Published : 21 Jul 2025, 07:12 PM
দর্শকদের ভোগান্তি কমানোর ভাবনায় খাবার ও পানীয় নিয়ে মাঠে ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে বাকি দুই ম্যাচে বাইরে থেকে কিছু নিয়ে খেলা দেখতে যেতে পারবেন না দর্শকরা।
বিশেষ নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সোমবার বিবৃতিতে জানায় বিসিবি।
সিরিজ শুরুর আগের দিন বিসিবি জানায়, খাবার ও পানীয় নিয়ে মাঠে ঢোকার সুযোগ থাকছে এবার। সেদিন বলা হয়, নিরাপত্তা কর্মীদের তল্লাসী সাপেক্ষে বাইরে থেকে খাবার ও পানীয় নিয়ে মাঠে প্রবেশ করা যাবে।
বিসিবির এই সিদ্ধান্তে স্বস্তি দেখা যায় রোববার খেলা দেখতে আসা দর্শকদের মাঝে। গত বেশ কয়েক বছর ধরে স্টেডিয়ামের ভাসমান দোকানগুলো থেকে উচ্চমূল্যে খাবার ও পানি কিনতে হতো তাদের।
তবে স্বস্তির মাঝেও মুদ্রার অন্য পিঠে ছিল সুযোগের অপব্যবহারের অভিযোগ। এক ম্যাচ পরই খাবার-পানীয় নিয়ে মাঠে ঢোকার সিদ্ধান্ত থেকে সরে আসার কারণ জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রথম ম্যাচের নেতিবাচক অভিজ্ঞতা শোনান বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান।
“দর্শকদের ভোগান্তির কথা চিন্তা করে এই সিরিজে খাবার ও পানি নিয়ে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিলাম আমরা। কিন্তু অনেক দর্শক দেখা গেছে, ধাতব পাত্রে রান্না করা খাবার নিয়ে এসেছে। কেউ কেউ স্টিলের বোতলে পানি নিয়ে এসেছে।”
“ব্যাগ নিয়েও অনেকে এসেছে। ব্যাগ নেওয়া কিন্তু নিষিদ্ধই ছিল। তবু অনেকে কথা শোনেনি। এগুলো ক্রিকেটারদের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ। কারণ সহজেই দূর থেকে এসব ছুড়ে মারা যায়। তাই পরের দুই ম্যাচে খাবার-পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না।”
তিনি জানান, খাবার-পানীয় নিয়ে মাঠে ঢোকার নিষেধাজ্ঞা ফেরাতে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর কাছ থেকেও নির্দেশনা পেয়েছে বিসিবি।
“এই সিরিজে নিরাপত্তার বিষয় সম্পূর্ণটা দেখছে সেনাবাহিনী। প্রথম ম্যাচে বিভিন্ন গেটে খাবার-পানি নিয়ে ঢুকতে চাওয়া দর্শকদের সঙ্গে তাদের বারবার ঝামেলা বেঁধেছে। এমন অভিযোগও পাওয়া গেছে যে, এক দর্শক পেয়ারার সঙ্গে কাটার জন্য ছুরি নিয়েও ঢুকতে চেয়েছে।”
“সেনাবাহিনীর পক্ষ থেকে তাই আমাদের বলা হয়েছে, প্রথম ম্যাচ জেতায় মঙ্গলবার দর্শকের চাপ আরও বাড়তে পারে। তাই নিরাপত্তা শঙ্কা এড়াতে তারা আমাদের বলেছে, বাকি দুই ম্যাচে খাবার-পানি নিয়ে ঢুকতে দেওয়ার সিদ্ধান্ত বদলানো যায় কি না।”
বিসিবির এই পরিচালক বললেন, নতুন কোনো বিকল্প খুঁজে আবারও খাবার-পানীয় নিয়ে মাঠে ঢোকার অনুমতি দেবেন তারা।
“আমাদের ইচ্ছা ছিল, এটা সবসময়ের জন্য চালু রাখার। প্রথম দিনের নেতিবাচক অভিজ্ঞতা আমাদের পিছু হটতে বাধ্য করল। তবে সামনে সুন্দর কোনো বিকল্প বের করে দর্শকদের খাবার-পানীয় নিয়ে মাঠে ঢোকার অনুমতি দেওয়ার চেষ্টা করব আমরা।”
সম্ভাব্য বিকল্প সম্পর্কে জানতে চাইলে ইফতেখার বলেন, এমন হতে পারে যে টিকেটের গায়ে সুনির্দিষ্ট করে লেখা থাকবে কী কী নিয়ে ভেতরে ঢোকা যাবে। যেমন হতে পারে, হালকা ব্যাগে চিপস বা এ জাতীয় খাবার, পাতলা বোতলে পানি বহন বা এরকম কিছু।