২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

১২ বলে ৭ রানে পড়ল ৬ উইকেট, শাদাবের হ্যাটট্রিক

নাটকীয় ব্যাটিং ধসে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেছে ক্যান্ডি ফ্যালকন্স।

১২ বলে ৭ রানে পড়ল ৬ উইকেট, শাদাবের হ্যাটট্রিক
লঙ্কা প্রিমিয়ার লিগে অভিষেকে হ্যাটট্রিকের স্বাদ পেলেন শাদাব খান। ছবি: কলম্বো স্ট্রাইকার্স ফেইসবুক পাতা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2024, 01:03 AM

Updated : 26 Aug 2026, 09:54 AM

জয়ের জন্য শেষ ৭ ওভারে দরকার ৬২ রান, হাতে ৬ উইকেট। পঞ্চাশোর্ধ জুটিতে উইকেটে দুই ব্যাটসম্যান। ম্যাচের লাগাম অনেকটাই তখন ক্যান্ডি ফ্যালকন্সের হাতে। কিন্তু নাটকীয় ব্যাটিং ধসে ১২ বলের মধ্যে স্রেফ ৭ রানে শেষ ৬ উইকেট হারাল তারা। শাদাব খানের চমৎকার হ্যাটট্রিকে বড় জয় তুলে নিল কলম্বো স্ট্রাইকার্স। 

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মঙ্গলবার ৫১ রানের জয়ে শুভসূচনা করে কলম্বো। তাদের ১৯৮ রানের জবাবে ২৫ বল বাকি থাকতে ১৪৭ রানে গুটিয়ে যায় ক্যান্ডি।

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বড় লক্ষ্য তাড়ায় ২৬ বলে ৩৭ রানের উদ্বোধনী জুটিতে ক্যান্ডিকে ভালো শুরু করে দেন দিনেশ চান্দিমাল ও আন্দ্রে ফ্লেচার। চান্দিমাল ২৬ বলে ৩৮ ও ফ্লেচার ১২ বলে ২৪ রান করে ফেরেন।

এরপর দ্রুত মোহাম্মদ হারিস ও কামিন্দু মেন্ডিসের বিদায়ের পর দলের হাল ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। একাদশ ওভারে একশ ছুঁয়ে ফেলে ক্যান্ডি।

গ্লেন ফিলিপসের করা ত্রয়োদশ ওভারে ম্যাথিউস ও হাসারাঙ্গার একটি করে চার-ছক্কায় আসে ২৩ রান। ৪২ বলে দরকার তখন ৬২। এরপরই পাল্টে যায় চিত্র।

চতুর্দশ ওভারে স্রেফ ৩ রান দিয়ে ম্যাথিউসকে (২০ বলে ২৫) ফিরিয়ে ৩১ বলে ৬০ রানের জুটি ভাঙেন বিনুরা ফার্নান্দো।

পরের ওভারে শাদাবের প্রথম ৩ বলে আসে ৬ রান, পরের তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন পাকিস্তানের এই লেগ স্পিনার। একে একে ফিরিয়ে দেন হাসারাঙ্গা (১৪ বলে ২৫), আঘা সালমান ও পাভান রাথনায়েকেকে। 

পরের ওভারে দাসুন শানাকা ও কাসুন রাজিথাকে বিদায় করে কলম্বোর জয় নিশ্চিত করেন শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। 

এলপিএলে অভিষিক্ত শাদাব ২২ রানে ও ওয়েলালাগে ২০ রানে নেন ৪টি করে উইকেট। 

দ্বিতীয় বোলার হিসেবে এলপিএলে হ্যাটট্রিকের কীর্তি গড়লেন শাদাব। ২০২২ আসরে ক্যান্ডির হয়ে কলম্বোর বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন হাসারাঙ্গা।

এবারের আসরে কলম্বোর হয়ে খেলতে গেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এই ম্যাচে অবশ্য একাদশে ছিলেন না তিনি।