চট্টগ্রাম-সিলেটের লড়াইয়ে শুরু বিপিএল
৪৫ ম্যাচের টুর্নামেন্ট শুরু ৬ জানুয়ারি থেকে।
নতুন বছরে বাংলাদেশের ক্রিকেটীয় ব্যস্ততা শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির এই টুর্নামেন্টের নবম আসর শুরু হচ্ছে ৬ জানুয়ারি। উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শিরোপা ধরে রাখার অভিযানও শুরু হবে সেদিনই। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স।
শনিবার সন্ধ্যায় বিসিবি এবারের বিপিএলের সূচি ঘোষণা করে। সাত দলের টুর্নামেন্টে এবার মোট ম্যাচ ৪৫টি।
দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ২টা, পরেরটি সন্ধ্যা ৭টায়। তবে শুক্রবার প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়, পরেরটি সন্ধ্যা সোয়া ৭টায়।
প্রথম পর্বে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা হবে ১০ জানুয়ারি পর্যন্ত। এরপর চট্টগ্রামে খেলা ১৩ জানুয়ারি থেকে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচ হবে ১২টি। ২০ জানুয়ারি শেষ হবে চট্টগ্রাম পর্ব।
পরে আবার ঢাকায় ফিরবে টুর্নামেন্ট। এই দফায় স্রেফ দুই দিন খেলা হবে ঢাকায়, ২৩ ও ২৪ জানুয়ারি।
দুই দিন বিরতি দিয়ে ২৭ জানুয়ারি থেকে খেলা হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেখানে খেলা হবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ৩ ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্টের শেষ ভাগ শুরু হবে ঢাকায়।
টুর্নামেন্টের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হবে ১২ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ ১৪ ফেব্রুয়ারি। ফাইনাল ম্যাচ ১৬ ফেব্রুয়ারি।
