২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিতের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে দিনেশ কার্তিকের পাশে বসলেন রোহিত শার্মা।

রোহিতের অনাকাঙ্ক্ষিত রেকর্ড

রোহিত শার্মা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2024, 09:14 PM

Updated : 01 Apr 2024, 11:23 PM

বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের অফ স্টাম্পের একটু বাইরের বলে খোঁচা দিলেন রোহিত শার্মা। ব্যাটের কানা ছুঁয়ে বল গেল উইকেটের পেছনে। ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে ক্যাচ নিলেন কিপার সাঞ্জু স্যামসন। মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার আউট হলেন মুখোমুখি প্রথম বলেই। তার নাম উঠে গেল অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে।

আইপিএলে সোমবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে গোল্ডেন ডাক-এর তেতো স্বাদ পান রোহিত। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে দিনেশ কার্তিকের পাশে বসলেন ভারত অধিনায়ক, দুজনেরই ১৭ বার করে।

দ্বিতীয় সর্বোচ্চ ১৫ বার করে এই তেতো স্বাদ পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, পিযুষ চাওলা, মানদিপ সিং ও সুনিল নারাইন। রাশিদ খান, মানিশ পান্ডে ও আম্বাতি রায়ডুর আছে ১৪ বার করে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রোহিতের (১৩ বার)।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচের প্রথম ওভারে রোহিতকে ফেরানোর পরের বলে নামান ধিরকে বিদায় করেন বোল্ট। নিউ জিল্যান্ডের এই পেসার নিজের পরের ওভারে এসে ফিরিয়ে দেন ডেওয়াল্ড ব্রেভিসকেও।

তিন জনই আউট হন মুখোমুখি প্রথম বলে!

আইপিএলে এক ইনিংসে প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তিন জনের শূন্য রানে ফেরার ষষ্ঠ ঘটনা এটি।