১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

শেষ বলে ছক্কায় দারুণ জয়

চাপকে বুড়ো আঙুল দেখিয়ে চোখধাঁধানো শটে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন ১৯ বছর বয়সী অলিভার পিক।

শেষ বলে ছক্কায় দারুণ জয়
ছক্কায় দলকে জিতিয়ে অলিভার পিকের উদযাপন। ছবি: বিগ ব্যাশ ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2026, 07:57 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

জিততে শেষ দুই বলে চাই ৪ রান। পঞ্চম ডেলিভারিতে রান নিতে পারলেন না অলিভার পিক। শেষ বলটি অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে করলেন অ্যারন হার্ডি। অফ সাইডে অনেকটা সরে ফাইন লেগ দিয়ে খেললেন পিক। বল উড়ে গিয়ে পড়ল গ্যালারিতে। ছক্কায় দলকে জিতিয়ে বাঁধনহারা উল্লাসে মাতলেন মেলবোর্ন রেনেগেডসের তরুণ ব্যাটসম্যান।

পার্থ স্কর্চার্সের বিপক্ষে বুধবার বিগ ব্যাশের রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৪ উইকেটে জেতে রেনেগেডস। ১২৮ রানের লক্ষ্য তাড়ায় শেষ বল পর্যন্ত খেলতে হয় তাদের।

পার্থে এদিন শেষ ওভারে রেনেগেডসের প্রয়োজন ছিল ১০ রান। প্রথম বলে ডাবল নেন পিক। দ্বিতীয় রান নেওয়ার সময় অল্পের জন্য বেঁচে যান রান আউট হওয়া থেকে। পরের দুই ডেলিভারিতে আসে দুটি সিঙ্গেল। চতুর্থ বলে ফের দুই রান নেন পিক। পঞ্চম ডেলিভারিটি ডট খেললেও শেষ পর্যন্ত দলকে হতাশ করেননি ১৯ বছর বয়সী এই ব্যাটসম্যান।

অথচ এই পিককে সপ্তদশ ওভারেই ফেরানোর সুযোগ পেয়েছিল স্কর্চার্স। ডেভিড পেইনের শর্ট ডেলিভারিতে ঠিকমতো টাইমিং করতে পারেননি পিক। কয়েক পা পিছিয়ে মাথার ওপরের ক্যাচটি মুঠোয় জমাতে গিয়ে পেছনের দিকে পড়ে যান অ্যাশটন টার্নার। ওই সময় তার হাতে থাকা বল মাটি স্পর্শ করলে বেঁচে যান পিক।

তখন ১৫ রানে খেলছিলেন বাঁহাতি ব্যাটসম্যান পিক। ওই ওভারের শেষ বলে একটি চার মারেন তিনি। এরপর তো দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় তিনিই পৌঁছে দেন।

৩০ বলে একটি ছক্কা ও চারটি চারে ৪২ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন পিক। রেনেগেডসের হয়ে ২২ রানের বেশি করতে পারেননি আর কেউ।

স্কর্চার্সের ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান করতে ৪০ বল খেলেন হার্ডি। একটি ছক্কা ও চারটি চার মারেন তিনি। এছাড়া ২০ রান ছুঁতে পারেন আর কেবল ওপেনার মিচেল মার্শ, ২ ছক্কায় ২৫ বলে ২৭।

রেনেগেডসের হয়ে দুর্দান্ত বোলিং করেন গুরিন্দার সান্ধু। ৪ ওভারে স্রেফ ২৮ রান দিয়ে ৪ শিকার ধরেন এই পেসার। 

চলতি বিগ ব্যাশে এটি রেনেগেডসের তৃতীয় জয়। আট দলের টুর্নামেন্টে ৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। শীর্ষে হোবার্ট হারিকেন্সের পয়েন্ট ১০, রিশাদ হোসেনরা একটি ম্যাচ বেশি খেলেছে।