২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরের সবুজে আফগান চ্যালেঞ্জ জয়ের আশায় বাংলাদেশ

এই লড়াইয়ে অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে পাচ্ছে না বাংলাদেশ, তবে সবুজের ছোঁয়া থাকা উইকেটে জিততে আশাবাদী দল।

মিরপুরের সবুজে আফগান চ্যালেঞ্জ জয়ের আশায় বাংলাদেশ

কোচ চান্দিকা হাথুরুসিংহে ও ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাসকে সিদ্ধান্ত নিতে হবে তাসকিন আহমেদকে খেলানো নিয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2023, 08:48 PM

Updated : 13 Jun 2023, 11:44 PM

উইকেটে সবুজের ছোঁয়া স্পষ্ট দূর থেকেও। টেস্টের আগের বিকেলে অনেকটা সময় নিয়ে সেখানে কাটা ঘাস ছিটিয়ে দেওয়া হলো। এমনিতে মিরপুরের উইকেট আলোচনায় থাকে প্রায় সবসময়ই। তবে এবার এই মাঠের ২২ গজ আগ্রহের কেন্দ্রে ভিন্ন কারণে। এবার যে উইকেটে রেখে দেওয়া হয়েছে তাজা ঘাস! কাটা ঘাস ছিটিয়ে দেওয়ার পর তা পেল ভিন্ন এক মাত্রা। ম্যাচের ৫ দিন ধরে এই উইকেট কোন চেহারায় আবির্ভূত হয়, সেই কৌতূহলই আরও তীব্র হলো তাতে।

ম্যাচের আগের কয়েক দিনে উইকেটের পাশাপাশি সমানভাবেই আলোচনায় ছিলেন তামিম ইকবাল। পিঠের নিচের অংশের পুরনো ব্যথা আবার মাথাচাড়া দেওয়ায় তাকে নিয়ে চলছিল অনিশ্চয়তার দোলাচল। শেষ পর্যন্ত শঙ্কাটাকেই সত্যি প্রমাণ করে ছিটকে গেছেন তিনি। এই টেস্টে তাকে মাঠে নামার ছাড়পত্র দেয়নি বিসিবির মেডিকেল বিভাগ।

অভিজ্ঞ এই ওপেনারকে না পাওয়ার ধাক্কা আর ঘাসের উইকেটের নতুন সম্ভাবনা নিয়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলা শুরু বুধবার সকাল ১০টায়।

একটিই টেস্ট ম্যাচ, কোনো সিরিজ-টিরিজ নয়। এই ম্যাচের ওজন, গুরুত্ব আর মাহাত্ম্য নিয়ে তাই বেশ প্রশ্ন উঠল ম্যাচের আগের দিন দুই দলের কোচের সংবাদ সম্মেলনে। আফগানিস্তানের অবশ্য এই আলোচনায় ডুব দেওয়ার কারণ নেই। টেস্ট মর্যাদা পাওয়ার ৬ বছরে স্রেফ ৬টি টেস্ট খেলেছে তারা। তাদের জন্য প্রতিটি টেস্টই তাই মহার্ঘ। বাংলাদেশের বাস্তবতা এখানে অনেকটা ভিন্ন। যদিও কোচ চান্দিকা হাথুরুসিংহে জোর দিয়েই বললেন, দেশের হয়ে প্রতিটি টেস্টই গৌরবের উপলক্ষ, সেখানে গুরুত্ব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ তিনি দেখেন না।

Image

টেস্টের আগের দিন অনুশীলন করলেও চোটের কারণে শেষ পর্যন্ত ছিটকে গেলেন তামিম ইকবাল।

এই মাঠেই গত এপ্রিলে ঠিক এরকমই একটি টেস্ট ম্যাচে বাংলাদেশ খেলেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আফগানরা সবশেষ টেস্ট খেলেছে ২৭ মাস আগে! সাধারণ সমীকরণে তাই বাংলাদেশকে ফেভারিট না মানার কারণ নেই। তারপরও তা খুব একটা জোর দিয়ে বলা যাচ্ছে না। কারণ, দুই দলের আগের একমাত্র টেস্টের অভিজ্ঞতা!

২০১৯ সালে চট্টগ্রামে সেই টেস্টে নবীন আফগানিস্তানের কাছে নাকানিচুবানি খেয়ে বিব্রতকরভাবে হারতে হয়েছিল বাংলাদেশকে। সেই ম্যাচে ১১ উইকেট নিয়ে আফগানদের জয়ের নায়ক রশিদ খান এবার এই ম্যাচে নেই চোট ও বিশ্রামের কারণে। ওই ম্যাচে দারুণ ব্যাটিং করা আসগর আফগান, অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি এখন অবসরে। তারপরও আফগানদের যে চমকে দেওয়ার সামর্থ্য আছে, তা ভালো করেই জানা বাংলাদেশের। অধিনায়ক লিটন কুমার দাস পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রশিদ খান থাকলে যে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিত বাংলাদেশ, এই লেগ স্পিনার না থাকার পরও সেই একই গুরুত্বই দিচ্ছেন তারা।

Image

সবুজ উইকেটে স্লিপ কর্ডনের ভূমিকা হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ। 

লিটনের এই ‘অধিনায়ক’ পরিচয়টাও এই ম্যাচের আরেকটি উল্লেখযোগ্য দিক। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান চোটে পড়ায় টেস্ট নেতৃত্বে অভিষেক হতে যাচ্ছে সহ-অধিনায়কের। বাংলাদেশের দ্বাদশ টেস্ট অধিনায়ক হতে যাচ্ছেন এই কিপার-ব্যাটসম্যান।

হাশমতউল্লাহ শাহিদির নেতৃত্বের অভিষেক তো নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। দুই দলই তাই খেলবে নতুন অধিনায়কের নেতৃত্বে।

ব্যাট হাতেও আফগান মিডল অর্ডারের বড় ভরসা এই শাহিদি। ওপেনিংয়ে ইব্রাহিম জাদরান ও পরে রহমত শাহ আর শাহিদিই হবেন আফগান ব্যাটিংয়ের স্তম্ভ। তিনজনই লম্বা সময় উইকেট আঁকড়ে রাখতে পারেন। সবশেষ টেস্টেই ডাবল সেঞ্চুরি করেছিলেন শাহিদি। আফগানদের হয়ে টেস্ট অভিষেক হতে পারে প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা ব্যাটসম্যান বাহির শাহ ও পেস বোলিং অলরাউন্ডার করিম জানাতের।

আফগানদের টেস্ট স্কোয়াড এমনিতে বরাবরই অনেকটা ভিন্ন সীমিত ওভারের দল থেকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের তারকা রহমানউল্লাহ গুরবাজ, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকিরা লাল বলের ক্রিকেটে খেলেন না। এবার রশিদও নেই। বোলিং আক্রমণ তাই কাগজে-কলমে অন্তত বেশ দুর্বল তাদের। মূল ভরসা ব্যাটিংই। 

Image

আফগানরা টেস্ট খেলবেন ২৭ মাসের বিরতির পর। 

আফগানদের এই ব্যাটিং লাইন আপে ধস নামানোর চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের পেসারদের। এমনিতে মিরপুরে খেলা মানে স্পিনাররাই থাকেন মূল অস্ত্র। কিন্তু এবার আফগানদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্কোয়াডে পেসার রাখা হয়েছে ৫ জন। উইকেট যে সবুজ, তা তো বলা হয়েছে আগেই। একাদশে এমনকি চার পেসার খেলানোর ভাবনা আছে বলেও ম্যাচের আগের দিন জানালেন কোচ চান্দিকা হাথুরুসিংহে। শেষ পর্যন্ত চার জন হয়তো থাকবেন না, তবে তিন পেসার নিশ্চিতভাবেই থাকছে।

তামিম না থাকায় জাকির হাসানের সঙ্গে ইনিংস শুরু করতে পারেন মাহমুদুল হাসান জয়। এরপর নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম নিশ্চিতই।

পেস আক্রমণে একটি সংশয়ের জায়গা তাসকিন আহমেদকে নিয়ে। চোট কাটিয়ে এখন তিনি পুরোপুরি ফিট বলেই জানিয়েছেন হাথুরুসিংহে। তবে এই ফাস্ট বোলারের ওয়ার্কলোড নিয়ে খানিকটা ভাবনা আছে কোচের। শেষ পর্যন্ত তিনি খেললে তার ও ইবাদত হোসেনের সঙ্গী হবেন সৈয়দ খালেদ আহমেদ বা শরিফুল ইসলামের কেউ। তাসকিনকে না খেলালে চমক হিসেবে তরুণ পেসার মুশফিক হাসানকে নামিয়ে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

দুই দলের অভিজ্ঞতা, ঘরের মাঠ আর শক্তি-সামর্থ্য মিলিয়ে এগিয়ে বাংলাদেশ। তবে সব সংস্করণেই ম্যাচের আগের সমীকরণ তো আফগানিস্তান মাঠে নেমে ভুল প্রমাণ করেছে কতবারই! তাদের কোচ সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান জোনাথন ট্রট শোনালেন তেমন কিছুর প্রতিজ্ঞার কথাই।

“যে কোনো দলই ঘরের মাঠে খেললে বাড়তি সুবিধা পায়। যে দল অনেক বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, তারা নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে কিছুটা। তবে এর মানে এই নয় যে, কালকে তারা আমাদের চেয়ে ভালো খেলবে।”

“আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। ছেলেরা দারুণভাবে প্রস্তুতি সেরেছে। বাংলাদেশে টেস্ট ম্যাচ খেলতে তারা রোমাঞ্চিত। আগে কী হয়েছে, এই কন্ডিশনে কে ফেভারিট, এসবের সবকিছুই নির্ভর করে আসলে কালকে কী হবে এবং কোন দল সবচেয়ে ভালো করবে। আমার কাজ হলো, দলের সবাইকে কালকের ম্যাচের জন্য তৈরি করা।”

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট হাথুরুসিংহেও। লক্ষ্য তার অবশ্যই ম্যাচ জয়। পাশপাশি নির্দিষ্ট ঘরানায় খেলার কথাও বললেন বাংলাদেশ কোচ। ঘরের মাঠেও সবুজ উইকেট দিয়ে যেমন নিজেদের চ্যালেঞ্জ করেছে দল, তেমনি মাঠের ক্রিকেটেও তারা নিজেদের মেলে ধরতে চান কাঙ্ক্ষিতভাবে।

“আয়ারল্যান্ডের বিপক্ষে (সবশেষ) সিরিজে আমরা একটি সুনির্দিষ্ট ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চেয়েছি, ফলাফল যেমনই হোক। এবারও তা-ই। হ্যাঁ, দিনশেষে কাঙ্ক্ষিত ফলাফল আমরা চাই। তবে ভিন্ন ধরনের কন্ডিশনে ৫ দিন ধরে আমাদের স্কিল কেমন থাকে, সেটিও বুঝতে চাই আমরা। একটি নির্দিষ্ট ঘরানায় খেলতে নিজেদের চ্যালেঞ্জ করছি আমরা।”

“টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার সময় যখন আমরা পয়েন্ট পেতে চেয়েছি, তখন ট্যাকটিক্যালি ভিন্ন কিছু করতে চেয়েছি। তবে এই ম্যাচ আমাদেরকে সুযোগ করে দিচ্ছে স্পোর্টিং উইকেটে খেলার।”