নরকিয়ার তোপে ৭৭ রানেই শেষ শ্রীলঙ্কা
টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড নতুন করে লিখল লঙ্কানরা।
টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতে বিশ্ব মঞ্চে পা রাখা শ্রীলঙ্কার ব্যাটিং মুখ থুবড়ে পড়ল প্রথম ম্যাচে। আনরিক নরকিয়ার আগুনে বোলিংয়ে একশর অনেক আগেই গুটিয়ে গেল লঙ্কানরা। গড়ল এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন রানের রেকর্ড।
নিউ ইয়র্কে সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৯.১ ওভারে স্রেফ ৭৭ রানে অল আউট হয় শ্রীলঙ্কা।
টি-টোয়েন্টিতে দলটির আগের সর্বনিম্ন স্কোর ছিল ৮২, ভারতের বিপক্ষে ২০১৬ সালে।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ৭ রানে ৪ উইকেট নেন নরকিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কারও সেরা বোলিং এটি। আগের সেরাও ছিল নরকিয়ার, গত আসরে সিডনিতে বাংলাদেশের বিপক্ষে ১০ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
প্রায় ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুটি ম্যাচ খেলেন নরকিয়া। প্রথমটিতে ৪ ওভারে ৪৭ রান দেওয়ার পর দ্বিতীয়টিতে ২ ওভারে দেন ২৬ রান, পাননি কোনো উইকেট। পরের ম্যাচেই দারুণভাবে নিজেকে মেলে ধরলেন ৩০ বছর বয়সী পেসার।
বিশ্বকাপ সামনে রেখে মাত্র ৫ মাসে তৈরি হওয়া নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ এটি।
ড্রপ-ইন পিচে প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ১৩ রান করে শ্রীলঙ্কা। এরপর নিয়মিত উইকেট হারায় তারা। দক্ষিণ আফ্রিকার হয়ে স্রেফ দ্বিতীয় ম্যাচ খেলতে নামা পেসার ওটনিয়েল বার্টমান বিশ্বকাপে নিজের প্রথম বলেই উইকেটের দেখা পান পাথুম নিসাঙ্কাকে ফিরিয়ে।
শ্রীলঙ্কার ইনিংস গতি পায়নি কখনোই। তিনে নেমে কামিন্দু মেন্ডিস বিদায় নেন ১৫ বলে ১১ রান করে। নিজের প্রথম ওভারে তাকে ফিরিয়ে শিকার ধরা শুরু নরকিয়ার। পরের ওভারে বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ পরপর দুই বলে ফিরিয়ে দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও সাদিরা সামারাউইক্রামাকে।
নরকিয়া পরের ওভারে দ্বিতীয় শিকার ধরেন কুসাল মেন্ডিসকে ফিরিয়ে। লঙ্কান ওপেনার ৩০ বলে করেন ১৯ রান। শেষ পর্যন্ত এটিই হয়ে থাকে ইনিংসের সর্বোচ্চ।
১০ ওভারে ৫ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা করতে পারে মাত্র ৪০ রান। এই সময়ে তাদের ইনিংসে চার হয় স্রেফ ২টি!
কোনো টি-টোয়েন্টিতে প্রথম ১০ ওভারে শ্রীলঙ্কার সর্বনিম্ন সংগ্রহও এটি। ২০২১ সালে কলম্বোয় ভারতের বিপক্ষে ২ উইকেটে ৪২ ছিল আগের সর্বনিম্ন।
নরকিয়া নিজের পরের ওভারে ধরেন তৃতীয় শিকার, ফেরান চারিথ আসালাঙ্কাকে। পরের ওভারে ইনিংসের প্রথম ছক্কা আসে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাট থেকে। আরেক সাবেক অধিনায়ক দাসুন শানাকা বিদায় নেন একটি ছক্কা মেরেই।
কোটার শেষ ওভারে ম্যাথিউসকে বিদায় করেন নরকিয়া। ২ ছক্কায় ১৬ রান করে ফেরেন অভিজ্ঞ অলরাউন্ডার। মাথিশা পাথিরানার দ্রুত বিদায়ের পর নুয়ান থুশারার রান আউটে সমাপ্তি ঘটে শ্রীলঙ্কার ইনিংসের।
নিয়ন্ত্রিত বোলিংয়ে ২টি করে শিকার ধরেন কাগিসো রাবাদা ও মহারাজ। বিশ্বকাপ অভিষেকে ৪ ওভারে একটি মেইডেনে স্রেফ ৯ রানে একটি উইকেট নেন বার্টমান। ডট বল খেলান তিনি ২০টি।
