এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কায়, পরেরটি পাকিস্তানে
সুপার ফোর পর্বে উঠতে পারলে পাকিস্তানে দুটি ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো এশিয়া কাপের সূচি। প্রথমে ৩১ অগাস্টের কথা জানানো হলেও, নতুন সূচিতে এক দিন আগেই শুরু হবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিন বাংলাদেশের প্রথম ম্যাচ।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেন। মুলতানে ৩০ অগাস্ট উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান-নেপাল।
৩১ অগাস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের পরের ম্যাচ ৩ সেপ্টেম্বর। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে।
ওয়ানডে সংস্করণের ছয় দেশের টুর্নামেন্টে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার ফোরে। বাংলাদেশ যদি সেরা চারে উঠতে পারে, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই তাদের ধরা হবে ‘বি২’। একইভাবে পাকিস্তান ‘এ১’, ভারত ‘এ২’ ও শ্রীলঙ্কা ‘বি১’ হিসেবে বিবেচিত হবে।
এই চার দলের মধ্যে কোনোটি যদি সুপার ফোরে উঠতে ব্যর্থ হয়, তাহলে ‘এ’ গ্রুপ থেকে নেপাল ও ‘বি’ গ্রুপের আফগানিস্তান, ওই বাদ পড়া দলের জায়গা নেবে। অর্থাৎ ‘বি’ গ্রুপ থেকে যদি শ্রীলঙ্কা বাদ পড়ে যায়, তাহলে সুপার ফোরে ‘বি১’ হবে আফগানিস্তান। বাংলাদেশের বিদায়ের ক্ষেত্রে তারা হবে ‘বি২’।
সেক্ষেত্রে লাহোরে ৬ সেপ্টেম্বর ‘এ১’ (সম্ভাব্য পাকিস্তান) দলের বিপক্ষে সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ। সেরা চারে উঠতে পারলে টুর্নামেন্টে সব মিলিয়ে এই দুটি ম্যাচই পাকিস্তানে খেলতে হবে সাকিব আল হাসান, লিটন দাসদের।
এরপর কলম্বোয় ৯ সেপ্টেম্বর ‘বি১’ ও ১৫ সেপ্টেম্বর ‘এ২’ দলের বিপক্ষে বাংলাদেশ খেলবে সুপার ফোর পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচটি ২ সেপ্টেম্বর হবে পাল্লেকেলেতে। দুই দলই সুপার ফোরে উঠলে কলম্বোয় তাদের ওই ম্যাচটি ১০ সেপ্টেম্বর।
কলম্বোয় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ১৭ সেপ্টেম্বর।
