Published : 14 Nov 2025, 03:44 PM
নতুন দায়িত্ব নিয়ে কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন টিম সাউদি। নিউ জিল্যান্ডের পেস বোলিং গ্রেটকে আইপিএলের আসছে আসরের জন্য বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
৩৬ বছর বয়সী সাউদিকে নিযুক্ত করার কথা শুক্রবার নিশ্চিত করেছে কলকাতা। তিনবারের চ্যাম্পিয়নদের প্রধান কোচ আভিশেক নায়ার, সহকারী কোচ শেন ওয়াটসন ও মেন্টর ডোয়াইন ব্রাভো।
ভারাত আরুনের স্থলাভিষিক্ত হয়েছেন সাউদি। আরুন আগামী মৌসুমের জন্য লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন।
২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর কোচিংকে পেশা হিসেবে বেছে নেন সাউদি। ইংল্যান্ড দলের কোচিং স্টাফে ছিলেন তিনি। এবার কাজ করবেন আইপিএলে।
২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএলে ৫৪ ম্যাচ খেলে ৪৭ উইকেট নেন সাউদি। আইপিএল ক্যারিয়ারের সবশেষ তিন মৌসুম খেলেন তিনি কলকাতার হয়ে। এই টুর্নামেন্টে সেরা সময় কাটে তার ২০২২ সালে। কলকাতার জার্সিতে সেবার ৯ ম্যাচে ১৪ শিকার ধরেন ডানহাতি পেসার।
আইপিএলে কলকাতা ছাড়াও চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন সাউদি।
১৭ বছরের ক্যারিয়ারে ৭৭৬টি আন্তর্জাতিক উইকেট নেন সাউদি, নিউ জিল্যান্ডের ইতিহাসের যা সর্বোচ্চ। শুধু তাই নয়, টেস্টে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৫ উইকেট তার, ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ ২২১টি আর টি-টোয়েন্টিতে ১৬৪ উইকেট নিয়ে তিনিই সবার ওপরে।