২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিংয়ে হতাশ করল বাংলাদেশের যুবারা

দ্বিতীয় দিনে বল হাতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2022, 09:21 PM

Updated : 05 Nov 2022, 09:21 PM

বোলারদের তৈরি করে দেওয়া ভিত কাজে লাগাতে পারলেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা। একমাত্র চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের যুবাদের চেয়ে পিছিয়ে আছে সফরকারীরা।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দলের সংগ্রহ ২ উইকেটে ৫৪ রান। প্রথম ইনিংসে ৬৩ রানের লিড পাওয়া দলটি ১১৭ রানে এগিয়ে গেছে।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ২২৪ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে যায় ১৬১ রানে।

শনিবার কুয়াশাভেজা সকালে ব্যাটিংয়ে নেমে মারমুখী শুরু করেছিলেন ডানহাতি ওপেনার জিসান আলম। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। দুটি করে চার-ছক্কায় ১৩ বলে ২২ রান করেন তিনি।

দলীয় ৩৪ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। একপ্রান্ত ধরে রেখে লড়াই করেন আরেক ওপেনার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তবে ৬ চার ও ১ ছক্কায় ৪০ রান করে ফিরে যান তিনিও।

শেষ দিকে রোহানাত দৌল্লাহ বর্ষনের অপরাজিত ২৩ রানে দেড়শ পার হয় দলের।

দ্বিতীয় ইনিংসেও শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ২৭ রানে দুই ওপেনারকে হারায় তারা। দুটি উইকেটই নেন বর্ষণ। আলোকস্বল্পতায় প্রায় এক ঘণ্টা বাকি থাকতে খেলা বন্ধ হওয়ার আগে আর বিপদ ঘটতে দেননি ওয়াহাজ রিয়াজ ও সাদ বেইগ।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে)

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ২২৪

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ৫৬ ওভারে ১৬১ (রিজওয়ান ৪০, জিসান ২২, সোহাগ ৩, সাকিব ৯, শিহাব ২, আহরার ১৬, দীপু ১৯, রাব্বি ৯, বর্ষণ ২৩*, মারুফ ২, ইমন ৬; ইবতিসাম ১২-৩-৩২-২, ইসমাইল ১৩-২-৪০-১, আফতাব ১০-২-৩২-২, আসফান্দ ১৫-৫-৩৯-২, আব্দুল বাসিত ৬-২-১৮-৩)

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: ১৮ ওভারে ৫৬/২ (বাসিত আলি ৪, হাবিবউল্লাহ ১৬, ওয়াহাজ ২৭*, সাদ ৫*; বর্ষণ ৬-০-২৪-২, মারুফ ৭-২-৯-২, ইমন ২-০-১৪-০, জিসান ৩-১-৬-০)