২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপাল অধিনায়ক বললেন, ‘তানজিমই আমাদের হারিয়ে দিয়েছে’

ছোট রানের ম্যাচে হেরে যাওয়ার পর তানজিম হাসানকে প্রশংসায় ভাসালেন রোহিত পাউড়েল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 03:42 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

তানজিম হাসানের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন রোহিত পাউড়েল। ফলো থ্রু-তে নেপাল অধিনায়কের দিকে চোখ রাঙালেন তরুণ পেসার। পরমুহূর্তেই কিছু একটা বলতে দেখা গেল তানজিমকে। পাল্টা জবাব দিলেন রোহিতও। পরের ওভারে বোলিংয়ে রোহিতকে ফিরিয়ে ব্যক্তিগত এই লড়াইটা জিতে নিলেন বাংলাদেশের পেসার। 

সেন্ট ভিনসেন্টে সোমবার রোহিতের সঙ্গে ব্যক্তিগত দ্বৈরথের মতো দলীয় লড়াইয়েও জয়ীর নাম তানজিম। মাত্র ১০৬ রানের পুঁজিতে বাংলাদেশের ২১ রানে জয়ের নায়ক ২১ বছর বয়সী এই পেসার। ৪ ওভারে দুই মেইডেনসহ মাত্র ৭ রানে ৪ উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

নেপালের ইনিংসের প্রথম বলে বাউন্ডারি ‘হজম’ করে শুরু করেন তানজিম। এরপর তার করা টানা ১৯ বলে ব্যাট থেকে আর রান নিতে পারেনি নেপাল। দ্বিতীয় ওভারে কোনো রান না দিয়ে তিনি ফেরান দুই ব্যাটসম্যানকে। নিজের তৃতীয় ওভারে রোহিতকে ফিরিয়েও মেডেন ওভার করেন তানজিম।

সপ্তম ওভারে নিজের কোটা পূর্ণ করতে এসে ২ রান দিলেও স্পেলের শেষ বলে আরেকটি উইকেট নিয়ে নেপালকে মহাবিপদে ফেলে দেন তানজিম। সব মিলিয়ে ৪ ওভারে ২১টি ডট বল করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা রেকর্ড। 

পরে সংবাদ সম্মেলনে রোহিত যেন বলেই দিলেন, শুরুতে এমন ধাক্কা খাওয়ার পরই ম্যাচ থেকে ছিটকে যান তারা।  

“তানজিম খুবই ভালো বোলিং করেছে। আমি বলব, নতুন বলে সে আমাদের হারিয়ে দিয়েছে। সে অসাধারণ বোলিং করেছে। উইকেট চ্যালেঞ্জিং ছিল। আমি মনে করি, তানজিম সঠিক জায়গায় বল করেছে এবং আমাদের ব্যাটিং চাপে ফেলে দিয়েছে।”

মাঠে তানজিমের সঙ্গে হওয়া বাকযুদ্ধের বিষয়টিও খোলাসা করেন নেপাল অধিনায়ক।

“আমাদের মধ্যে তেমন কিছু নেই। সে সামনে এসে বলল যে, ‘মারো।’ আর আমি বললাম যে, ‘যাও বোলিং করো।’ আর কিছু না।”