১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ফাইনালে ওঠার লড়াইয়ে রিশাদরা

মেলবোর্ন স্টার্সের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি রিশাদ হোসেন।

শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ফাইনালে ওঠার লড়াইয়ে রিশাদরা
শেষ বলে গড়ানো লড়াইয়ে জিতল হোবার্ট হারিকেন্স। ছবি: হোবার্ট হারিকেন্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 06:52 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

শেষ ওভারে ২৬ রানের প্রয়োজনে প্রথম বল ছক্কায় ওড়ালেন মার্কাস স্টয়নিস। আরেকটি ছক্কার চেষ্টায় পরের বৈধ ডেলিভারিতে বিদায় নিলেন তিনি। ক্রিজে গিয়ে টানা তিন বলে দুটি চার ও এক ছক্কায় ম্যাচ জমিয়ে দিলেন হিল্টন কার্টরাইট। কিন্তু শেষ বলে পাঁচ রানের সমীকরণে এক রানের বেশি নিতে পারলেন না তিনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় নিয়ে মাঠ ছাড়ল রিশাদ হোসেনরা।

বিগ ব্যাশে বুধবার মেলবোর্ন স্টার্সের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত নকআউট ম্যাচটিতে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে ৩ রানে জিতেছে হোবার্ট হারিকেন্স।

ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী শুক্রবার চ্যালেঞ্জার ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স।

হোবার্টে এদিন ম্যাচ শুরুর আগ থেকেই হানা দেয় বৃষ্টি। প্রথমে ১০ ওভারে কমিয়ে আনা হয় ম্যাচের দৈর্ঘ্য। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করে হোবার্ট হারিকেন্স।

মেলবোর্ন স্টার্সের রান তাড়ায় দুই ওভার যেতেই আবার নামে বৃষ্টি। পরে সাত ওভারে গ্লেন ম্যাক্সওয়েলদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৮৫ রানের। শেষ পর্যন্ত তাদেরকে ৮১ রানে আটকে দারুণ জয়ের উল্লাসে মাতে রিশাদ-ওয়েডরা।

রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে বল হাতে ভালো করতে পারেননি রিশাদ। দুই ওভারে ২৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

নিজের ১২ বলের মধ্যে কেবল একটি ডট খেলাতে পারেন বাংলাদেশের লেগ স্পিনার। হজম করেন দুটি ছক্কা।

চতুর্থ ওভারে আক্রমণে আসা রিশাদের প্রথম বল ছক্কায় ওড়ান জো ক্লার্ক। পরের পাঁচ বলে আর কোনো বাউন্ডারি হজম না করলেও দেন ৭ রান। মোট ১৩ রান দিয়ে ওভারটি শেষ করেন তিনি।

ষষ্ঠ ওভারে ফের বল হাতে পেয়ে প্রথম ডেলিভারিতে এক রান দেন রিশাদ। ওই বলের পর স্বেচ্ছায় রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়েন স্যাম হার্পার। ক্রিজে গিয়ে মুখোমুখি প্রথম বলে ডাবল নেওয়ার পর স্লগ সুইপে রিশাদকে ছক্কায় ওড়ান ম্যাক্সওয়েল।

পরের দুটি বলে দুটি সিঙ্গেল নেন ম্যাক্সওয়েল ও স্টয়নিস। শেষ বলে ব্যাটে লাগাতে পারেননি ম্যাক্সওয়েল। ওভারটি থেকে আসে ১১ রান।

এরপর শুরু শেষ ওভারের রোমাঞ্চ। যেখানে শেষের দারুণ ডেলিভারিতে দলকে জয় এনে দেন মিচেল ওয়েন।