কনওয়ের সেঞ্চুরির পর পাকিস্তানের নাটকীয় ফেরা
দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষ সেশনে ৫ উইকেট নিয়ে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।
সদ্য বিদায়ী বছরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি এসেছিল ডেভন কনওয়ের ব্যাটে। সেটির পুনরাবৃত্তি নতুন বছরেও। টেস্ট ক্রিকেটের আঙিনায় উজ্জ্বল পথচলায় এই ব্যাটসম্যান করলেন আরেকটি শতক। দুটি শতরানের জুটিতে প্রথম দুই সেশনে দাপট দেখাল নিউ জিল্যান্ড। তবে দিনের শেষ সেশনে ৫ উইকেট নিয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান।
করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন ৯০ ওভারে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৩০৯ রান।
প্রথম দুই সেশনে স্রেফ ১ উইকেট হারিয়ে কিউইরা তোলে ২২৬ রান। পরের সেশনে একটা পর্যায়ে ৪৫ রানের মধ্যে তারা হারায় ৫ উইকেট।
প্রথম টেস্টে ৮ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া কনওয়ে এবার খেলেন ১২২ রানের দুর্দান্ত ইনিংস। ১৯১ বলের ইনিংস গড়া ১৬ চার ও এক ছক্কায়। গত বছরের প্রথম দিন মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্টেও ১২২ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
আরেক ওপেনার টম ল্যাথাম ১০০ বলে করেন ৭১ রান। দুই ওপেনারের পর পঞ্চাশ পর্যন্ত যেতে পারেননি আর কেউ।
৩ উইকেট নিয়ে প্রথম দিনে পাকিস্তানের সফলতম বোলার অফ স্পিনিং অলরাউন্ডার আঘা সালমান।
করাচির জাতীয় স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাটিং নেন নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। প্রথম টেস্টের চেয়ে এই ম্যাচের উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া আছে কিছুটা। সকালের পিচে খানিকটা আদ্রতাও ছিল। যদিও কোনো সুবিধা করতে পারেননি পাকিস্তানের বোলাররা।
কনওয়ে ও ল্যাথাম শুরু থেকেই ছিলেন বেশ ইতিবাচক। প্রথম ১০ ওভারেই রান আসে ৪২। পাকিস্তান অধিনায়ক বাবর আজম নবম ওভারে আক্রমণে আনেন আবরার আহমেদকে। এই লেগ স্পিনারের দ্বিতীয় ওভারে ক্রিজ ছেড়ে বেরিয়ে চার-ছক্কা মারেন কনওয়ে।
বাঁহাতি পেসার মির হামজার বলে ল্যাথামকে ৪২ রানে এলবিডব্লিউ দেন আম্পায়ার। ৩০ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান রিভিউ নিয়ে বাঁচেন বল আগে ব্যাটে লাগায়। ফিফটি করেন তিনি ৭০ বলে। পঞ্চাশ ছুঁতে কনওয়ের লাগে ৭৮ বল। প্রথম সেশনেই নিউ জিল্যান্ড তোলে ১১৯ রান।
দ্বিতীয় সেশনে দারুণ এক রিভার্স সুইংয়ে ল্যাথামকে এলবিডব্লিউ করে ১৩৪ রানের শুরুর জুটি ভাঙেন চোট কাটিয়ে ফেরা তরুণ পেসার নাসিম শাহ।
কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি বেঁধে কনওয়ে চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন ১৫৬ বলে। দ্বিতীয় সেশনে ল্যাথামের উইকেট হারিয়ে সফরকারীরা যোগ করে ১০৭ রান।
চিত্র পাল্টে যায় চা বিরতির পর। পরপর দুই ওভারে বিদায় নেন দুই থিতু ব্যাটসম্যান। কনওয়েকে ফিরিয়ে ১০১ রানের জুটি ভাঙেন সালমান। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন বাঁহাতি ব্যাটসম্যান।
আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান উইলিয়ামসনকে এবার ৩৬ রানেই থামান নাসিম। উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন সরফরাজ আহমেদ।
এরপর টিকতে পারেননি ড্যারিল মিচেল। সালমানের বলে ব্যাট ও প্যাডের ফাঁক গলে বোল্ড হন তিনি ৩ রানে। সালমান পরে কট বিহাইন্ড করে ফেরান হেনরি নিকোলসকেও (২৬)। পাকিস্তান উইকেটটি পায় রিভিউ নিয়ে। পরের ওভারে মাইকেল ব্রেসওয়েলকে এলবিডব্লিউ করে দেন আবরার।
১ উইকেটে ২৩৪ থেকে নিউ জিল্যান্ডের স্কোর তখন ৬ উইকেটে ২৭৯!
দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দেন টম ব্লান্ডেল (৩০*) ও ইশ সোধি (১১*)। ৩০ রানের জুটিতে অবিচ্ছিন্ন আছেন এই দুজন।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০৯/৬ (ল্যাথাম ৭১, কনওয়ে ১২২, উইলিয়ামসন ৩৬, নিকোলস ২৬, মিচেল ৩, ব্লান্ডেল ৩০*, ব্রেসওয়েল ০, সোধি ১১*; হামজা ১৩-১-৫০-০, নাসিম ১৬-৬-৪৪-২, হাসান ১৭-২-৫৪-০, আবরার ২৪-৩-১০১-১, সালমান ২০-২-৫৫-৩) ।
