আফগানিস্তান ও বাংলাদেশের যে পার্থক্য দেখেন রাশিদ খান
সাদা বলের ক্রিকেটে দুই দলকে কাছাকাছিই মনে করেন আফগানিস্তান অধিনায়ক, শুধু একটি জায়গায় আফগানদের এগিয়ে রাখছেন তিনি।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ ও আফগানিস্তানের পারফরম্যান্সের পার্থক্য আকাশ-পাতাল। তবে এমনিতেই সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি আছে বলে মনে করেন না রাশিদ খান। একটা জায়গাতেই শুধু নিজেদের এগিয়ে রাখছেন তিনি। পেশির জোরে বল গ্যালারিতে পাঠানোর মতো ব্যাটসম্যান তাদের আছে।
সীমিত ওভারের ক্রিকেটে বেশ ক বছর ধরেই বাংলাদেশের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে আফগানিস্তান। তবে একটি জায়গায় বাংলাদেশের সন্তুষ্টির জায়গা ছিল। বিশ্বমঞ্চে কখনও আফগানদের কাছে হারতে হয়নি। এবার সেটিও আর অক্ষত থাকছে না। ওয়ানডে বিশ্বকাপে তিনবার ও টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার হারার পর অবশেষে বিশ্ব আসরে বাংলাদেশকে হারাতে পেরেছে আফগানরা।
সেই জয়টিও শুধু আর দশটি জয়ের মতো নয়। এই জয়েই প্রথমবার বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছেছে আফগানরা। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে যে সম্ভাবনা তারা জাগিয়েছিল, সেটিই পূর্ণতা পেয়েছে বাংলাদেশের বিপক্ষে জয়ে।
বাংলাদেশ সেখানে সুপার এইটের বিদায় নিয়েছে সুপার এইটের সব ম্যাচ হেরে। প্রথম বিশ্বকাপ খেলার ২৫ বছর পেরিয়ে গেলেও এখনও কোনো সেমি-ফাইনালের মুখ দেখেনি তারা। অথচ ২০০৮ সালেও আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ফাইভ-এ খেলা আফগানিস্তান গত ওয়ানডে বিশ্বকাপে একটা পর্যায়ে সম্ভাবনা জাগিয়েছিল শেষ চারের। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে তো সেমিতে উঠেই গেল।
বাংলাদেশকে তবু সম্মানটুকু ঠিকই দিচ্ছেন রাশিদ। সেমি-ফাইনালে ওঠার পর সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক বলেন, দুই দল তার কাছে প্রায় একই কাতারের।
“বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই। দুই দলই ভালো ক্রিকেট খেলে। বিশেষ করে সাদা বলে… আমার মনে হয়, খুব একটা পার্থক্য নেই। স্রেফ সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তানের শক্তিশালী ‘হিটার’ আছে, যারা বল মাঠ ছাড়া করতে পারে। তবে ওদের ব্যাটাররাও ভালো।”
“সত্যি বলতে, সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি দেখি না। বাংলাদেশে ওদের সঙ্গে আমরা অনেক খেলেছি। আমরা দুটি ম্যাচ জিতেছি বলেই এমন নয় যে ওদের চেয়ে অনেক অনেক ভালো দল হয়ে গেছি। আমরা একই পর্যায়ের দল। ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে সঠিক ক্রিকেট খেলতে পারা এবং এভাবেই আরও ভালো দল হয়ে উঠতে হয়।”
শুধু বাংলাদেশ-আফগানিস্তানই নয়, রাশিদ কাছাকাছি রাখেন সব দলকেই। তার মতে, পাথর্ক্য গড়া হয় নির্দিষ্ট দিনে খেলার ধরনের ওপর।
“আমার চোখে, ভালো দল আর খারাপ দল বলে কিছু নেই। সব দলই সমান। যে দিন যে দল ভালো খেলে, তারাই ভালো দল। যে দিন মাঠে নেমে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কোনো দল, সেখানেই পরাজিত দলের সঙ্গে পার্থক্য গড়ে ওঠে। এছাড়া স্কিলের দিক থেকে আমার মনে হয়, সব দলই কাছাকাছি।”
