২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেগ স্পিনের নতুন আশা হয়ে অভিষেক রিশাদের

কার্যকর একজন লেগ স্পিনারের খোঁজে জুবায়ের হোসেন ও আমিনুল ইসলামের পর এবার যাত্রা শুরু হলো রিশাদ হোসেনের।

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 03:35 PM

Updated : 31 Mar 2023, 03:35 PM

টসের একটু আগে বাংলাদেশের ড্রেসিং রুমের সামনে একটি বৃত্ত। গোল হয়ে দাঁড়িয়ে দলের সবাই। সেই বৃত্তের ভেতর স্বপ্ন পূরণ হলো রিশাদ হোসেনের। তার মাথায় টি-টোয়েন্টি ক্যাপ তুলে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে নতুন করে পথচলা শুরু বাংলাদেশ ক্রিকেটের পুরনো এক স্বপ্নের। কার্যকর একজন লেগ স্পিনার পাওয়া!

লেগ স্পিনার নিয়ে বাংলাদেশের হাহাকার অনেক দিনের। কোনো সংস্করণেই কব্জির মোচড়ে বল ঘোরানোর মতো স্পিনার থিতু হতে পারেননি দলে। নিরন্তর সেই অনুসন্ধানে আপাতত আশা রিশাদকে ঘিরে। ২০ বছর বয়সী লেগ স্পিনারের আন্তর্জাতিক অভিষেক হলো শুক্রবার চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে।

এই সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার তিনি। লেগ স্পিনের জন্য আগে দলে আসতে পেরেছিলেন কেবল দুজন- জুবায়ের হোসেন ও আমিনুল ইসলাম।  

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় জুবায়েরের। চার বছর পর লেগ স্পিনার হিসেবে চেষ্টা করা হয় আমিনুলকে দিয়ে। তারও চার বছর পর এবার এলেন রিশাদ। আগের দুজনের কেউই লেগ স্পিন সমস্যার সমাধান হতে পারেননি নানা কারণে। কিছু দায় ছিল তাদের, কিছু দায় দলের কিংবা দেশের ক্রিকেটের, কিছু বাস্তবতার।

ক্যারিয়ারে একটিই টি-টোয়েন্টি খেলেছেন জুবায়ের। ওই ম্যাচে দুই ওভারে ২০ রান খরচ করে ২ উইকেট নিলেও আর সুযোগ পাননি। এর আগে ৬ টেস্ট ও ৩ ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে তার বোলিং দেখে সেই সময় সাকিব বলেছিলেন, ৪০০ উইকেট পাওয়ার সম্ভাবনা আছে জুবায়েরের। কিন্তু সেই সম্ভাবনা আর বাস্তবে রূপ নেয়নি।

পরে আমিনুলের শুরুটাও ছিল আশা জাগানিয়া। অভিষেক থেকে টানা তিন ম্যাচে নেন ২টি করে উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানে ৩ উইকেট তার ক্যারিয়ার সেরা। সব মিলিয়ে ১০ ম্যাচে ১২ উইকেট নেওয়ার পর বিরতি পড়ে গেছে তার ক্যারিয়ারে। ২০২১ সালের নভেম্বরের পর আর সুযোগ পাননি তিনি। এখন ঘরোয়া ক্রিকেটেও নিয়মিত বোলিং পান না তিনি। মূলত ব্যাটসম্যান হিসেবেই খেলছেন বিভিন্ন দলে, পাশাপাশি বোলিং করেন প্রয়োজনে।

বাংলাদেশের কোচ হিসেবে নিজের প্রথম দফায় জুবায়েরকে খেলিয়ে দেন হাথুরুসিংহে। সেবার লেগ স্পিনের দিকে বাড়তি জোরও দেন তিনি। ব্যতিক্রম নয় এবারও। রিশাদকে সুযোগ দিয়ে সেই বার্তাই যেন দিলেন তিনি।

লেগ স্পিনারের সমস্যা সমাধানের জন্য দীর্ঘ দিন ধরেই প্রস্তুত করা হচ্ছে রিশাদকে। ১৬ বছর বয়স থেকেই তার ওপর নজর নির্বাচকদের। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৭ দলে খেলার পর হুট করেই তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে খেলানো হয়।

তিনি জায়গা পান অনূর্ধ্ব-১৯ দলেও। পরে তাকে নেওয়া হয় বাংলাদেশ ‘এ’ দলে। গত কয়েক বছরে নিয়মিতই ‘এ’ দল, বিসিবি একাদশে ছিলেন রিশাদ। এইচপি দল বা নানা সময়ে স্পিন ক্যাম্পে তো তিনি নিয়মিত মুখ। এখনকার স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও তিনি কাজ করেছেন বিভিন্ন সময়ে।

তবে ঘরোয়া ক্রিকেটে সে অর্থে ম্যাচ পাননি রিশাদ। ২০১৮ সালে স্বীকৃত ক্রিকেটে অভিষেকের পর প্রায় ৫ বছরে তিন সংস্করণ মিলিয়ে স্রেফ ২৮টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। পারফরম্যান্স কোনো সংস্করণেই বলার মতো নয়।


প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলেছেন তিনি ১৩টি, উইকেট নিতে পেরেছেন ২০টি। গত বছরের মার্চে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকে উইকেটশূন্য থাকার পর আর কোনো ম্যাচে সুযোগ পাননি। যে সংস্করণে তিনি জাতীয় দলে জায়গা করে নিয়েছেন, সেই টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচে তার উইকেট ৬টি, ওভারপ্রতি রান দিয়েছেন ৯ করে।

তবে টি-টোয়েন্টি স্কোয়াডে সুযোগ পাওয়ার পর রিশাদকে নিয়ে আশার কথাই বলেন হাথুরুসিংহে।

“ওর (রিশাদ) জন্য এটি নতুন শুরু। আমাদের মনে হয়, ওর যথেষ্ট স্কিল আছে এবং ওর মধ্যে স্পেশাল কিছু আছে, দীর্ঘ মেয়াদে আমরা যা ভালো করে তুলতে পারি।”


“(রিশাদকে নেওয়ার পেছনে) মূল ভাবনা হলো, এখানে যা-ই হোক না কেন, ও ভালো করুক বা না করুক, ভবিষ্যতের জন্য আমরা কিছু আক্রমণাত্মক স্পিনার খোঁজার চেষ্টা করছি।”

রিশাদকে অভিষেকের ক্যাপ পরিয়ে দেওয়ার কিছুক্ষণ পর টসের সময় অধিনায়ক সাকিব বলেন, সময়ের এবং দলের প্রয়োজনেই একজন লেগ স্পিনার মরিয়া হয়ে তুলে আনার চেষ্টা করছেন তারা।

“ক্রিকেট যেভাবে এগিয়ে চলছে, লেগ স্পিনাররা দারুণ কার্যকর, যদি কোনো দলের তা থাকে। এজন্যই আমরা লেগ স্পিনারদের দেখতে চাই পরখ করে, তাদের উৎসাহিত করতে চাই। আশা করি, আমরা গোটা দুই লেগ স্পিনার পাব, যারা ৫-১০ বছর আমাদেরকে সার্ভিস দিতে পারবে।”

দলে সুযোগ পাওয়ার পর সংবাদমাধ্যমে রিশাদ বলেছিলেন, লম্বাসময় জাতীয় দলকে সার্ভিস দিতে চান তিনি।

“আমার চিন্তাভাবনা, খেললে যেন অনেক দিন খেলতে পারি। এটা ( লেগ স্পিনারদের ব্যাপারে হাথুরুসিংহের ইতিবাচক মনোভাব) একটা ভালো জিনিস। আমাদের জন্য একটু ভালো। আমি চেষ্টা করব এই জিনিসটা বদলানোর জন্য, লেগ স্পিনার নিয়ে এখন থেকে যেন আর কষ্ট করতে না হয়।”