২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুজারা-সারফারাজ নন, কোহলির বদলি পাতিদার

অভিজ্ঞ পুজারার ফেরা হলো না এবারও, ঘরোয়া ক্রিকেটে রানের জোয়ার বইয়ে দেওয়া সারফারাজও পেলেন না সুযোগ।

পুজারা-সারফারাজ নন, কোহলির বদলি পাতিদার

রাজাত পাতিদার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2024, 03:36 PM

Updated : 24 Jan 2024, 06:09 PM

চেনা সৈনিক চেতেশ্বর পুজারা থেকে ঘরোয়া ক্রিকেটে আলোড়ন তোলা সারফারাজ খান, সঙ্গে আরও বেশ কজনের নাম ছিল আলোচনায়। শেষ পর্যন্ত সুযোগটি পেলেন রাজাত পাতিদার। ভিরাট কোহলির বদলি হিসেবে ভারতের টেস্ট দলে যুক্ত করা হলো ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানকে। 

প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৫ ম্যাচ খেলে ১৩টি সেঞ্চুরি করেছেন মধ্য প্রদেশের এই ব্যাটসম্যান। ৪৫.৯৭ গড়ে তার রান ঠিক ৪ হাজার। 

তার ক্যারিয়ার রেকর্ড তো যথেষ্টই ভালো, তবে এবার দলে ডাক পাওয়ায় ভূমিকা রেখেছে তার সবশেষ ম্যাচটির পারফরম্যান্স। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ভারতীয় ‘এ’ দলের হয়ে শনিবার শেষ হওয়া আনঅফিসিয়াল টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্যান্ড জাতীয় দলে খেলা তিন বোলার সমৃদ্ধ লায়ন্সের বোলিং আক্রমণের বিপক্ষে ভারতীয়রা ২২৭ রানে অলআউট হয়ে গেলেও পাতিদার একাই করেন ১৯ চার ও ৫ ছক্কায় ১৫৮ বলে ১৫১। 

ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি। তার জায়গাতেই বিকল্প হিসেবে ভারতের সংবাদমাধ্যমে উঠে আসছিল অনেক নাম। 

১০৩ টেস্ট খেলে জায়গা হারানো পুজারা ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট ও ভারতের ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে যাচ্ছেন। সম্প্রতি প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করেছেন তিনি। 

সারফারাজকে নিয়ে তুমুল আলোচনা তো বেশ কিছুদিন ধরেই। রঞ্জি ট্রফিতে রানের জোয়ার বইয়ে দিচ্ছেন তিনি। ৪৪ ম্যাচেই ১৩ সেঞ্চুরি হয়ে গেছে তার, প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং গড় ৬৮.২০। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাতিদারের শতরানের ম্যাচে প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ফিফটি করেন সারফারাজ। 

এছাড়া লড়াইয়ে ছিলেন ঘরোয়া ক্রিকেটের আরেক পারফরর্মার ভরদ্বাজ সাই সুধার্শান। শেষ মুহূর্তে রিঙ্কু সিংয়ের নামও এসেছিল। ভারতের সীমিত ওভারের ক্রিকেটে ঝড় তোলা আগ্রাসী এই ব্যাটসম্যানের প্রথম শ্রেণির রেকর্ডও দারুণ। লাল বলে তার ব্যাটিং গড় ৫৭.৫৭। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজের পরের দুই ম্যাচের দলে তাকে নেওয়া হয়। 

তবে আপাতত সবাইকে ছাপিয়ে গেলেন পাতিদার। গত মাসে দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হয় তার। সেই ম্যাচে ওপেন করে আউট হন ১৬ বলে ২২ রান করে। 

টেস্ট অভিষেকের সম্ভাবনা অবশ্য খুব একটা নেই তার। বাড়তি ব্যাটসম্যান হিসেবেই আপাতত থাকবেন দলের সঙ্গে। 

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হায়দরাবাদ টেস্ট শুরু বৃহস্পতিবার। আহমেদাবাদে ‘এ’ দলের সিরিজে ব্যস্ত থাকা পাতিদারের হায়দরাবাদে পৌঁছে যাওয়ার কথা বুধবার বিকেলেই।