রেকর্ডের পেছনে ছুটব না, মৌলিকত্ব ধরে রাখব: শরিফুল
দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বললেন তার সাম্প্রতিক পারফরম্যান্স, খারাপ সময়কে জয় করা, সামনের লক্ষ্য-পরিকল্পনাসহ আরও অনেক কিছু নিয়ে।
নিউ জিল্যান্ড সফর শেষে দেশে ফিরেই বাড়ি চলে গেছেন শরিফুল ইসলাম। একান্তে সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। বল হাতে গত বছর অসাধারণ কেটেছে তার। তিন সংস্করণে মিলিয়ে ৩২ ইনিংসে নিয়েছেন ৫২ উইকেট। গত কিছুদিনে তো দেশের মূল পেসারই হয়ে উঠেছেন। টানা খেলার মধ্যে থাকার পর একটু বিশ্রাম আর ফুরফুরে সময় তার প্রাপ্যই ছিল। তবে ক্রিকেট থেকে তো আর দূরে থাকা যায় না! ছুটিতেই তাই মজা করে ক্রিকেট খেলছেন। শনিবার বিকেলেই যেমন বন্ধুদের নিয়ে এলাকায় ‘টেস্ট ম্যাচ’ খেলছিলেন তিনি। এর ফাঁকে মুঠোফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে তরুণ এই পেসার কথা বললেন তার সাম্প্রতিক পারফরম্যান্স, খারাপ সময়কে জয় করা, সামনের লক্ষ্য-পরিকল্পনাসহ আরও অনেক কিছু নিয়ে।
শেষটা থেকেই শুরু করা যাক। বছরের শেষ ম্যাচে ফিন অ্যালেনকে বোল্ড করলেন, টানা ছয় ম্যাচে তাকে ফেরালেন। একজন ব্যাটসম্যানকে টানা ছয়বার আউট করার ব্যাপারটি আসলে কেমন?
শরিফুলঃ অবশ্যই খুব ভালো লাগে। একজন ব্যাটসম্যানকে টানা আউট করা বা প্রতিবার আউট করাই আসলে আনন্দের। শুধু নির্দিষ্ট কাউকে না, যে কোনো ব্যাটসম্যানকে আউট করতে একই মজা লাগে। সৌভাগ্যবশত টানা ছয়বার হয়ে গেছে। পরে আর নাও হতে পারে। তবে আমি প্রতিটি উইকেটই উপভোগ করি।
আপনি তো আফগানিস্তানের ইব্রাহিম জাদরানকেও সব মিলিয়ে ছয় ইনিংসে পাঁচবার আউট করেছেন!
শরিফুলঃ তাই নাকি? জাদরানকেও পাঁচবার…!
হ্যাঁ... জাদরান বা অ্যালেন, তাদের বিপক্ষে বোলিংয়ের সময় কি বাড়তি কিছু কাজ করে যে, উইকেটটা আপনিই নেবেন?
শরিফুলঃ নাহ… আলাদা কিছু কাজ করে না। তবে চিন্তা থাকে যে, এই নির্দিষ্ট ব্যাটসম্যানের সময় কোন জায়গায় বোলিং করলে আমার সুযোগটা হয়তো বেশি থাকবে। সেই পরিকল্পনায় মনোযোগ রেখে প্রতিটা বল করার চেষ্টা করি। এটাই আর কী। তারপর আল্লাহর রহমতে সফল হয়েছি। সামনে কী হবে কেউ জানি না।
গত বছরের মাঝামাঝিতে বলছিলেন, বল ভেতরে আনা ডেলিভারি (ডানহাতি ব্যাটসম্যানের জন্য) নিয়ে কাজ করছেন। বছরের শেষ ম্যাচে দেখা গেল দুজন ডানহাতি ব্যাটসম্যানকে বোল্ড করলেন, দুটিই বল ভেতরে ঢুকেছে। কোনো কাজ করে ফল পাওয়ার আনন্দটা কেমন?
শরিফুলঃ হ্যাঁ সত্যিই…ডানহাতি ব্যাটসম্যানের জন্য বল ভেতরে ঢোকানো নিয়ে অনেক দিন ধরে কাজ করছিলাম। শেষ পর্যন্ত সফল হয়েছি। এটা যেভাবে করেছি, যেই ড্রিলগুলো করেছি, তা নিয়মিত করতে চাই। এটা যত নিখুঁত করতে পারব, আমার জন্য ভালো। আমাদের দলের জন্যও ভালো। আমার চেষ্টা থাকবে, এই ডেলিভারিটা যেন ধরে রাখতে পারি।
একবার বলেছিলেন, মাঠের বাইরে বসে যখন দেখেন যে প্রতিপক্ষ বোলার-ব্যাটসম্যানরা দাপট দেখাচ্ছে, সেটা আপনার সহ্য হয় না। তখন আসলে আপনার ভেতরে কী ভাবনা কাজ করে? মাঠে থাকলে কী করতে ইচ্ছা করে?
শরিফুলঃ প্রতিপক্ষ দলের কোনো ব্যাটসম্যান যখন আমাদের কোনো বোলারকে চার্জ করে, তখন সেটা আমার ইগোতে লাগে। তখন শুধু বারবার মাথায় ঘুরতে থাকে যে, কখন ওকে আউট করব। আর যখন আউট করতে পারি, তখন আগ্রাসী উদযাপনটা অটোমেটিক চলে আসে (হাসি)। কারণ, ও আমাদের ওপর আক্রমণ করেছে। ওকে থামানোর আনন্দটা একটু বেশিই।
নিউ জিল্যান্ড সফরে ফেরা যাক, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন ছিল না। আপনার ওপর বাড়তি দায়িত্ব নিশ্চয়ই ছিল। দুই সিরিজেই আপনি ভালো করলেন। তাসকিন-ইবাদতরা না থাকায় কি ভালো করার তাড়নাটা আরও বেড়ে গিয়েছিল?
শরিফুলঃ আসলে তাসকিন ভাই আমাদের মূল বোলার। ইবাদত ভাইও ভালো করছিলেন। দূর্ভাগ্যবশত চোটে পড়ে গেলেন। আমরা তাকে মিস করি। তাসকিন ভাইকে কাঁধের চোটের জন্য দুই সিরিজে পেলাম না।
আমরা বাকিরা যারা (তাদের ছাড়া) খেলেছি, অনুশীলনগুলো করেছি, তখন নিজেদের মধ্যে বলেছি যে, আমরাও আছি। আমরা চেষ্টা করব তাদের অভাব পূরণ করতে। আমরা দলগতভাবে খুব ভালোভাবে তাদের ব্যাকআপ দিতে পেরেছি। এখন তাসকিন ভাই ইনজুরি থেকে ফেরার পর আমাদের বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে।
বিপিএলে আপনারা দুজন একই দলে...
শরিফুলঃ হ্যাঁ, আশা করি বিপিএল দিয়েই ফিরবেন তাসকিন ভাই। আমরা দুজন একসঙ্গে খেলব। খুব ভালো লাগছে এটা। সব ঠিক থাকলে টুর্নামেন্ট শুরু হলে একসঙ্গে খেলব। এটা আমার জন্যও ভালো। জাতীয় দলেও হয়তো কাজে লাগবে এই অভিজ্ঞতা।
২০২৩ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেললেন। শেষ তিন ম্যাচে কোনো উইকেট পাননি। শেষ পর্যন্ত তবু দলের সর্বোচ্চ ১০ উইকেট আপনার। আবার টুর্নামেন্টে দলগতভাবে ফল ভালো হয়নি। সব মিলিয়ে আপনার প্রথম ওয়ানডে বিশ্বকাপের অভিজ্ঞতাটা কেমন?
শরিফুলঃ আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ হিসেবে আলহামদুলিল্লাহ…। ভালো-খারাপ মিলিয়েই কেটেছে। আমরা চেষ্টা করেছিলাম ভালো কিছুর জন্য। তবে দলগতভাবে যদি আরেকটু ভালো খেলতে পারতাম, তাহলে আমার মনে হয় ফলটা আরেকটু ভালো হতো।
আমি প্রথমবার গেলাম ওয়ানডে বিশ্বকাপে, খেললাম। আমার মনে হয়েছে, এখানে আসলে ব্যক্তিগত পারফরম্যান্সে ম্যাচ জেতা সম্ভব নয়। আমাদের যে দল, ফল আসলে দলগত পারফরম্যান্সের ওপর নির্ভর করবে। আমরা যদি দলগতভাবে ভালো খেলতে পারি, শুধু বিশ্বকাপ নয়, যে কোনো খেলায়ই ভালো করতে পারব।
২০২৩ সালে ৩২ ইনিংসে ৫২ উইকেট পেলেন। চলতি বছর শুধু টেস্টেই ২৮ ইনিংস বোলিংয়ের সুযোগ আসতে পারে। এর সঙ্গে ওয়ানডে, টি-টোয়েন্টি তো আছেই। এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের রেকর্ডে (সাকিব আল হাসানের ৭৭ উইকেট) চোখ রাখবেন?
শরিফুলঃ আমি আসলে রেকর্ডের জন্য দৌড়াব না। আমি আমার মৌলিক দিকটা ধরে রাখব। দেখা যাক, বছর শেষে কতটা কী দাঁড়ায়। সুস্থ থেকে যদি বছরটা শেষ করতে পারি, এটাই আলহামদুলিল্লাহ। উইকেট পাব কিনা, ভালো বোলিং করব কিনা, তা জানি না। তবে চেষ্টা করব ফিট থেকে দলের জন্য প্রতিটি ওভার নিজের সেরা বোলিং করে যেন কিছু না কিছু দিতে পারি।
চলতি বছরে ১৪টি টেস্ট সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ। যত বেশি খেলা, তত বেশি চোটেরও শঙ্কা। ফিটনেস ঠিক রাখার চ্যালেঞ্জটাও জিততে হবে...
শরিফুলঃ এই বছর আমাদের অনেক খেলা। আমাদের ফিটনেসটা যথাযথ রেখেই খেলতে হবে। আমাদের ওয়ার্কলোডের দিকে খেয়াল রাখতে হবে। ফিটনেসের কাজগুলো আরও বেশি বেশি করতে হবে।
ইনজুরি আসলে বলে-কয়ে আসবে না। কপালে থাকলে ইনজুরি হবেই। এখানে কারও হাত নেই। ক্রীড়াবিদ প্রায় সবারই ইনজুরি হয়। তেমন কিছু হলে সেটা মেনে নিতে হবে।
আপনার বছরের শেষটা যেমন হলো, শুরুটা এমন ছিল না। কিছু দিন দলের বাইরে ছিলেন। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে দলে ফিরলেন। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে সুযোগ পেয়ে প্রথম স্পেলেই খেলা একরকম শেষ করে দিলেন। এরপর শুধুই সামনে এগিয়ে যাওয়া। পুরো বছরটা ঘুরে তাকালে কেমন মনে হয়?
শরিফুলঃ সত্যি বললে, বছরের শুরুতে একটু খারাপ হয়েছিল। তবে আমি ভেঙে পড়িনি। আমার পরিবার, আমার স্ত্রী আমাকে খুব সমর্থন দিয়েছে। আমার বন্ধুরাও বলেছে যে, ‘তুমি পারবে। তোমাকে দিয়ে ভালো কিছু হবে।’ তারা সবসময় আমাকে এসব কথা বলেছেন। আমিও চেষ্টা করেছি। অনুশীলনে যখন যা করার ছিল, করেছি। ফল পেয়েছি।
দলের বাইরে থাকার সময়টা কেমন ছিল?
শরিফুলঃ যেটা বললাম, আমার আশপাশের সবাই অনেক সমর্থন দিয়েছে আমাকে। আর আমি অনুশীলনে পুরো মনোযোগ দিয়েছি। বিশেষ করে, বলে নিয়ন্ত্রণ রাখা নিয়ে কাজ করেছি। যখন দেখলাম যে বলের ওপর আমার নিয়ন্ত্রণ বেড়েছে, তখন নিজেরই মনে হচ্ছিল যে, খেলার সুযোগ পেলে ভালো কিছু করতে পারব। এরপর সুযোগ পেলাম। যা কিছু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার কথা একটাই, হাল ছাড়া যাবে না। ভেঙে পড়া যাবে না।
আপনি কখনও হাল ছাড়েন না। লড়াইয়ের এই মানসিকতাটা নিশ্চয়ই এক দিনে আসেনি...
শরিফুলঃ আসলে ক্রিকেট তো শুধুই একটা খেলা। এখানে সর্বোচ্চ খারাপ হবে। আমি তো মরে যাচ্ছি না। তো এখানে হাল ছাড়ার মতো কিছু নেই। আমি আত্মস্থ করার চেষ্টা করেছি যে, সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। হয়তো এক দিন হবে না, আরেক দিন হবে। বা দুই দিন হবে না, তিন দিন হবে না, কিন্তু একটা সময় তো হবেই।
আমার মনে হয়, এই বিশ্বাসটা সামনে নিয়ে চেষ্টা করতে থাকলে, কোনো মানুষই জীবনে ব্যর্থ হবে না। নিজের আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড়। তাই কেউ যেন ভেঙে না পড়ে। যে কোনো অবস্থায় ঘুরে দাঁড়ানোর বিশ্বাসটা যেন থাকে। তাহলে সব ভালো হবে আমার বিশ্বাস।
বছরটা যেমন কেটেছে, লঙ্কা প্রিমিয়ার লিগের পর হয়তো আইপিএলেও সুযোগ পেতেন। কিন্তু নিলামের আগেই নাম সরিয়ে নিতে হয়েছে। কোনো আক্ষেপ কাজ করে?
শরিফুলঃ মন থেকে বললে, আমার কোনো আক্ষেপ কাজ করেনি। কারণ বিসিবি যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। আমি জানি না, (নিলামে) দল পেতাম কি না বা পাওয়ার সম্ভাবনা ছিল কি না। তবে আমি টানা অনেক ম্যাচ খেলছিলাম। হয়তো অতিরিক্ত খেলার চাপের কারণে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। আমি বলব, ভালো সিদ্ধান্ত। পরবর্তীতে যখন সুযোগ আসবে, (জাতীয় দলের) খেলা কম থাকবে, তখন হয়তো বোর্ড সুযোগ দেবে।
অনেক দিন পর বেশ লম্বা সময় বাড়িতে থাকার সুযোগ পেলেন। কিভাবে কাটছে সময়?
শরিফুলঃ বাসায় এসেছি। পরিবার নিয়ে সময় কাটাচ্ছি। খুব ব্যস্ত সময় যাচ্ছে (হাসি)। দিনে সুযোগ পেলে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছি। আড্ডা, ঘোরাফেরাও চলছে নিজেদের মতো। অনেক দিন পর এসেছি। সবাই মিলে মজা করছি। আবার তো সামনে ব্যস্ত সময়…
আপনার সেরা একটি স্মৃতি দিয়েই শেষ করা যাক। দক্ষিণ আফ্রিকায় আপনারা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন। এবার আবার সে দেশেই বসছে আরেকটি আসর। এবারের দলের জন্য আপনার কী বার্তা থাকবে?
শরিফুলঃ আমি খুবই আশাবাদী, এবারের দলটা ভালো করবে। আশা করি তারা আমাদের (চ্যাম্পিয়ন হওয়ার) স্মৃতি মনে করিয়ে দেবে। এটা আমি বিশ্বাস করি। তারা খুব ভালো দল। খুব ভালো করবে। ছোটদের জন্য শুভকামনা।
