২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান সিরিজে কয়েকজনকে পরখ করে দেখতে চান হাথুরুসিংহে

এশিয়া কাপ ও বিশ্বকাপে তাকিয়ে এই সিরিজে নিজেদের শক্তির গভীরতা বাজিয়ে দেখতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। 

আফগানিস্তান সিরিজে কয়েকজনকে পরখ করে দেখতে চান হাথুরুসিংহে

মোহাম্মদ নাঈম শেখ ম্যাচ খেলার সুযোগ পাবেন, সিরিজ শুরুর আগেই জানিয়ে রাখলেন কোচ চান্দিকা হাথুরুসিংহে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2023, 04:15 PM

Updated : 03 Jul 2023, 05:34 PM

‘আপনি তো দলের ভেতরের খবর জিজ্ঞেস করে ফেললেন’- মুখে হাসি নিয়ে বললেন চান্দিকা হাথুরুসিংহে। তার কাছে প্রশ্ন ছিল, এক সিরিজ পর দলে ফেরা আফিফ হোসেনের সম্ভাব্য ব্যাটিং পজিশন নিয়ে। শুরুতে মজা করলেও পরে ঠিকই তা জানিয়ে দেন বাংলাদেশের প্রধান কোচ। পাশাপাশি তিনি এটিও জানিয়ে রাখেন, এই সিরিজে আফিফ ছাড়াও কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দিতে চায় দল।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। দুই দিন রুদ্ধদ্বার অনুশীলনের পর সোমবার সংবাদমাধ্যমের জন্য খুলে দেওয়া হয় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের দুয়ার। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এই সিরিজে নিজেদের পরিকল্পনাও জানান কোচ।

শ্রীলঙ্কায় আগামী অগাস্ট-সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে এটিই বাংলাদেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। বিশ্বকাপের আগে এশিয়া কাপ ছাড়া আর কেবল নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আছে। সেটি হবে বিশ্বকাপের ঠিক আগেই। এই দুই সিরিজে বিশ্বকাপ দলটিরই খেলার সম্ভাবনা বেশি।

পরীক্ষা-নিরীক্ষা কিছু করতে চাইলে তাই শেষ সুযোগ এই সিরিজই। হাথুরুসিংহেও সেটি জানিয়ে রাখলেন। যদিও এটিকে তিনি পরীক্ষা বলছেন না, বরং বাজিয়ে দেখতে চান নিজেদের শক্তির গভীরতা।

“আমরা কিছু ছেলেকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি। এর মানে এমন নয়, পরীক্ষা-নিরীক্ষা করছি। আমরা কোচিং গ্রুপ ও নির্বাচকরা জানি যে, আমরা কী করতে চাই এবং ক্রিকেটারদের কোন কোন জায়গায় নজর দিতে হবে।"

“আমরা চাই, এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ইনজুরি বা অন্য কোনো জরুরি অবস্থা সামাল দেওয়ার গভীরতা যাতে আমাদের থাকে। এটি ভাবনায় রেখে আমরা কিছু ক্রিকেটারকে সুযোগ দেওয়ার চেষ্টা করছি।”

আফগানিস্তান সিরিজের ১৫ জনের দলে ম্যাচ খেলার সুযোগ পাওয়ার দাবি জানাতে পারেন আফিফ ও মোহাম্মদ নাঈম শেখ। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ১১টি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে আসরের সর্বোচ্চ ৯৩২ রান করে প্রায় দুই বছর পর দলে ফিরেছেন নাঈম। একই লিগে মিডল-অর্ডারে ব্যাটিং করা আফিফ ১১০ স্ট্রাইক রেটে করেছেন ৫৫০ রান। দুজনের জন্যই একরকম আশার বার্তা দিয়ে রাখলেন হাথুরুসিংহে।

Image

তামিম ইকবালের চোট নিয়ে শঙ্কা এখনও কাটেনি। 

“আমরা যখনই সুযোগ পাব, তাকে (নাঈম) একটি ম্যাচ দিতে চাই। (আফিফ খেললে) মিডল-অর্ডারে খেলবে।”

নাঈম অবশ্য একাধিক ম্যাচ খেলারও সুযোগ পেয়ে যেতে পারেন। তামিম ইকবালের চোট নিয়ে শঙ্কা যে কাটেনি পুরোপুরি! গত মাসে কোমরের চোটে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে না পারা ওয়ানডে অধিনায়ককে এখনও রাখা হয়েছে পর্যবেক্ষণে।

“আমি এখানে কারও মেডিকেল ইতিহাস নিয়ে আলোচনা করব না। তবে সে (তামিম) গত দুই দিন অনুশীলন করেছে। সে এখন পর্যন্ত ভালো। আমরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং অনুশীলনের পর কেমন বোধ করে, তা দেখছি।”

শেষ পর্যন্ত তামিম যদি খেলতে না পারেন, তাহলে নতুন অধিনায়কও খুঁজে নিতে হবে বাংলাদেশকে। একমাত্র টেস্টে সাকিব আল হাসানের চোটে স্বাভাবিক প্রক্রিয়ায়ই এই দায়িত্ব পান সহ-অধিনায়ক লিটন দাস। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের নেই কোনো সহ-অধিনায়ক।

তবে দলে অধিনায়কত্ব করার অভিজ্ঞতাসম্পন্ন অনেকে থাকায় এটি তেমন কোনো সমস্যা হবে না বলে মনে করেন বাংলাদেশের প্রধান কোচ।

“আমাদের দলে অনেকেই আছে যারা আগে অধিনায়কত্ব করেছে। সম্প্রতি টেস্ট ম্যাচে যখন সাকিব ছিল না, লিটন অধিনায়কত্ব করেছে। এর আগে মুশফিক, সাকিবও অধিনায়কত্ব করেছে। আমাদের যথেষ্ট নেতা আছে। তেমন কিছু (তামিমের অনুপস্থিতি) হলে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন।”

কয়েকজনকে দেখার ইচ্ছার কথা জানানোর পাশাপাশি ইমার্জিং টিমস এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটারদের জন্যও দুয়ার খোলা রাখার বার্তা দিয়েছেন হাথুরুসিংহে। এই টুর্নামেন্টের দলে ডাক পেয়েছেন জাতীয় দল থেকে ছিটকে পড়া সৌম্য সরকার, শেখ মেহেদি হাসানরা।

চলতি মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে দুর্দান্ত কিছু করতে পারলে বিশ্বকাপের জন্যও বিবেচনায় আসার সুযোগ থাকছে বলে জানিয়ে রাখলেন হাথুরুসিংহে।

“আপনি যদি কম্বিনেশন দেখেন, ওই (ইমার্জিং) দলে আমরা শুধু অনূর্ধ্ব-২৩ এর মধ্যে সীমাবদ্ধ না রেখে নির্দিষ্ট কিছু ক্রিকেটার নিয়েছি। কারণ এই বছর টুর্নামেন্টটিতে বয়সের সীমাবদ্ধতা তুলে দেওয়া হয়েছে।”

“আমার মতে, এশিয়ার সব দল এটিকে ক্রিকেটারদের ফর্ম দেখানোর জন্য পরীক্ষার মঞ্চ হিসেবে ব্যবহার করছে। একই সময়ে আমাদের খুব গোছালো দল রয়েছে। তো কেউ যদি (ইমার্জিং টিমস এশিয়া কাপে) অনেক রান করে, তাহলে (দল) বাছাইয়ের জন্য নিজের নাম তুলবে।”