পাকিস্তানকে হুমকি দিয়ে রাখলেন পান্ডিয়া
এই ম্যাচ ঘিরে প্রচুর আবেগ, রোমাঞ্চ কাজ করলেও মাঠের খেলায় মনোযোগী থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে দিতে চান ভারতের অলরাউন্ডার।
ভারত-পাকিস্তান লড়াই মানেই ক্রিকেট আঙিনায় বাড়তি উন্মাদনা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। ম্যাচটি ঘিরে উত্তেজনা-রোমাঞ্চের পারদ কেবল বেড়েই চলছে। যা স্পর্শ করছে হার্দিক পান্ডিয়াকেও। তবে এসবে বিচলিত নন ভারতের তারকা অলরাউন্ডার। বললেন, তাদের লক্ষ্য মাঠের খেলায় মনোযোগী থেকে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বেই দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। নিউ ইয়র্কে ম্যাচটি মাঠে গড়াবে আগামী রোববার। দুই দলের লড়াই এখন কেবল দেখা যায় আইসিসি ও এসিসি ইভেন্টেই। লম্বা সময় পরপর মুখোমুখি হয় বলে তাদের ম্যাচ ঘিরে আগ্রহের মাত্রাও থাকে তুঙ্গে।
বিশ্বকাপে অবশ্য পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে যোজন-যোজন এগিয়ে ভারত। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্ব মঞ্চে মোট ১৫ বার প্রতিবেশীদের মুখোমুখি হয়েছে তারা। যার মধ্যে ১৩ ম্যাচেই পেয়েছে জয়ের স্বাদ। হার একটি, টাই হয়েছে অন্যটি। টাই হওয়া ম্যাচেও অবশ্য শেষ পর্যন্ত জিতেছে ভারতই।
তবে রেকর্ড বা পরিসংখ্যান তাদের হয়ে কথা বললেও, পাকিস্তানের বিপক্ষে লড়াইকে সব সময় আলাদা চোখেই দেখে ভারত। পান্ডিয়ার কণ্ঠেও যেমন ফুটে উঠেছে তেমন কিছু। বিসিসিআই টিভির সঙ্গে আলাপচারিতায় এই পেস বোলিং অলরাউন্ডার বলেন, তাদের লক্ষ্য জয় দিয়ে উপলক্ষটা রাঙানো।
“ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই খুব উত্তেজনাপূর্ণ, প্রচুর হই-হুল্লোড় ও কথাবার্তা হয়, প্রচুর আবেগ ও রোমাঞ্চ কাজ করে। তবে একই সঙ্গে আমি আশা করি, আমরা ওই ম্যাচে শৃঙ্খলাবদ্ধ থাকব, দল হিসেবে আমাদের একটাই লক্ষ্য, মাঠে নেমে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া।”
“আমরা যদি সেটা করতে পারি, তাহলে আমার মনে হয়, দিনটি আমাদের জন্য দারুণ হবে।”
আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে ২০০৭ আসরের চ্যাম্পিয়ন ভারত। ২০০৯ সালের শিরোপা জেতা পাকিস্তানের প্রথম ম্যাচ স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে, বৃহস্পতিবার।
