Published : 27 Jan 2026, 10:25 AM
বিগ ব্যাশে ১৪ মৌসুমের পথচলায় এবারের আসরই সবচেয়ে বাজে কেটেছে গ্লেন ম্যাক্সওয়েলের। তবু তাকে দলে পেতে আগ্রহের শেষ নেই। সিডনি সিক্সার্স তো আকর্ষণীয় প্রস্তাব দিয়েই রেখেছিল। যে দলে তিনি এখন খেলেন, সেই মেলবোর্ন স্টার্সও তাকে ধরে রাখতে ছিল মরিয়া। শেষ পর্যন্ত পুরোনো ঠিকানাতেই রয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
বিগ ব্যাশ মৌসুম শেষ হতেই মেলবোর্ন স্টার্সে দুই বছরের নতুন চুক্তি করেছেন ম্যাক্সওয়েল। যেটির মানে, বয়স ৩৯ পেরিয়েও মাঠ মাতাবেন আগ্রাসী এই ক্রিকেটার।
বিগ ব্যাশে এবার ৮ ইনিংস ব্যাট করে মাত্র ৭৬ রান করেন ম্যাক্সওয়েল, এর মধ্যে এক ইনিংসেই ছিল ৩৯। এত কম রান তিনি আগে কখনোই করেননি। ২০১৬-১৭ আসরে ১১৭ রান করেছিলেন, ম্যাচ খেলেছিলেন ৪টি। এতদিন তার সবচেয়ে কম রানের আসর ছিল সেটিই।
তবে স্রেফ এক আসর দিয়ে তো আর তাকে বিবেচনা করা যায় না। বিগ ব্যাশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার তিনি। ৩ হাজার ৩১৭ রান করেছেন ১৫৪.৩৫ স্ট্রাইক রেটে। এই টুর্নামেন্টে দেড়শ রানের ইনিংস খেলা একমাত্র ক্রিকেটার তিনি, ছক্কা মেরেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৫৩টি। বল হাতে উইকেট নিয়েছেন ৪৭টি। টুর্নামেন্টের ইতিহাসের সেরা ক্যাচগুলির বেশ কটিই নিয়েছেন তিনি।
ম্যাচ জেতানোর ক্ষমতার বাইরে তারকামূল্য আর বাড়তি আবেদনও আছে। তার প্রতি দলগুলির আগ্রহের তাই কমতি নেই।
সেই ২০১১-১২ মৌসম মেলবোর্ন রেনিগেডসে খেলার পর বাকি ১৩ মৌসুম মেলবোর্ন স্টার্সেই খেলেছেন ম্যাক্সওয়েল। একরকম হয়ে উঠেছেন এই দলটির প্রতীক। তবে এখনও শিরোপার জয়ের স্বাদ তিনি পাননি। বিগ ব্যাশে কখনও ট্রফি না জেতা একমাত্র দল স্টার্স। অধরা সেই সাফল্যের দেখা পেতে ম্যাক্সওয়েলের ওপরই ভরসা রাখছে দলটি।
৩৭ বছর বয়সী ক্রিকেটার নিজেও সেই ট্রফির দেখা পেতে উদগ্রীব।
“আমার ক্রিকেট ক্যারিয়ারের বিশাল একটি অংশ জুড়ে আছে মেলবোর্ন স্টার্স এবং হৃদয়ের গভীর থেকেই চাই দলকে সাফল্য এনে দিতে। আমার মনে হয়, এখনকার দলটি স্পেশাল কিছু হয়ে ওঠার পথেই আছে এবং আমি আত্মবিশ্বাসী যে আগামী দুই মৌসুমে শিরোপা জয়ের লড়াইয়ে থাকার মতো জায়গায় আমরা আছি।।”