১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভিভ রিচার্ডসের ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ডাকেট

ভারতের বিপক্ষে ৫০ ওভারে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড।

ভিভ রিচার্ডসের ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ডাকেট
বেন ডাকেটের সেঞ্চুরি উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2026, 09:04 PM

Updated : 11 Sep 2026, 03:41 PM

প্রথম ম্যাচে ভালো শুরু পেয়ে টেনে নিতে পারেননি ইনিংস। পরের ম্যাচে আউট প্রথম বলে। এবার বেন ডাকেটের ব্যাটে দেখা মিলল বড় ইনিংস। চমৎকার ব্যাটিংয়ে রেকর্ড বইয়ে নাম লেখালেন ইংল্যান্ডের ওপেনার।

লর্ডসে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১৩৫ বলে ১৪১ রানের ইনিংস খেলেন ডাকেট। ১৮ চার ও এক ছক্কায় গড়া বাঁহাতি ব্যাটসম্যানের ইনিংসটি। 

ক্রিকেট তীর্থ খ্যাত এই মাঠে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। ডাকেট পেছনে ফেলে দিলেন ক্যারিবিয়ান গ্রেট ভিভ রিচার্ডসের প্রায় পাঁচ দশক আগের ইনিংসকে। ১৯৭৯ সালের জুনে এখানে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৩৮ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন রিচার্ডস।

ভারতের বিপক্ষে ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে ডাকেটের চেয়ে বড় ইনিংস আছে কেবল একটি- ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে রান তাড়ায় ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস। ভারতের ৩৩৮ রানের জবাবে ইংল্যান্ডও করেছিল তাই, ম্যাচ হয়েছিল টাই।

লর্ডসে টেস্টেও ইনিংস শুরু করে শতক আছে ডাকেটের। বিখ্যাত এই মাঠে টেস্ট ও ওয়ানডেতে সেঞ্চুরি করা ষষ্ঠ ওপেনার তিনি। 

ডাকেটের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি এটি। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৬৫ রানের ইনিংসের পর, এই প্রথম তিন অঙ্কের দেখা পেলেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

এই ইনিংসের পথে জেকব বেথেলের সঙ্গে ১৯২ রানের উদ্বোধনী জুটি উপহার দেন ডাকেট। ৯ রানের জন্য সেঞ্চুরি পাননি বেথেল। 

লর্ডসে ওয়ানডেতে প্রথম দেড়শ ছোঁয়া উদ্বোধনী জুটি এটি। ১৯৮০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেফ বয়কট ও পিটার উইলির ১৩৫ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ। যেকোনো উইকেটে এখানে ১৯২ রানের চেয়ে বড় জুটি আছে তিনটি, প্রতিটিই দুইশ ছাড়ানো।

এই সংস্করণে যেকোনো উইকেটে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ জুটিও এটি। ২০১৮ সালে লিডসে তৃতীয় উইকেটে জো রুট ও ওয়েন মর্গ্যানের অবিচ্ছিন্ন ১৮৬ রানের জুটি ছিল আগের সর্বোচ্চ। 

প্রথম ম্যাচে ৩৪ রান করা ডাকেটের শুরুটা এ দিন ছিল মন্থর। পঞ্চাশ স্পর্শ করেন তিনি ৬৪ বলে। পরের ৪৪ বলে পৌঁছে যান তিন অঙ্কে। ৪৪তম ওভারে বোলার প্রিন্স ইয়াদাভকে ফিরতি ক্যাচ দিয়ে থামে তার ইনিংসটি।

প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে টানা ছয় ইনিংসে পঞ্চাশ ছোঁয়ার কীর্তি গড়ে ৪৮ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন জো রুট।

৫০ ওভারে ইংল্যান্ড করে ৩ উইকেটে ৩৮৭ রান, যা ভারতের বিপক্ষে ওয়ানডেতে তাদের সর্বোচ্চ স্কোর। ২০১৭ সালে করা ৩৬৬ রান ছিল আগের সর্বোচ্চ। 

এই মাঠে লিস্ট ‘এ’ ক্রিকেটেও সর্বোচ্চ স্কোর এটি। ২০১৪ সালে ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে কাপে মিডলসেক্সের বিপক্ষে নটিংহ্যামশায়ারের ৩৬৮ ছিল আগের সর্বোচ্চ।