১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

স্যামসন নয়, রুতুরাজই চেন্নাইয়ের অধিনায়ক

গত মৌসুমে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে ফলাফলের পরও রুতুরাজের নেতৃত্বে আস্থা রাখছে চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 04:54 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

জল্পনা-কল্পনা জমে ওঠার মুখেই সব শেষ করে দিল চেন্নাই সুপার কিংস। আলোড়ন তুলে দলে নিয়ে আসা সাঞ্জু স্যামসনকে নেতৃত্ব দিচ্ছে না দলটি। গত মৌসুম দুঃস্বপ্নের মতো কাটলেও আইপিএল ইতিহাসের সফলতম দলটির অধিনায়ক রয়ে যাচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়ই।

ট্রেড উইন্ডোর দলবদল, ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করার পর অধিনায়কত্বের সিদ্ধান্তও জানিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পারফম্যান্স এখনও আশাপ্রদ না হলেও দলটি আস্থা রাখছে রুতুরাজের ওপর।

২০২৩ আইপিএলে শিরোপাজয়ী চেন্নাইয়ের নেতৃত্বে বদল আসে ২০২৪ আসরের আগে। কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনি ছেড়ে দেন নেতৃত্ব। অধিনায়ক করা হয় রুতুরাজকে। সেবার পঞ্চম হয়ে আসর শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা। গত মৌসুমে ১৪ ম্যাচের স্রেফ চারটি জিতে আসর শেষ করে তারা ১০ দলের মধ্যে তলানিতে থেকে। পাঁচবারের চ্যাম্পিয়ন ও পাঁচবারের রানার্স আপ দলটি প্রথমবারের মতো আসর শেষ করে পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে।

রুতুরাজ নিজে অবশ্য চোটের কারণে গত মৌসুমে খেলতে পেরেছিলেন স্রেফ ৫টি ম্যাচ।

এবার রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে ট্রেড উইন্ডোতে তারা ১৮ কোটি রুপিতে দলে নিয়ে আসে স্যামসনকে। রাজস্থান রয়্যালসের হয়ে যার নেতৃত্বের অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ। তাতেই আলোচনা শুরু হয়ে যায়, এই কিপার-ব্যাটারকে অধিনায়ক করতে পারে চেন্নাই।

কিন্তু বরাবরই পুরোনোদের ওপর আস্থার রাখার জন্য পরিচিত দলটি এবারও হাঁটল চেনা পথেই। আইপিএল ক্যারিয়ারের পুরোটা চেন্নাইয়ের হয়েই খেলেছেন রুতুরাজ। ২৮ বছর বয়সী ব্যাটসম্যানের সপ্তম মৌসুম হবে ২০২৬ আসর।