Published : 01 Apr 2026, 05:15 PM
বিগ ব্যাশে অভিষেক মৌসুম রাঙিয়ে দারুণ এক স্বীকৃতি পেলেন রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের বিগ ব্যাশ প্লেয়ার অব দা ইয়ার পুরস্কার জিতেছেন বাংলাদেশের লেগ স্পিনার।
সেরার লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন চার ক্রিকেটার। অধিনায়ক ন্যাথান এলিস, ইংলিশ পেসার ক্রিস জর্ডান ও ব্যাটসম্যান নিখিল চৌধুরিকে হারিয়ে সেরা হয়েছেন রিশাদ।
ক্রিকেট তাসমানিয়া অ্যাওয়ার্ড নাইটে বুধবার বিভিন্ন ক্যাটেগরিতে মৌসুমের সেরাদের নাম ঘোষণা করা হয়।
গত মৌসুমে হোবার্ট হারিকেন্সে নাম লেখালেও খেলতে পারেননি রিশাদ। এবার বিসিবি থেকে পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পেয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের ক্রিকেটের ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন তিনি অস্ট্রেলিয়ান ক্রিকেটে। টুর্নামেন্টে ১২ ম্যাচ থেলে ১৫ উইকেট শিকার করেন তিনি ওভারপ্রতি ৭.৮২ রান দিয়ে।
তার সঙ্গে সেরার লড়াইয়ে থাকা এলিস ১৪ উইকেট নেন ৯ ম্যাচ খেলেই। তবে ওভারপ্রতি রান দেন ৯.০৩ করে। ওভারপ্রতি সাড়ে ৮ করে রান দিয়ে জর্ডান উইকেট নেন ৭টি। নিখিল ৩০৭ রান করেন ১৫৩.৫০ স্ট্রাইক রেটে। শেষ পর্যন্ত তারা পেরে ওঠেননি রিশাদের পারফরম্যান্সের সঙ্গে।
উইমেন’স বিগ ব্যাশে হারিকেন্সের বর্ষসেরা হয়েছেন ড্যানি ওয়াট-হজ।
তাসমানিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জ্যাক সিমন্স মেডেল জিতেছেন অলরাউন্ডার বাউ ওয়েবস্টার, বর্ষসেরা শেফিল্ড শিল্ড ক্রিকেটারের স্বীকৃতি ডেভিড বুন মেডেল জিতেছেন এবার কিপার-ব্যাটসম্যান জেইক ডোরান।
উইমেন’স ন্যাশনাল ক্রিকেট লিগের সেরা হয়ে ভেরোনিক পাইক মেডেল জিতেছেন র্যাচেল ট্রেনামান। সবচেয়ে বড় পুরস্কার বর্ষসেরা ক্রিকেটারের রিকি পন্টিং মেডেল জিতেছেন তাসমানিয়ার অধিনায়ক অভিজ্ঞ ব্যাটসম্যান জর্ডান সিল্ক।