১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইকবালের ৫ উইকেট ও কালামের সেঞ্চুরিতে আফগানদের হারাল যুবারা

আফগানিস্তানের উজাইরুল্লাহ নিয়াজাই খেলেন অপরাজিত ১৪০ রানের দারুণ ইনিংস।

ইকবালের ৫ উইকেট ও কালামের সেঞ্চুরিতে আফগানদের হারাল যুবারা
ইকবাল হোসেন (বাঁয়ে) ও কালাম সিদ্দিকি। ছবি: বিসিবি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 07:30 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

দলে ফিরেই বল হাতে আলো দ্যুতি ছড়ালেন ইকবাল হোসেন। তার ছোবল সামলে অপরাজিত সেঞ্চুরিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে লড়াই করার পুঁজি এনে দিলেন উজাইরুল্লাহ নিয়াজাই। তবে তা যথেষ্ট হলো না। কালাম সিদ্দিকির শতক ও রিজানের পঞ্চাশোর্ধ ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশের যুবারা।

বগুড়ায় মঙ্গলবার আলোকস্বল্পতায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে প্রথম ওয়ানডে ৫ রানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

উজাইরুল্লাহর একার লড়াইয়ে ৯ উইকেটে ২৬৫ রান করে আফগানিস্তান। ১ ছক্কা ও ১৬ চারে ১৩৭ বলে ১৪০ রান করেন চারে নামা ব্যাটসম্যান। দলটির আর কেউ ৩৫ রানও করতে পারেননি।

আফগানদের ব্যাটিংয়ে ধস নামান ইকবাল। ইংল্যান্ড সফরে না খেলা এই পেসার ৫৭ রানে নেন ৫ উইকেট। যুব ওয়ানডেতে এই প্রথম পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি।

রান তাড়ায় ৪৬ ওভার শেষে বাংলাদেশের রান যখন ৪ উইকেটে ২৩১, তখন দুই অধিনায়কের সঙ্গে কথা বলে আলোকস্বল্পতায় ম্যাচের ইতি টেনে দেন দুই আম্পায়ার।

চমৎকার ব্যাটিংয়ে ১১ চারে ১১৯ বলে ১০১ রান করেন কালাম। যুব ওয়ানডেতে প্রথমবার তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন তিনি। ৩ ছক্কা ও ২ চারে ৯৬ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন রিজান।

শহিদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগান শিবিরে পরপর দুই ওভারে ছোবল দেন ইকবাল ও মোহাম্মদ সবুজ। ৬ চারে ৩৩ বলে ৩৪ রান করা খালিদ আহমাদজাইকে এলবিডব্লিউ করে দেন ইকবাল। সবুজের বলে কট বিহাইন হন ওসমান সাদাত।

দ্রুত দুই উইকেট হারানো দলের হাল ধরেন ফায়সাল ও উজাইরুল্লাহ। ৩ চারে ৩৩ রান করা ফায়সালকে ফিরিয়ে ৭৯ রানের জুটি ভাঙেন আজিজুল হাকিম। পরের তিন উইকেটই নেন ইকবাল।

সতীর্থদের আসা-যাওয়ার মাঝে এক প্রান্তে দলের রানের চাকা সচল রাখেন উজাইরুল্লাহ। ৩১তম ওভারে আজিজুলকে চার মেরে ৭১ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।

পরের পঞ্চাশ রান করতে তার লাগে কেবল ৪৯ বল। কাঙ্ক্ষিত ৩ অঙ্কে পা রাখেন তিনি ১২০ বলে। তার ব্যাটেই আড়াইশ ছাড়িয়ে যান সফরকারীদের রান।

ইনিংসের শেষ বলে জাতিউল্লাহ শাহিনকে এলবিডব্লিউ করে পাঁচ উইকেট পূর্ণ করেন ইকবাল।

জবাব দিতে নেমে বাজে শুরু করে বাংলাদেশ। ১৫ রানে পরপর দুই ওভারে ২ উইকেট হারিয়ে ফেলে তারা। ওপেনার জাওয়াদ আবরার ফেরেন ১০ রানে। তিনে নেমে রানের খাতাই খুলতে পারেননি অধিনায়ক আজিজুল।

বিপদে পড়া দলকে ৪৫ রানের জুটি গড়ে পথে ফেরান রিফাত বেগ ও কালাম। ৩ চারে ২৬ রান করা রিফাতকে ফিরিয়ে জমে যাওয়া যুগলবন্দি ভাঙে আফগানরা।

এরপর ম্যাচের সেরা জুটি উপহার দেন কালাম ও রিজান। তাদের ব্যাটে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে স্বাগতিকরা। চমৎকার ব্যাটিংয়ে ৬৯ বলে ফিফটি স্পর্শ করেন কালাম।

১১৬ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখার পরের ওভারেই ফিরে যান কালাম। ওয়াহিদুল্লাহ জাদরানের বোল্ড হন কট বিহাইন্ড।

আরেক প্রান্তে দারুণ ব্যাটিং করে যাওয়া রিজান পঞ্চাশ স্পর্শ করেন ৭২ বলে। এরপর মোহাম্মদ আবদুল্লাহকে নিয়ে দলকে টানতে থাকেন তিনি।

শেষ ২৪ বলে যখন ৩৫ রান দরকার বাংলাদেশের, আলোর স্বল্পতায় ম্যাচের সমাপ্তি ঘোষণা করে দেন আম্পায়াররা।

একই মাঠে দুই দলের দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার। 

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৬৫/৯ (খালিদ ৩৪, ওসমান ১৫, ফায়সাল ৩৩, উজাইরুল্লাহ ১৪০*, মাহবুব ১২, ইব্রাহিমজাই ১, আজিজউল্লাহ ১৪, স্ট্যানিকজাই ৩, ওমারজাই ০, জাতিউল্লাহ ০; ফাহাদ ৬.৪-০-৩৬-০, ইকবাল ১০-১-৫৭-৫, সবুজ ৫.২-০-৩০-১, সামিউন ৭-০-৩৪-০, রিজান ১০-০-৫৪-২, রাফি ৭-০-৩০-০, আজিজুল ৪-০-২৩-১)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৬ ওভারে ২৩১/৪ (জাওয়াদ ১০, রিফাত ২৬, আজিজুল ০, কালাম ১০১, রিজান ৭৫*, আবদুল্লাহ ১২*; ওমারজাই ৮-০-৩৬-১, ওয়াহিদউল্লাহ ১০-০-৪৭-২, খাতির ৬-০-৩৫-০, জাতিউল্লাহ ১০-০-৩৪-১, মাহবুব ৬-০-৩২-০, উজাইরুল্লাহ ৬-০-৪৩-০)

ফল: ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

সিরিজ: ৫ ম্যাচের সিরিজের ১-০তে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল