মাশরাফিদের পারফরম্যান্সে সিলেটে বইছে বিপিএলের জোয়ার
সাত ম্যাচের ছয়টি জিতে শীর্ষে থেকে সিলেট পর্ব শুরু করবে সিলেট স্ট্রাইকার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের রাস্তায় প্রায় জ্যাম লেগে যাওয়ার অবস্থা। কারণ টিকেট কাউন্টারের সামনে বিশাল লাইন এঁকেবেঁকে ছুঁয়ে গেছে রাস্তা। টিকেট নিতে বেশ হুড়োহুড়ি, হট্টগোল। তাদেরকে শান্ত থাকার আহবান জানানোর পাশাপাশি নানা কিছুর ঘোষণা দেওয়া হচ্ছে মাইকে। লাইনের পেছন দিকে যারা, তাদের শঙ্কা আদৌ টিকেট মিলবে কি না!
শুধু এখানেই নয়, বৃহস্পতিবার সকাল থেকে লম্বা লাইন সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারেও। সেখানে টিকেট না পেয়ে অনেকে এসেছেন মূল মাঠের কাউন্টারে। লাইনে থাকা একজন অভিযোগ করলেন, জেলা স্টেডিয়াম কাউন্টারে টিকেট শেষ হয়ে যাওয়ায় ফিরে যেতে হয়েছে অনেককেই। কোনো আন্তর্জাতিক ম্যাচের জন্য নয়, টিকেট নিয়ে এই হাহাকার, এত আগ্রহ বিপিএলের জন্য!
ঢাকায় বিপিএলের টিকেটের জন্য এমন আগ্রহ কল্পনা করাও কঠিন। চট্টগ্রাম বা সিলেটে অনেক সময় আগ্রহ তুলনায় একটু বেশি থাকে অনেক সময়ই। তবে সিলেটের স্থানীয় সংগঠক ও সংবাদকর্মী যারা আছেন, তারা বলছেন, সিলেটেও বিপিএলকে ঘিরে এত উন্মাদনা আগে কখনোই ছিল না। এবার এত উত্তেজনার মূল কারণ, সিলেটের দলটা দারুণ পারফর্ম করছে!
সেই দ্বিতীয় বিপিএলে ২০১৩ সালে ফাইনালের কাছাকাছি গিয়ে থমকে গিয়েছিল সিলেট রয়্যালস। এছাড়া আর কোনো আসরে সিলেটের কোনো দল খুব ভালো কিছু করতে পারেনি। বছর বছর মালিকানা বদলেছে, দলের নাম রয়্যালস থেকে কখনও হয়েছে সুপার স্টার্স, কখনও সিক্সার্স, কখনও থান্ডার। কিন্তু ভাগ্য বদলায়নি। এবারও কাগজে-কলমে সেরা দলগুলির মধ্যে ছিল না নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্স। তবে সেই দলটিই এখন টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত দল!
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে টানা পাঁচ জয়ে আসর শুরু করেছে তারা। সব মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে তারা খেলতে এসেছে সিলেটে। বিপিএলে যদিও ‘ঘরের দল’ ব্যাপারটি সেভাবে প্রতিষ্ঠিত হয়নি। তবে সিলেটের ক্রিকেট অনুসারীরা যে এই দলকে আপন করে নিয়েছে, তা টিকেটের চিত্র থেকে যেমন পরিষ্কার, তেমনি বোঝা যাচ্ছে শহরের নানা দিকে গেলেও।
চারপাশে সিলেট স্ট্রাইকার্সকে স্বাগত জানিয়ে অসংখ্য ব্যানার, প্ল্যাকার্ড, পোস্টার আছে শহরময়। বুধবার ঢাকা থেকে দল সিলেটে আসার পর বিশাল এক শোভাযাত্রায় তাদেরকে বিমানবন্দর থেকে নিয়ে আসা হয়। শহরে প্রচণ্ড জ্যাম হয়ে যাওয়ায় পরে শোভাযাত্রা অর্ধসমাপ্ত রেখেই টিম বাস হোটেলে চলে যায়।
পারফরম্যান্সের পাশাপাশি সিলেটের দলকে ঘিরে এখানে এবার আগ্রহের আরেকটি কারণ মাশরাফি। এমনিতেই তিনি তুমুল জনপ্রিয়, তবে সিলেটে সেই জনপ্রিয়তা এবার বেড়ে গেছে আরও অনেক। জাতীয় দলে যেমন তিনি সফলতম ওয়ানডে অধিনায়ক, বিপিএলেও সবচেয়ে সফল অধিনায়ক। প্রথমবার তিনি সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন, তার নেতৃত্বে সিলেট এত ভালো করছে। সব মিলিয়ে সিলেটে এখন মাশরাফির জয়গান।
ভালোবাসা আর প্রত্যাশার সেই ছোঁয়া অনুভব করছেন মাশরাফিও। সিলেট পর্ব শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বললেন, স্থানীয়দের আশা পূরণের চেষ্টা করবেন তারা।
“সিলেটের দর্শকরা তাদের দলটাকে যেভাবে চাচ্ছিল, সেভাবে হয়তো এখন পর্যন্ত পেয়েছে এবার। এটা দলের জন্য যেমন আনন্দের, ঠিক তেমনি দর্শকদের জন্যও আনন্দের। আমরাও চেষ্টা করব আমাদের কমিটমেন্ট রাখতে। খেলার কথা তো বলা যায় না, আমরা চেষ্টা করব শতভাগ কমিটমেন্ট রাখতে।”
দলের দুর্দান্ত পারফরম্যান্সে সমর্থকদের স্বপ্নের সীমানায় এখন উঁকি দিচ্ছে ট্রফি। তবে মাশরাফি এখনই অত দূর ভাবতে চাইছেন না।
“চ্যাম্পিয়ন হিসেবে সিলেটের নাম দেখা যাবে কি না, সেটা তো কেউ বলতে পারবে না। আমিও না। নিজেদের নিয়ন্ত্রণে কখন পর্যন্ত থাকে, সেমি-ফাইনাল পর্যন্ত (প্লে অফ)। তারপর নির্দিষ্ট দিনে যারা ভালো খেলে, তাদের ক্ষেত্রেই যা হওয়ার হয়। এক-দুইয়ে যেতে পারলে দুইটা সুযোগ থাকতে পারে। সেই অবস্থান তৈরি করতে পারলে মনে হবে আমরা যথেষ্ট সফল।”
“চ্যাম্পিয়নের কথা যেটা বলা হচ্ছে, সেটা অতিরিক্ত বাড়াবাড়ি, সেটা সময়ের ওপর ছাড়তে হবে। দল যেভাবে খেলছে, সেটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমরা চেয়েছি, সিলেট আগে যেরকম ছিল, সেখান থেকে বের হয়ে আসা এবং সিলেটের যে দর্শক আছে, তারা যেন দলটাকে আপন করতে পারে এবং সিলেট দলটা করতে পারে, সেই বিশ্বাস তৈরি করা। সেটা তৈরি হয়েছে। এরপর সেমি-ফাইনাল পর্যন্ত যেতে পারলে সব কিছু নির্দিষ্ট দিনের ওপর নির্ভর করছে।”
প্লে অফে তারা শেষ পর্যন্ত যেতে পারবেন কি না, তা অনেকটা নিশ্চিত হয়ে যাবে হয়তো সিলেটেই। এখানে চার দিনে তিনটি ম্যাচ খেলবে দল। মাশরাফি এখানে ধরে রাখতে চান তাদের জয়যাত্রা।
“আমাদের জন্য সিলেটের ম্যাচগুলো খুব গুরুত্বপূর্ণ, যদিও আমরা সাত ম্যাচে ছয়টি আমরা জিতেছি। অন্য দলগুলো যেভাবে খেলছে, তাতে এক-দুই নম্বরে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। লড়াইটা এমন আছে যে খুব ক্লোজ হতে পারে। এজন্য সিলেটের তিনটা ম্যাচ গুরুত্বপূর্ণ।”
