লিটন বললেন, ‘খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে’
কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথম আইপিএল খেলতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান।
বিশ্বক্রিকেটে আইপিএল এমন এক জায়গা পেয়ে গেছে, এই মঞ্চে পা রাখা এখন বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারের কাছেই কাঙ্ক্ষিত। অনেক অপেক্ষার পর অবশেষে সেই স্বাদ পেতে চলেছেন লিটন কুমার দাস। প্রথম আইপিএল অভিযানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন বাংলাদেশের এই স্টাইলিশ ব্যাটসম্যান।
এবারের আইপিএলের নিলামে ৫০ লাখ রুপিতে লিটনকে দলে নেয় কলকাতা। নিলামের নিয়মিত রাউন্ডে যদিও অবিক্রিত ছিলেন তিনি। পরে ‘ত্বরিত’ রাউন্ডের প্রথম ধাপেও তার নাম ওঠেনি। দ্বিতীয় ধাপে নাম ওঠার পর তাকে দলে টানে কলকাতা।
লিটনের পরে সাকিব আল হাসানকেও দলে নেয় কলকাতা। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক এই দলের পুরনো সৈনিক। আগে সাত মৌসুম খেলেছেন তিনি এই দলের হয়ে।
আইপিএলে কলকাতা শিরোপা জিততে পেরেছে কেবল দুই বার। তবে বলিউড মহাতারকা শাহরুখ খানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজি নানা কারণেই অনেক ক্রিকেটারের কাছে আকর্ষণীয়। নিলামের পর কলকাতার সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মেও বেশ উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে লিটন ও সাকিবকে নিয়ে। বাংলাদেশের ক্রিকেট অনুসারীদের আকৃষ্ট করতে হোক বা অন্য কোনো কারণে, এই দুজনের নিয়মিত উপস্থিতি দেখা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটির সামাজিক মাধ্যমের পেইজগুলোয়।
শুক্রবার রাতে যেমন তারা ছোট্ট একটি ভিডিও পোস্ট করে, যেখানে লিটন দাস শোনান তার রোমাঞ্চের কথা, “এটি আমার প্রথম আইপিএল। আমি তাই কেকেআর পরিবারের অংশ হতে দারুণ রোমাঞ্চিত”, ইংরেজিতে এইটুকু বলে লিটন পরে বাংলায় বলেন, “খুব শ্রীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে। করব, লড়ব, জিতব…।”
সম্প্রতি ভারতের বিপক্ষে মিরপুর টেস্টে ৭৩ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে লিটন অবশ্য বলেছিলেন, আইপিএল নিয়ে এখনই তিনি ভাবছেন না। ওই টুর্নামেন্টে যাওয়ার পর তিনি ভাববেন।
