২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংকে ছাড়িয়ে টেন্ডুলকারের দিকে আরেক ধাপ এগিয়ে কোহলি

তিন বছরের বেশি সময় পর ওয়ানডেতে সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি, আন্তর্জাতিক সেঞ্চুরি সংখ্যা হলো তার ৭২টি।

চট্টগ্রাম থেকে

শাহাদৎ আহমেদ সাহাদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 06:42 PM

Updated : 10 Dec 2022, 06:42 PM

রিকি পন্টিংয়ের নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে আটকা ছিলেন প্রায় তিন বছর। গত সেপ্টেম্বরে এশিয়া কাপে অপেক্ষার অবসান ঘটিয়ে অস্ট্রেলিয়ান কিংবদন্তির পাশে বসেন বিরাট কোহলি। পরের ধাপটা এগিয়ে যেতে তিন মাসও অপেক্ষা করতে হলো না। পন্টিংকে ছাড়িয়ে স্বদেশি শচিন টেন্ডুলকারের সেঞ্চুরির সেঞ্চুরি পথে আরও এক পদক্ষেপ এগোলেন ভারতের ব্যাটিং জিনিয়াস। 

কোহালর সেঞ্চুরি মানেই যেমন আলোচনার খোরাক, এ দিন অবশ্য তা হয়নি ততটা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তার ইনিংসিটি অনেকটাই আড়ালে পড়ে গেছে ইশান কিষানের বিশ্ব রেকর্ডে। তবে সেঞ্চুরি পর্যন্ত কিন্তু দজিন সমানে সমানই ছিলেন! দুজনেরই শতরানে আসে ৮৫ বলে। 

কিষান পরে চমকে দেন দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়ে। কোহলির ৪৪তম ওয়ানডে সেঞ্চুরির ইনিংস শেষ হয় ১১ চার ও ১ ছয়ে ৯১ বলে ১১৩ রান করে। 

ক্যারিয়ারের এমন এক পর্যায়ে আছেন এখন কোহলি, তার প্রতিটি সেঞ্চুরিতেই ধরা দেয় কোনো না কোনো মাইলফলক। ওয়ানডে সেঞ্চুরিতে তিনি পন্টিংকে ছাড়িয়ে গিয়েছিলেন আগেই। এবার তিন সংস্করণ মিলে সেঞ্চুরির তালিকায় তিনি ছাড়িয়ে গেলেন সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের ৭১ সেঞ্চুরি। 

ওয়ানডের ৪৪ সেঞ্চুরির সঙ্গে টেস্টে কোহলি সেঞ্চুরি ২৭টি, টি-টোয়েন্টিতে ১টি। সব মিলিয়ে ৭২বার তিন অঙ্ক ছুঁয়ে টেন্ডুলকারের ঠিক পরে এখন শুধুই তিনি। 

টেন্ডুলকারের সেঞ্চুরি সংখ্যা তো ক্রিকেটের অনুসারীমাত্রই জানা। স্যার ডন ব্র্যাডম্যানের ব্যাটিং গড়ের মতোই পরিচিত সংখ্যা টেন্ডুলকারের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরি। 

অথচ এবারের এশিয়া কাপের আগেও সেঞ্চুরির সঙ্গে দীর্ঘ বিচ্ছেদ চলছিল কোহলির। ২০১৯ সালের নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে ১৩৬ রান করেন তিনি। যা ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ৭০তম সেঞ্চুরি।  

মাত্র ৩১ বছর বয়সে ৭০ সেঞ্চুরি করে ফেলায় জোরেশোরেই শুরু হয় টেন্ডুলকারের একশ সেঞ্চুরির রেকর্ড ছুঁয়ে ফেলা অথবা ছাড়িয়ে যাওয়ার আলোচনা। কিন্তু এরপর যেন সেঞ্চুরি করতে ভুলেই যান সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন এই গ্রেট।  

তিন বছর ধরে ৭২ ম্যাচে ৮৩ ইনিংস ব্যাট করে সেঞ্চুরির দেখা পাননি কোহলি। এ সময়ে পঞ্চাশ ছুঁয়েছেন ২৬ বার। এর মধ্যে ৬ বার পেরিয়েছেন ৮০। কিন্তু তিন অঙ্ক ছুঁতে পারেননি একবারও। দীর্ঘ সেঞ্চুরি খরার এই সময় আরও অনেক পারিপার্শ্বিকতা মিলিয়ে মানসিক অবসাদে ক্রিকেট ব্যাট ছুঁয়ে দেখেননি প্রায় এক মাস।   

এই তিক্ত অপেক্ষার অবসান ঘটিয়ে গত সেপ্টেম্বরে টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। ছুঁয়ে ফেলেন ৭১ সেঞ্চুরি নিয়ে ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় দুই নম্বরে থাকা পন্টিংকে। 

এরপর অস্ট্রেলিয়ান অধিনায়ককে ছাড়িয়ে যেতে আর বেশি সময় নিলেন না কোহলি। যে বাংলাদেশকে দিয়ে শুরু হয়েছিল প্রায় তিন বছরের খরা, সে দলের বিপক্ষে সেঞ্চুরি করেই পন্টিংকে ছাড়ালেন তিনি। 

এই সেঞ্চুরিটি তার জরুরি ছিল আরেকটি কারণেও। তিন সংস্করণের মধ্যে ওয়ানডেতে তার সেঞ্চুরি সংখ্যা সবচেয়ে বেশি। এই সংস্করণে সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায় রাখা হয় তাকে। একসময় মুড়ি-মুড়কির মতো সেঞ্চুরি করেছেন ৫০ ওভারের ক্রিকেটেই। অথচ এই সংস্করণে সেঞ্চুরি করতে পারছিলেন না প্রায় ৪০ মাস ধরে! 

অবশেষে অপেক্ষার সেই পালা ফুরোল। নতুন করে হয়তো শুরু হলো টেন্ডুলকারকে ছোঁয়ার অপেক্ষা। 

বয়স এখন পেরিয়ে গেছে ৩৪। টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির কীর্তি ছুঁতে আরও ২৮ বার তিন অঙ্কের ইনিংস খেলতে হবে কোহলিকে। কাজটি কঠিন। তবে কোহলি বলেই হয়তো আরও একবার শুরু হবে গণনা, ২৮, ২৭, ২৬…!