০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

জায়গা হারালেও ঘুম হারাম করছেন না সুদার্শান

চোটের কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি সাই সুদার্শান, তার জায়গায় সুযোগ পেয়ে অসাধারণ পারফর্ম করে জায়গা নিজের করে নিয়েছেন দেবদুত পাডিক্কাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 11:56 AM

Updated : 06 Oct 2026, 11:55 AM

ভারতের টেস্ট দলে তিন নম্বর জায়গাটি পাকা করার লড়াইয়ে ছিলেন সাই সুদার্শান। সবশেষ ইনিংসেও ভালো করেছেন। কিন্তু চোটের কারণে শ্রীলঙ্কা সফরে যেতে না পারা কাল হলে এলো তার জন্য। দেবদুত পাডিক্কাল এমনই পারফর্ম করলেন যে, তাকে এখন বাদ দেওয়াই কঠিন! সুদার্শান অবশ্য সেই দুর্ভাবনায় অস্থির কিংবা উদ্বিগ্ন হতে চান না। নিজের পথে নিজের মতো করেই ছুটতে চান ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।

গত বছর থেকেই টেস্ট দলে তিন নম্বর পজিশনে সুদার্শানকে থিতু করার চেষ্টা করছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত সাত টেস্ট খেলে খুব ভালো না করলেও কিছু সম্ভাবনার ঝলক তিনি দেখিয়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ফিফটি করেছেন ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে। গত অক্টোবরে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছেন ৮৭। সবশেষ ইনিংসে গত জুনে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ৮১ রানের ইনিংস।

ওই মাসেই ভারতীয় ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে লঙ্কানদের ‘এ’ দলের বিপক্ষে দুটি আনঅফিসিয়াল টেস্টে ১৩২ ও ১৬৮ রানের ইনিংস খেলেন তিনি। অগাস্টে ভারতের টেস্ট দলের শ্রীলঙ্কা সফরেও এই পজিশনে তারই খেলার কথা ছিল। কিন্তু পায়ের চোট তাকে ছিটকে দেয় সিরিজ থেকে।

তার জায়গায় সুযোগ পেয়ে যাকে বলে দুহাতে লুফে নেন পাডিক্কাল। ২০ মাস পর টেস্ট দলে ফিরেই প্রথম টেস্টে গলে ১৬৭ ও ৪৪ রানের ইনিংস খেলেন স্টাইলিশ এই বাঁহাতি ব্যাটসম্যান, পরের টেস্টে কলম্বোয় করেন আরেকটি সেঞ্চুরি। দুই টেস্টে ৩২৮ রান করে ম্যান অব দা সিরিজ হন ২৬ বছর বয়সী ব্যাটসম্যান।

এখন সুদার্শান ফিট হয়ে উঠলেও তো পাডিক্কালকে আর বাইরে রাখার উপায় নেই!

সেই ভাবনায় কাতর নন বলেই দাবি করলেন সুদার্শান। এখন তিনি খেলছেন ভারতের ‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে। আনঅফিসিয়াল টেস্ট ম্যাচের চার ইনিংসের প্রথমটিতে ফিফটি করলেও বাকি তিন ইনিংসে ততটা ভালো করেননি। এখন খেলবেন একদিনের ম্যাচের সিরিজে। এর আগে বাঁহাতি এই ব্যাটসম্যান বললেন, জায়গা নিয়ে অন্যের সঙ্গে লড়াই তিনি দেখেন না।

“আমার মনে হয়, মানসিকভাবে আমাদের বুঝতে হবে যে, আমরা পরস্পরের বিপক্ষে খেলছি না, বরং নিজেদের গল্প নিজেরাই লিখছি। নিজের ওপর আস্থা ও বিশ্বাস এবং দৈব সংযোগ সবকিছুকে চমৎকারভাবে সফল করে তুলবে।”

অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজে সুদার্শান কোন পজিশনে ব্যাট করবেন, তা নিয়েও ধোঁয়া আছে। এমনিতে সীমিত ওভারের ক্রিকেটে তিনি টপ অর্ডারেই ব্যাট করে থাকেন। তবে এই সিরিজে তিনি ছাড়াও প্রিয়ানশ আরিয়া, প্রাভসিমরান সিং, পাডিক্কাল এবং আর্শিন কুলকার্নি আছেন, সবাই ব্যাট করেন টপ অর্ডারে।

সুদার্শান বললেন, ব্যাটিং পজিশন নিয়েও তার ভাবনা নেই।

“আমার মনে হয় না, আমি কোথাও জায়গা খোঁজার কথা ভাবছি। ৫০ ওভারের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সবসময় ওপেন করে এসেছি। বিষয়টাকে তাই আমি সেভাবেই দেখি এবং নিজের সেরাটা দিয়ে পারফর্ম করার চেষ্টা করি, যাতে দল ভালো অবস্থানে থেকে জিততে পারে। আমি সেসব দিকেই মনোযোগ দিচ্ছি।”

আগামী মাসে ভারতীয় দল দুটি টেস্ট খেলবে নিউ জিল্যান্ড সফরে। দেশের মাঠে বড় একটা সিরিজ আছে তাদের আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি। বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্টে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সুদার্শানের মতে, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজ থেকে ব্যক্তিগত ও দলীয়, নানাভাবেই উপকৃত হবেন তারা।

“সাধারণ ‘এ’ দলের ম্যাচের ‘ইনটেনসিটি’ প্রায় আন্তর্জাতিক ক্রিকেটের মতো। বালা স্যার (ভারত ‘এ’ দলের প্রধান কোচ লক্ষিপতি বালাজি), যেমনটা বলেছেন, এই সিরিজগুলো আমাদের ব্যাটিং, বোলিং এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে ক্রমাগত নিখুঁত করতে সাহায্য করে।

কয়েক মাসের মধ্যেই বর্ডার-গাভাস্কার ট্রফি আসছে, তাই এই ‘এ’ দলের ম্যাচগুলো আমাদের বুঝতে সাহায্য করবে যে, পিচগুলো কেমন আচরণ করবে এবং অস্ট্রেলিয়ান সংস্কৃতি কীভাবে কাজ করে। এই ম্যাচটি একটি সত্যিকারের আন্তর্জাতিক ম্যাচের মতোই মনে হবে।”