সুপার ওভারের রোমাঞ্চে ‘আরও বুড়ো হয়ে গেছেন’ ভিসা
মূল ম্যাচের পর সুপার ওভারেও স্নায়ু চাপ ধরে রেখে নামিবিয়ার জয়ের নায়ক ডেভিড ভিসা বললেন, ক্লান্তিকর এক সন্ধ্যা ছিল এটি।
প্রথমে বল হাতে নিলেন ৩ উইকেট। পরে দলের চরম প্রয়োজনের সময়ে এক ছক্কায় ৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচ টাই করলেন ডেভিড ভিসা। সুপার ওভারেও দায়িত্ব তার কাঁধে। ব্যাটিংয়ে তুললেন ঝড়। বোলিংয়ে আটকে রাখলেন ওমানের ব্যাটসম্যানদের। ম্যাচের প্রতিটি পর্যায়ে চাপের মুখে অবদান রাখার পর ভিসার মনে হচ্ছে, তার বয়স যেন কয়েক বছর বেড়ে গেছে।
বার্বাডোজেন কেনসিংটন ওভালে অলরাউন্ড নৈপুণ্যে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামিবিয়ার জয়ের নায়ক ভিসা। মূল ম্যাচে ৩ উইকেটের পর সঙ্গে অপরাজিত ৯ রান ও সুপার ওভারে দুর্দান্ত প্রদর্শনীতে তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
মূল ম্যাচে ওমানের ইনিংসের সমাপ্তি ঘটে ভিসার ওভারেই। শাকিল আহমেদকে ফিরিয়ে ওমানকে ১০৯ রানে থামান সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। পরে যখন ব্যাটিংয়ে নামেন জয় থেকে ১৪ রান দূরে নামিবিয়া।
১৯তম ওভারে বিলাল খানকে ছক্কায় উড়িয়ে সমীকরণ হাতের কাছে আনেন তিনি। কিন্তু শেষ ওভারে ২ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে যায় নামিবিয়া। ২ বলে ৪ রান বাকি থাকতে প্রথমে ২ রান নেন তিনি। শেষ বলে বাই থেকে আরও ১ রান নিয়ে টাই করেন ম্যাচ।
সুপার ওভারে তাকেই ব্যাটিংয়ে নামানো হয়। বিলালের প্রথম দুই বলে চার ও ছক্কা মারেন ভিসা। ৪ বলে নেন ১৩ রান। গেরহার্ড এরাসমাস আরও দুটি বাউন্ডারি মারলে ২১ রান করে নামিবিয়া। পরে বল হাতে এই রান ঠেকানোর দায়িত্ব নিয়ে ১০ রানের বেশি দেননি ভিসা।
ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করে ৩৯ বছর বয়সী ভিসা বলেন, ক্লান্তিকর এক সন্ধ্যা ছিল এটি।
“আজকে কয়েক বছর বয়স বেড়ে গেছে। মনে হয় না, আর বেশি বছর বাকি আছে আমার (হাসি)। মানসিকভাবে খুবই ক্লান্তিকর এক সন্ধ্যা।”
“উইকেট সম্পর্কে আমার একটা ধারণা হয়েছিল। তাই জানতাম যে, সুপার ওভারে আমাকে ঠিক কী করতে হবে। পিচ বেশ কঠিন। কিছুটা অসম গতির এবং আমাদের ভাবনার চেয়ে ভিন্ন ছিল।”
