৪ উইকেটের পর সৌম্যর ফিফটি, শতকের অপেক্ষায় মিঠুন
জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীকে বড় লক্ষ্য দেওয়ার পথে খুলনা।
দিনের তৃতীয় বলে সাব্বির রহমানের স্টাম্প উপড়ে দিলেন আল আমিন হোসেন। সেই পথ ধরে তার সঙ্গে উইকেট শিকারে যোগ দিলেন সৌম্য সরকার ও আব্দুল হালিম। তাদের তোপে রাজশাহী গুটিয়ে গেল একশর আগে। একই উইকেটে পরে স্ট্রোকসমৃদ্ধ ব্যাটিংয়ে ফিফটি করলেন সৌম্য।
খুলনার হয়ে ফিফটি করেছেন এনামুল হকও। শতকের পথে ছুটছেন মোহাম্মদ মিঠুন। তাদের নৈপুণ্যে রাজশাহীকে বিশাল লক্ষ্য দেওয়ার পথে আছে খুলনা।
জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন শুক্রবার স্রেফ ৮১ রানে গুটিয়ে গেছে রাজশাহী। দিন শেষে দ্বিতীয় ইনিংসে খুলনার সংগ্রহ ৩ উইকেটে ২৪৮ রান। প্রথম ইনিংসের ২০৭ রানের লিড মিলিয়ে ৪৫৫ রানে এগিয়ে আছে তারা।
রাজশাহীতে দ্বিতীয় স্তরের এই ম্যাচে রাজশাহীকে অল্পতে থামাতে স্রেফ ৭ রানে ৪ উইকেট নেন সৌম্য। আল আমিনও নেন ৪ উইকেট, ২১ রানে। হালিমের প্রাপ্তি দুটি।
সৌম্য পরে ব্যাটিংয়ে খেলেন ৭৫ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৭ রানের ইনিংস। প্রথম ইনিংসে ৪৭ রানের পর এবার ৫৯ রান করেন এনামুল। তার ৮০ বলের ইনিংসে ৪টি চারের পাশে ছক্কা ২টি।
১০৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ৮৩ রানে অপরাজিত আছেন মিঠুন। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ৫৬ রান।
শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে উইকেট ব্যাটিংয়ের জন্য খুব কঠিন নয় মোটেও। কিন্তু রাজশাহীর কেউই পারেননি নিজেদের মেলে ধরতে। জুনায়েদ সিদ্দিকের ৬২ বলে ২৫ ইনিংসের সর্বোচ্চ।
১১৫ রানের উদ্বোধনী জুটিতে খুলনাকে ভালো সূচনা এনে দেন সৌম্য ও এনামুল। তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন অমিত মজুমদার ও মিঠুন। অমিত করেন ২৭। আফিফ হোসেনের সঙ্গে অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে দিন শেষ করেন মিঠুন।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ২৮৮
রাজশাহী ১ম ইনিংস: (আগের দিন ১৫/২) ২৭.৫ ওভারে ৮১ (জুনায়েদ ২৫, সাব্বির ৫, মেহেরব ২২, শাখির ৬, সানজামুল ১৪, তাইজুল ১, মোহর ০, শফিকুল ০, আসাদুজ্জামান ০*; আল আমিন ৯-৩-২১-৪, নাহিদুল ৩-১-৫-০, জিয়াউর ৫-০-২৪-২০, হালিম ৫-০-২৩-২, সৌম্য ৫.৫-৩-৭-৪)
খুলনা ২য় ইনিংস: ৬১ ওভারে ২৪৮/৩ (সৌম্য ৫৭, এনামুল ৫৯, অমিত ২৭, মিঠুন ৮৩*, আফিফ ১৭*; মোহর ৯-১-৪৯-১, শফিকুল ৮-১-২৭-১, আসাদুজ্জামান ১৪-০-৫১-০, সানজামুল ১০-১-৩৫-১, মেহেরব ৫-০-২১-০, তাইজুল ১৫-০-৬০-০)
মইনের ফিফটি, চট্টগ্রামের লিড
দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল বরিশাল। আটে নেমে দারুণ এক ইনিংসে দলকে উদ্ধার করেন মইন খান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৬ উইকেটে ৯২ রানের নড়বড়ে অবস্থান থেকে ২৩৫ রান করেছে বরিশাল। ১০৯ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেছেন মইন।দলটির আর কেউ পঞ্চাশ ছুঁতে পারেননি।
৫৬ রানে ৩ উইকেট নিয়ে চট্টগ্রামের সফলতম বোলার ইয়াসিন আরাফাত। ইফরান হোসেন, ফাহাদ হোসেন ও নাঈম হাসানের প্রাপ্তি দুটি করে।
দিন শেষে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ বিনা উইকেটে ১৬ রান। প্রথম ইনিংসে ৩ রানের লিড মিলিয়ে ১৯ রানে এগিয়ে আছে তারা।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম ১ম ইনিংস: ২৩৮
বরিশাল ১ম ইনিংস: (আগের দিন ২৮/২) ৮২.২ ওভারে ২৩৫ (জাকারিয়া ৩৬, সালমান ১৩, ফজলে রাব্বি ২০, শাহরিয়ার ০, সোহাগ ৩৩, মইন ৭১, শামসুল ১২, কামরুল ২৭*, রুয়েল ২; ইফরান ১৪.২-২-৫১-২, ইয়াসিন ১৮-৪-৫৬-৩, ফাহাদ ১৪-২-৩৩-২, নাইম ১৯-৬-৩৮-২, মুরাদ ১৬-৪-৪৩-১, সৈকত ১-০-৩-০)
চট্টগ্রাম ২য় ইনিংস: ৯ ওভারে ১৬/০ (পিনাক ৯*, সৈকত ৬*; কামরুল ৩-১-৫-০, সোহাগ ৪-১-৮-০, রুয়েল ১-১-০-০, মইনুল ১-০-২-০)
