ভেসে গেল ইংল্যান্ড-স্কটল্যান্ড রোমাঞ্চকর লড়াইয়ের সম্ভাবনা
বারবার নামা বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দল দুটির প্রথম মুখোমুখি লড়াই।
টি-টোয়েন্টি ম্যাচ রূপ নিল টি-টেনে। জর্জ মানজি ও মাইকেল জোন্সের দারুণ ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি গড়ল স্কটল্যান্ড। রোমাঞ্চকর এক লড়াইয়ের মঞ্চ প্রস্তুত। কিন্তু সেই উত্তাপে জল ঢেলে দিল প্রকৃতি।
বারবাডোজে মঙ্গলবার বৃষ্টির কারণে ১০ ওভারে নেমে আসা ম্যাচে স্কটল্যান্ড করে বিনা উইকেটে ৯০ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ১০৯। কিন্তু ইনিংস বিরতিতে আরেক দফা বৃষ্টিতে আর খেলা সম্ভব হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে জয়ের অপেক্ষা আরও বেড়ে গেল ইংল্যান্ডের। আগের চার ম্যাচের তিনটিই তারা হারে (নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি, আয়ারল্যান্ডের বিপক্ষে একটি), ফল হয়নি অন্যটির।
এই সংস্করণে স্কটল্যান্ডের বিপক্ষে এটিই ছিল ইংলিশদের প্রথম ম্যাচ। এর আগে তারা ওয়ানডেতে মুখোমুখি হয়েছে পাঁচবার, ২০১৮ সালে যার সবশেষটিতে জিতেছিল স্কটল্যান্ড।
কেনসিংটন ওভালে প্রথম দফা বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা দেরিতে শুরু হয় ‘বি’ গ্রুপের ম্যাচটি। টস জিতে ব্যাটিংয়ে নামা স্কটল্যান্ড প্রথম ৩ ওভারে করে ২৬ রান।
পঞ্চম ওভারে মার্ক উডের বল আকাশে তুলে জস বাটলারের গ্লাভসে ধরা পড়েন মানজি, তবে উইকেট মেলেনি। ‘ওভারস্টেপ’ করেছিলেন বোলার, ‘নো’ বল! তখন ১৬ রানে খেলছিলেন মানজি।
৬.২ ওভারে স্কটল্যান্ডের রান যখন বিনা উইকেটে ৫১, তখনই আরেক দফা বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।
লম্বা সময় পর আবার খেলা শুরু হলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে, অর্থাৎ স্কটল্যান্ডের সামনে তখন সুযোগ কেবল আর ২২ বল খেলার। সেই ২২ বলে মানজি ও মাইকেল জোন্স যোগ করেন ৩৯ রান।
৩০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন জোন্স। ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৪১ রান করেন মানজি।
এই দুজনের ৯০ রানের জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে যেকোনো উইকেটে স্কটল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ। ২০২১ আসরে পাপুয়া নিউ গিনির বিপক্ষে তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়েছিলেন রিচি বেরিংটন ও ম্যাথু ক্রস।
