নিচের দিকে ভালো জুটির আশায় ছিল বাংলাদেশ
প্রথম ম্যাচে হারের পর তাওহিদ হৃদয় জানালেন, শুরুর ব্যাটসম্যানরা হতাশ করলেও শেষ দিকে বড় জুটি হবে বলে বিশ্বাস ছিল বাংলাদেশ দলের।
শুরুর চার ব্যাটসম্যানের সবাই ছুঁলেন দুই অঙ্ক। তবে বড় ইনিংস খেলতে পারলেন না কেউ। পাঁচে নামা তাওহিদ হৃদয় লড়িয়ে পঞ্চাশ করলেন বটে। তার পরের বাকিরা আবার থামলেন দশ রানেই আগে। তাই অল্পতেই শেষ বাংলাদেশ!
একটা পর্যায় পর্যন্ত অবশ্য তাদের বিশ্বাস ছিল, শুরুর হতাশা সামলে শেষ দিকের কোনো জুটি দলকে এনে দেবে নিরাপদ স্কোর। সেই প্রত্যাশা পূরণ না হওয়াটাই দলের হার ডেকে এনেছে বলে মনে করেন হৃদয়।
চট্টগগ্রামে বুধবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১৭ রানে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ ওভারে ৯ উইকেটে ১৬৯ রানে থামে স্বাগতিকদের ইনিংস। অল্প পুঁজিতে বোলাররাও পারেননি লড়াই করতে।
চট্টগ্রামের সবুজ উইকেটে আফগান বোলারদের বিপক্ষে চ্যালেঞ্জে পড়তে হবে- তা ছিল অনুমেয়ই। ম্যাচের আগের দিন তামিম ইকবালও বলেন, শুরুর ১০-১৫ ওভার কিছুটা দেখেশুনে খেলতে হবে ব্যাটসম্যানদের।
তবে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর ওই সময়েই দর্শকদের যা আনন্দ দিতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১২ ওভার শেষেও ওভারপ্রতি রান ছিল ৬।
এরপর নামা ধসে আর ঠেকানো যায়নি। গড়ে ওঠেনি কোনো বড় জুটি।
ম্যাচের শুরুতে কিছু ডেলিভারতে অসম বাউন্স ছাড়া ব্যাটসম্যানদের তেমন প্রশ্নের মুখে ফেলতে পারেননি আফগান বোলাররা। কিন্তু আলগা শটে উইকেট বিলিয়ে আসেন তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা।
একপ্রান্ত ধরে রেখে পঞ্চাশ ছোঁয়া হৃদয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বললেন, ব্যাটিংয়ে আরও ভালো করার জায়গা ছিল তাদের।
"আমার কাছে তেমন মনে হয়নি, উইকেট অতটা কঠিন ছিল না। শুরুর দিকে বল নিচু হয়ে আসায় একটু সমস্যা হচ্ছিল। বাউন্স দুই রকম ছিল। আমি মনে করি, আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম, তাহলে খেলার চিত্রটা ভিন্ন হতে পারত। সব মিলিয়ে আজকে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি।"
গত বছর আফগানিস্তানের বিপক্ষে এই মাঠেই স্রেফ ৪৫ রানে ৬ উইকেট পড়ার পর মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ১৭৪ রানের রেকর্ড গড়া জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এছাড়া চলতি বছর আয়ারল্যান্ডের বিপক্ষেও দেশে ও দেশের বাইরে কয়েক ম্যাচে ৩-৪ উইকেট পড়ার পর শতরানের জুটিতে জেতার মতো স্কোর দাঁড় করায় বাংলাদেশ।
সাম্প্রতিক সময়ের এসব ম্যাচের অভিজ্ঞতা থেকে এ দিনও ঘুরে দাঁড়ানোর আশা দেখছিলেন হৃদয়রা৷
"এর আগেও আমরা এরকম পরিস্থিতিতে পড়েছি। তখন কেউ না কেউ খেলে দিয়েছে। (আফগানিস্তানের বিপক্ষে) শেষ সিরিজে যেমন মিরাজ ভাই এবং আফিফ মিলে খেলা শেষ করেছিল। আমাদের বিশ্বাস ছিল, আজকেও হয়তো ওখান থেকে... নিচের দিক থেকে একটা ভালো জুটি হবে। ওই জায়গায় আজকে হয়নি। আশা করি পরের যদি এমন পরিস্থিতি আসে, এখান থেকে ভালো কিছু হবে।"
"পরিস্থিতি বুঝে, কখন পরিস্থিতির চাহিদা কী থাকে, তা বুঝে পরিকল্পনা হয়। সবাই আমরা ইতিবাচক আছি। আমাদের সবার ওপরে বিশ্বাস আছে যে, যেকোনো পরিস্থিতিতেই আমরা ফিরে আসব।"
দেড়শর আগেই ৭ উইকেট পড়ার পর শেষের ব্যাটসম্যানদের নিয়ে লড়াই করেন হৃদয়। কিন্তু খানিকটা প্রশ্নের অবকাশ আছে তাকে নিয়েও। শেষ দিকের ওভারগুলোতে বারবার প্রথম বলে এক রান নিয়ে তাসকিন আহমেদ, হাসান মাহমুদদের স্ট্রাইক ছেড়ে দেন তরুণ এই ব্যাটসম্যান। ষ দিকে দ্রুত রান তোলার সুযোগটাও হাতছাড়া হয় তার৷
তবে হৃদয় জানালেন, দলীয় পরিকল্পনাই ছিল এভাবে এগিয়ে যাওয়ার।
"হয়তো ভালো হতো (শেষ দিকে স্ট্রাইক নিজের কাছে রাখলে)। আসলে তখন ওভাবে চিন্তা করা হয়নি। দল থেকে বলা ছিল, স্বাভাবিক পরিকল্পনায় যেভাবে চলছে, সেভাবে এগোবে। যা হবে শেষের দুই-তিন ওভারে হবে।"
দিন শেষে পরাজিত দলে থাকায় আড়ালেই পড়ে গেছে রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবিদের সামলে খেলা হৃদয়ের ইনিংসটি৷ তবে তিনি এখান থেকে সামনের দিনে এগোনোর রশদ খুঁজে নিচ্ছেন।
"তারা বিশ্বের সেরা স্পিন দল। তাদের বিপক্ষে যদি ভালো করা যায়, তাহলে অন্য স্পিনারদের খেলা অনেক সহজ হবে। সাকিব ভাইয়ের সঙ্গেও এ কথাই হচ্ছিল খেলা শুরুর আগে। একটু চ্যালেঞ্জিং হবে। তবে দিন শেষে আমাদের এখান থেকে বেরিয়ে ভালো করতে হবে।"
