২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকেট দেখতে ‘ঘর’ ছেড়ে মিরপুরে রংপুর 

টুর্নামেন্টের শুরু থেকে হোম অব রাইডার্সে অনুশীলন করলেও শনিবার মিরপুরের বিসিবি একাডেমিতে আসে রংপুর দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2023, 06:25 PM

Updated : 11 Feb 2023, 07:06 PM

ব্যাটিং অনুশীলনের পর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বোলিং করতে গেলেন সিলেট স্ট্রাইকার্সের নাজমুল হোসেন শান্ত। তাকে লেগ স্পিন করতে দেখে এগিয়ে এলেন রংপুর রাইডার্সের প্রধান কোচ সোহেল ইসলাম। কাছেই বসে থাকা মুশফিকুর রহিম মজা করে বলে উঠলেন, ‘এই! এই! অন্য দলের কোচ এখানে কেন?’ হাতের ইশারায় সোহেল বুঝিয়ে দিলেন, ‘আমি স্পিন কোচ, তাই এখানে।’ তখন শান্ত বলেন, ‘তাদের (রংপুর) কীভাবে আউট করব, সেটি বলে দিচ্ছেন।’ 

এমন আনন্দঘন পরিবেশে মিরপুরে বিসিবি একাডেমিতে শনিবার অনুশীলন করে সিলেট ও রংপুর। মুশফিক-শান্তরা পুরোদমে অনুশীলনে করলেও, রংপুরের চিত্র ছিল উল্টো। অনেকটা ঐচ্ছিক অনুশীলনের আমেজে ছিল তারা। অনুশীলন শেষ করে অধিনায়ক নুরুল হাসান সোহান জানালেন, হালকা মেজাজে থাকার কারণ।

টুর্নামেন্টের শুরু থেকেই বিসিবির একাডেমি মাঠের বদলে বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে নিজস্ব মাঠে অনুশীলন করেছে রংপুর। যেটিকে তারা ‘হোম অব রাইডার্স’ নাম দিয়েছে। তবে কোয়ালিফায়ার পর্ব শুরুর আগের দিন নিজেদের ঘর ছেড়ে তারা আসে একাডেমি মাঠে। অনুশীলন করে সিলেটের সঙ্গে।

দুপুর ১টার পর একাডেমিতে এসে গা গরমের ফুটবল খেলার পর রংপুরের ক্রিকেটাররা যে যার মতো ঝালিয়ে নেন ব্যাটিং-বোলিং। দলের সঙ্গে সদ্য যোগ দেওয়া মুজিব উর রহমান ও দাসুন শানাকাও ছিলেন অনুশীলনে। তবে তারাও সে অর্থে পুরোদমে অনুশীলন করেননি। 

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এর পেছনের কারণ ব্যাখ্যা করেছেন সোহান। 

“বসুন্ধরায় আমাদের যে সুযোগ-সুবিধা সেটা আসলে... বসুন্ধরাই (রংপুর) একটা দল যাদের ঘরের মাঠে অনুশীলনের সুবিধা আছে। আজকে আসলে আমাদের অনুশীলনের চেয়ে উইকেট দেখাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল।”

“আমরা ব্যাক টু ব্যাক ম্যাচ খেলেছি, তাই সেভাবে অনুশীলন করার কিছু ছিল না। ফুটবল খেলেছি এবং উইকেট দেখা (হয়েছে)। কী ধরনের উইকেট হতে পারে, তা দেখার জন্যই আসলে এখানে আসা। এর বাইরে তেমন কোনো কারণ নেই। যেহেতু টানা ম্যাচের ওপর আছি, তাই সবাই সে অর্থে অনুশীলন করেনি।” 

প্রথম পর্বের ১২ ম্যাচে ৮টি জিতে তৃতীয় হয়ে শেষ চারে নাম লিখিয়েছে রংপুর। রোববার এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ জিতলে বেঁচে থাকবে শিরোপা জেতার আশা। হারলে বাজবে বিদায়ঘণ্টা।

গুরুত্বপূর্ণ ম্যাচটিতে নামার আগে নিজেদের সবশেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরেছে সোহানের দল। তবে তার আগে তারা জিতেছিল টানা ৬টি ম্যাচ। তাই সবশেষ হার নিয়ে খুব একটা চিন্তিত নন রংপুর অধিনায়ক। 

“লম্বা টুর্নামেন্ট হলে একটা ম্যাচ জিতবেন, একটা হারবেন- এমন হতেই পারে। আমরা ৮টা ম্যাচ জিতে কোয়ালিফায়ারে উঠেছি। অবশ্যই আমরা সামর্থ্যবান দল। আমি আশাবাদী, আমাদের খেলোয়াড়রা যেভাবে দলের চিন্তা করে, অবশ্যই কালকে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। আমরা এখন যে ভারসাম্যে আছি, তাতে আমি আশাবাদী, যে আমরা ভালো কিছু করতে পারব।”