প্রথম ম্যাচের আগে ‘জেটল্যাগ’ নিয়ে দুর্ভাবনায় নিউ জিল্যান্ড
সময়ের পার্থক্যের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা, মাঝ রাতে ঘুম ভেঙে যাচ্ছে কারও কারও।
নিউ জিল্যান্ডের ওয়েলিংটনের সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের গায়ানার সময়ের পার্থক্য ১৬ ঘণ্টা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে এই বিস্তর ব্যবধানের সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছেন কিউই ক্রিকেটাররা। প্রধান কোচ গ্যারি স্টেড অবশ্য আশাবাদী, প্রথম ম্যাচের আগেই গুছিয়ে নেবে তার দল।
আইপিএলসহ নানা ধরনের ব্যস্ততায় গত রোববারের আগে ওয়েস্ট ইন্ডিজে একত্রিত হতে পারেনি নিউ জিল্যান্ডের পুরো দল। এর মধ্যে আবার বাগড়া দেয় বৃষ্টি। এরপরও অবশ্য দুই সেশন অনুশীলন করেছে তারা।
ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন গুচ্ছে দলে যোগ দেওয়ায় আনুষ্ঠানিক কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি কিউইরা। সবশেষ দলের সঙ্গে যোগ দেন আইপিএলের প্লে অফ খেলা ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন। অনুশীলনেই সেন্টার উইকেটে ম্যাচের আদলে নিজেদের ঝালিয়ে নেন তারা।
আইপিএল শেষ করে দেশে ফেরেন বোল্ট, ফার্গুসনরা। সেখান থেকে আবার ওয়েস্ট ইন্ডিজে যোগ দেন দলের সঙ্গে। ফলে দীর্ঘ সফরের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। এছাড়া আরও কয়েকজন ক্রিকেটার না থাকায় প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি দলটির।
যার ফলে গত মার্চের পর আর ম্যাচ খেলার সুযোগ হয়নি নিউ জিল্যান্ডের বেশ কয়েকজন ক্রিকেটারের। এটি নিয়ে অবশ্য চিন্তিত নন স্টেড। সাংবাদিকদের সঙ্গে আলাপে স্টেড বলেন, তার চিন্তা মূলত ক্রিকেটারদের দীর্ঘ ভ্রমণজনিত ক্লান্তি নিয়ে।
“আপনি সবসময় আদর্শ পরিস্থিতি পাবেন না। বিশেষ করে যখন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে। আর একটা বিষয় হলো, এখানে জেটল্যাগ খুব বাজেভাবে আমাদের আক্রান্ত করেছে। আমি বেশ কয়েকজনের কথা জানি, যারা মাঝ রাতে ঘুম থেকে উঠে যাচ্ছে। প্রস্তুতির জন্য এটি ভালো কিছু নয়।”
“তবে ভালো ব্যাপার হলো প্রথম ম্যাচের আগে আমাদের হাতে সময় আছে। যেহেতু আমরা ১৪তম ম্যাচে প্রথম মাঠে নামব। এর মধ্যে ছেলেরা গুছিয়ে উঠবে আশা করি।”
এছাড়া বৃষ্টি নিয়েও কিছুটা চিন্তায় ছিল নিউ জিল্যান্ড। তবে আবহাওয়ার প্রতিকূলতা কেটে যাওয়ায় এখন অনেকটা নির্ভার কিউই প্রধান কোচ।
“এখন মনে হচ্ছে, এখানে যে আবহাওয়ার নিম্নচাপ ছিল তা অনেকটাই কেটে গেছে। এটি অবশ্যই চিন্তার বিষয়। কারণ দ্রুত সময়ের মধ্যে আপনি যতগুলো সম্ভব ম্যাচ খেলতে চাইবেন।”
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগামী শনিবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড।
