচের ব্যর্থতার ধারাবাহিকতায় এনামুল হক ৮ রানে ফেরেন আলগা শট খেলে। দৃষ্টিনন্দন কয়েকটি শটের পর অধিনায়ক লিটন লফটেড শটে আউট হন ২৬ বলে ২৯ রান করে। ব্যর্থতায় ভরা সিরিজের শেষ ম্যাচে অভিজ্ঞ মুশফিকুর রহিম ৭ রানে রাউন্ড দা লেগ বোল্ড হন আকসার প্যাটেলের বাঁহাতি স্পিনে।
রান তাড়ায় ভালো কিছুর আশা শেষ ওখানেই। এরপর দেখার ছিল, দারুণ এই ব্যাটিং উইকেটের ফায়দা নিয়ে কেউ বড় ইনিংস খেলতে পারেন কিনা। কিন্তু সাকিব, ইয়াসির আলিরা সেই সুযোগ হারান হেলায়।
সিরিজে প্রথমবার খেলতে নামা বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ যাদবের বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হন ৪৩ রান করা (৫০ বলে) সাকিব। চট্টগ্রামের ছেলে ইয়াসির ২ চার ও ১ ছক্কায় ২৫ করে কাটা পড়েন উমরান মালিকে পেসে।
থিতু হয়ে আউট হন অভিজ্ঞ মাহমুদউল্লাহও (২০)। ব্যর্থতার বৃত্ত ভাঙতে এ দিনও ব্যর্থ আফিফ হোসেন। আগের দুই ম্যাচে জাদুকরি ব্যাটিং করা মিরাজ এবার থামেন ৩ রানে।
শেষ জুটিতে তাসকিন ও মুস্তাফিজের সৌজন্যে নিজেদের সবচেয়ে বড় হারের রেকর্ড এড়াতে পারে বাংলাদেশ। তবে মুখরক্ষা তাতে খুব একটা হয়নি।
সিরিজ জয়ের ট্রফি নিয়ে অবশ্য লিটন ও তার দল পোজ দিলেন হাসিমুখে। তবে সেই হাসিও কেমন যেন একটু ম্লান। জয় না ধরা দিক, আরেকটু লড়াই, আরেকটু জমজমাট ম্যাচ তো হতে পারত!
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৪০৯/৮ (ধাওয়ান ৩, কিষান ২১০, কোহলি ১১৩, শ্রেয়াস ৩, রাহুল ৮, ওয়াশিংটন ৩৭, আকসার ২০, শার্দুল ৩, কুলদিপ ৩*, সিরাজ ০*; মুস্তাফিজ ১০-০-৬৬-১, তাসিকন ৯-১-৮৯-২, মিরাজ ১০-১-৮৯-১, ইবাদত ৯-০-৮০-২, সাকিব ১০-০-৬৮-২, আফিফ ১-০-১৪-০, মাহমুদউল্লাহ ১-০-১১-০)
বাংলাদেশ: ৩৪ ওভারে ১৮২ (এনামুল ৮, লিটন ২৯, সাকিব ৪৩, মুশফিক ৭, ইয়াসির ২৫, মাহমুদউল্লাহ ২০, আফিফ ৮, মিরাজ ৩, তাসকিন ১৭*, ইবাদত ০, মুস্তাফিজ ১২; সিরাজ ৫-০-২৭-১, শার্দুল ৫-০-৩০-৩, আকসার ৫-০-২২-৩, উমরান ৮-০-৪৩-২, কুলদিপ ১০-১-৫৩-১, ওয়াশিংটন ১-০-২-১)
ফল: ভারত ২২৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ইশান কিষান
ম্যান অব দা সিরিজ: মেহেদী হাসান মিরাজ
