২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খরুচে শুরুর পর তাসকিনের জোড়া শিকার

জিম্বাবুয়েতে ১০ ওভারের ক্রিকেটে ২ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিলেন তাসকিন আহমেদ। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2023, 09:35 PM

Updated : 26 Jul 2023, 11:38 PM

শুরুটা ভালো হলো না তাসকিন আহমেদের। চার-ছক্কা হজম করে রান দিয়ে ফেললেন আগের ম্যাচগুলোর চেয়ে বেশি। তবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ওভারে ২ উইকেট নিয়ে দলের জয়ে রাখলেন অবদান।  

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম আফ্রো টি-টেন লিগে বুধবার ২ ওভারে ২৫ রান দিয়ে তাসকিনের শিকার ২ উইকেট। তার দল বুলাওয়ায়ো ব্রেভস ৩ রানে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা কেপটাউন স্যাম্প আর্মিকে। 

আগে ব্যাট করে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৫ রান করে ব্রেভস। এরপর প্রতিপক্ষকে আটকাতে প্রথম ওভারেই তাসকিনের হাতে বল তুলে দেন ব্রেভস অধিনায়ক। 

প্রথম বলে লেগ বাই থেকে আসে এক রান। পরের তিন ডেলিভারিতে কোনো রান নিতে পারেননি রহমানউল্লাহ গুরবাজ। তবে শেষ দুই বলে চার ও ছক্কা হাঁকান আফগানিস্তানের এই কিপার-ব্যাটার।  

তাসকিনের পরের ওভারে আরও চড়াও হন গুরবাজ। প্রথম তিন বলে তিনি মারেন ৪, ৪ ও ৬! তবে শেষ হাসি হাসেন বাংলাদেশের গতিতারকা। তার বাউন্সারে পুল করতে ডিপ মিড উইকেটে ক্যাচ দেন গুরবাজ।  

পরের বলেই নতুন ব্যাটসম্যান ম্যাথু ব্রিটসকে ফেরান তাসকিন। ব্যাক অব লেংথ থেকে লাফিয়ে ওঠা ডেলিভারিতে কট বিহাইন্ড হন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। জাগে হ্যাটট্রিকের সম্ভাবনা। তবে শেষ বলে আর সাফল্য পাননি তাসকিন। 

গুরবাজ ১৮ বলে ৪৫ ও টাডিওয়ানাশে মারুমানি ২১ বলে ৩৯ রান করেও দলকে জয়ের বন্দরে নিতে পারেননি। 

এর আগে ইনোসেন্ট কাইয়ার ৪ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৫২ রানের ইনিংসে ভর করে ১২৫ রান করে ব্রেভস। 

এই জয়ে সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে প্লে-অফ খেলার আশা বাঁচিয়ে রাখল তাসকিনের দল।