অস্ট্রেলিয়ানদের সঙ্গে বাজে ব্যবহার করে নিষিদ্ধ এমসিসির ৩ সদস্য
ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন লং রুমে থাকা এমসিসির এক সদস্য।
লর্ডসের লং রুমে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সঙ্গে বাজে ব্যবহার করার শাস্তি পেয়েছেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) তিন সদস্য। তাদেরকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের আইন প্রণেতা সংস্থাটি।
অ্যাশেজে দ্বিতীয় টেস্টে রোববার ইংল্যান্ডকে ৪৩ রানে হারায় অস্ট্রেলিয়া। ওইদিনই ম্যাচ শেষে এই শাস্তির ঘোষণা দেয় এমসিসি।
ম্যাচের পঞ্চম ও শেষ দিনে লাঞ্চ বিরতির সময় ঘটে ওই কাণ্ড। বিরতির সময় লং রুম দিয়ে যখন ড্রেসিং রুমের দিকে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, তখন তাদের দুয়ো দিতে থাকেন রুমে থাকা এমসিসির সদস্যদের কয়েকজন। কেউ কেউ বাজে মন্তব্য করতে থাকেন।
এক পর্যায়ে তাদের একজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা। নিরাপত্তাকর্মীরা এসে তাদের সরিয়ে দেন।
ঘটনাটি তদন্ত করার জন্য এমসিসিকে অনুরোধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার পরই এলো এমসিসির এই সিদ্ধান্ত। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই তিনজন লর্ডসে ঢুকতে পারবেন না।
অস্ট্রেলিয়া দলের কাছে এমন কাণ্ডের জন্য ক্ষমাও চেয়েছে এমসিসি।
প্রথম সেশনে জনি বেয়ারস্টোকে ‘বিতর্কিতভাবে’ স্টাম্পড করে উত্তেজনার জন্ম দেন অ্যালেক্স কেয়ারি। যার রেশ ধরেই মূলত তৈরি হয় ওই পরিস্থিতি।
ইংল্যান্ডের রান তাড়ায় ৫২তম ওভারে ক্যামেরন গ্রিনের শর্ট বলটি ছেড়ে দেন বেয়ারস্টো। বল গ্লাভসে জমিয়ে আস্তে স্টাম্পের দিকে থ্রো করে কেয়ারি। ততক্ষণে ক্রিজ ছেড়ে বেরিয়ে যান ইংলিশ কিপার-ব্যাটসম্যান বেয়ারস্টো।
অস্ট্রেলিয়ার জোরাল আবেদনে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান মাঠের আম্পায়ার। বল তখনও ‘ডেড’ না হওয়ায় টিভি আম্পায়ার দেন আউট।
লর্ডসের গ্যালারি থেকে তখন ‘দুয়ো’ ভেসে আসতে থাকে প্রবলভাবে। খেলার পরের সময়টাতেও দর্শকেরা দুয়ো দিয়ে যান অস্ট্রেলিয়ানদের। এরপর ঘটে লং রুমে সফরকারী দলটির ক্রিকেটারদের সঙ্গে ওই এমসিসির সদস্যদের ওই কাণ্ড।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটি জিতে এখন ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া।
