২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইজুলের উপলব্ধি, ‘ওয়ানডেতে ৬ বল ৬ ধরনের করা লাগতে পারে’

লাল বলের ক্রিকেটের সঙ্গে সাদা বলের পার্থক্যটা বুঝতে পারছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2023, 10:36 PM

Updated : 12 May 2023, 12:01 PM

ওয়ানডে অভিষেকে হ্যাটট্রিক করা প্রথম বোলার তাইজুল ইসলাম। তবু ক্যারিয়ারের শুরুতে এই সংস্করণে নিজের শক্ত অবস্থান তৈরির সুযোগ পাননি তিনি। দীর্ঘ দিন তাকে মূলত টেস্ট বোলার হিসেবেই বিবেচনা করা হয়েছে। কিছুটা দেরিতে হলেও এখন সাদা বলের ক্রিকেটেও নিয়মিত হচ্ছেন তাইজুল। লাল বলের সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটের পার্থক্যটাও ধরতে পারছেন বাঁহাতি স্পিনার।

আসন্ন বিশ্বকাপে সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে তৃতীয় স্পিনার বাছাইয়ের জন্য তাইজুল ও নাসুম আহমেদকে অদল-বদল করে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এর অংশ হিসেবে চলতি ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে আছেন তাইজুল। 

বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়া প্রথম ম্যাচে ২ ওভারে ৫ রান খরচায় স্টিভেন ডোহেনির উইকেট নেন তিনি। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে তার শিকার ছিল ৪টি। গত বছর খেলা তিন ওয়ানডেতে নেন ৮ উইকেট। সব মিলিয়ে প্রায় ৯ বছরের ক্যারিয়ারে ১৬ ম্যাচে তার শিকার ২৭ উইকেট। 

গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পাওয়া একমাত্র ম্যাচে ২৮ রানে ৫ উইকেট নিয়েই মূলত ওয়ানডে ক্যারিয়ার নতুন শুরুর আভাস দেন তাইজুল। এরপর থেকে তাকে এই সংস্করণের জন্যও বিবেচনায় রাখতে শুরু করে দল। সংস্করণ বদলালেও নিয়মিত টেস্ট খেলা এই স্পিনার নিজের প্রক্রিয়ায় কোনো বদল আনেন না। 

চেমসফোর্ডে বৃহস্পতিবার দলের অনুশীলনের পর বিসিবির ভিডিওবার্তায় টেস্ট ও ওয়ানডেতে নিজের প্রস্তুতির ধরণ নিয়ে জানান তাইজুল। 

“লাল বল ও সাদা বলের আলাদা প্রস্তুতি বলতে হয়তো সাদা বলে বৈচিত্রের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। আমি সাধারণত প্রক্রিয়াটা একইরকম রাখি। টেস্ট ক্রিকেটে হয়তো ২-১টা বৈচিত্রে হয়ে যায়। তবে এখানে ৬টা বল ৬ ধরনের করা লাগতে পারে। এই জিনিসগুলো আর কী ঠিকভাবে করা...। এখানে কোচ আছেন রঙ্গনা হেরাথ বা সাকিব (আল হাসান) ভাই আছেন... তাদের সঙ্গে আমি কথা বলি কোন কন্ডিশনে কোন জিনিসটা করলে ভালো হবে।”

ইংল্যান্ডের কন্ডিশন বরাবরই পেসারদের জন্য বাড়তি সুবিধা দেয়। বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচেও দেখা গেছে একই চিত্র। বাংলাদেশের ৯ উইকেটের ৮টিই নেন পেসাররা। পরে আইরিশদের ইনিংসে শুরুতেই আঘাত হানেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। 

তাই বলে এখানে যে স্পিনারদের কিছুই করার নেই, তা মানতে নারাজ তাইজুল। 

“সাধারণত ইংল্যান্ডের কন্ডিশনে সবারই ধারণা আছে, পেস বোলাররা ভালো করে। এটা সত্য যে, এরকম কন্ডিশনে পেসাররা ভালো করে থাকে। তারপরও উইকেটের একটা আচরণ থাকে। এই উইকেটে স্পিনাররা যে ভালো করতে পারবে না, এমন কিছু নয়। ভালো লাইন-লেংথ বজায় রেখে যদি ভালো কিছু করা যায় অবশ্যই সফল হওয়া সম্ভব।” 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের দুর্দান্ত পারফরম্যান্সে স্পিনাররাও অনেক সাহায্য পাচ্ছে বলে জানালেন ৩১ বছর বয়সী স্পিনার। 

“এটা একটা ইতিবাচক দিক যে, আমাদের পেসাররা এখন অনেক ভালো করছে। যখন আমাদের পেসাররা পাওয়ার প্লের মধ্যে ২-৩টা উইকেট নিয়ে নেয়, তখন স্পিনারদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যায়। তখন আমরা ওই সময়ে এসে ভালো আত্মবিশ্বাসে বোলিং করার সুযোগটা পাই।” 

বাঁহাতি স্পিনের পাশাপাশি শেষ দিকে কাজ চালানোর মতো ব্যাটিংটাও খারাপ পারেন না তাইজুল। প্রথম ওয়ানডেতে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে গিয়ে দশ ওভারের বেশি টিকে থাকেন তিনি। মুশফিকুর রহিমের সঙ্গে সপ্তম উইকেটে গড়েন ৩৩ রানের জুটি। 

পরে শরিফুল ইসলামের সঙ্গে মিলে দলকে নিয়ে যান আড়াইশর কাছাকাছি। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৩৬ বলে করেন ১৪ রান। নিজের ব্যাটিং নিয়েও আশাবাদী তাইজুল।

“যখন আমাদের কালকে (প্রথম ওয়ানডে) দ্রুত উইকেট পড়ে গেল, আমার দায়িত্ব ছিল আমার সঙ্গে যে ব্যাটসম্যান (মুশফিকুর রহিম) ছিল তাকে আমি কতটা সাহায্য করতে পারি। হয়তো আমি সেখানে অনেক ডট বল খেলেছি। তবে আমার কাছে মনে হয়েছে যে, দলের জন্য সেটাই ঠিক ছিল। আমি মনে করি, আমার কিছুক্ষণ উইকেটে থাকার কারণে, জুটি হওয়ার কারণে দলের রানটা একটু বেড়েছে।” 

“সবসময় আমার ব্যাটিংটা আমি উপভোগ করি। ব্যাটিংয়ে যতটুকু ভালো করে দলকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। আমি চেষ্টা করি দলকে ভালো কিছু দেওয়ার জন্য।”