৮ রানে ৫ উইকেট নিয়ে নাহিদার নতুন রেকর্ড
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলিংয়ের নিজের পুরনো রেকর্ড ভাঙলেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
মিডল স্টাম্পের ডেলিভারি স্লগ করার চেষ্টায় ব্যর্থ হলেন সাদিয়া ইকবাল। বল স্টাম্পে আঘাত করতেই বাঁধনহারা উল্লাসে ফেটে পড়লেন নাহিদা আক্তার। তার পেছনে ছুটলেন সতীর্থরা। পাকিস্তানকে অল আউট করার পাশাপাশি নিজের পুরনো এক রেকর্ডকে নতুন করে লিখলেন নাহিদা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার পাকিস্তানের মেয়েদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৩.৪ ওভারে এক মেডেনসহ স্রেফ ৮ রানে ৫ উইকেট নিয়েছেন নাহিদা। এই সংস্করণে বাংলাদেশের এটিই সেরা বোলিং।
আগের রেকর্ডও ছিল নাহিদার। গত বছরের জানুয়ারিতে কমনওয়েলথ গেমসের বাছাইয়ে কেনিয়ার বিপক্ষে ১২ রানে ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সহ-অধিনায়ক।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ৫ উইকেট পেয়েছেন আর দুজন বোলার। ২০১৮ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ভিন্ন দুই ম্যাচে পান্না ঘোষ ১৬ রানে এবং জাহানারা আলম ২৮ রানে ৫টি করে শিকার ধরেন।
চট্টগ্রামে নতুন রেকর্ড গড়ার পথে ম্যাচের চতুর্থ ওভারে প্রথম আক্রমণে আসেন নাহিদা। প্রথম বলেই নিখুঁত আর্মারে সিদরা আমিনকে বোল্ড করেন বাঁহাতি স্পিনার। পরের ওভারে তার বলে এলবিডব্লিউ হন আরেক ওপেনার মুনিবা আলি।
শেষ দিকে নাহিদাকে আবার বোলিংয়ে আনেন নিগার সুলতানা। সপ্তদশ ওভারে তিনি এলবিডব্লিউর ফাঁদে ফেলেন উম্মে হানিকে। আর শেষ ওভারে নাশরা সান্ধুকা ও সাদিয়াকে আউট করেন পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ৫ উইকেট।
নাহিদার রেকর্ড গড়া বোলিংয়ে স্রেফ ৮২ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। সর্বোচ্চ ২০ রান করেন বিসমাহ মারুফ।
এছাড়া একটি করে উইকেট নেন সুলতানা খাতুন, রাবেয়া খান, স্বর্ণা আক্তার।
