নিলামের দুয়ারে দাঁড়িয়েও বিপিএল নিয়ে অনেক প্রশ্ন, নেই উত্তর
দিন যত যাচ্ছে, আসছে বিপিএল নিয়ে অনিশ্চয়তা, টানাপোড়েন আর জটিলতা যেন বাড়ছে!
তিন দিন পরেই বসবে খেলোয়াড় কেনা-বেচার হাট। আর ব্যাট-বলের লড়াই শুরু হতে বাকি তিন সপ্তাহের মতো। অথচ, এখনও নানা অনিশ্চয়তা ঘিরে আছে এবারের বিপিএলকে। সময়মতোই মাঠে গড়াবে আসর-বাংলাদেশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের এমন ঘোষণার পর পেরিয়ে গেছে একটা মাস; কিন্তু সময়ের সঙ্গে অনেক সমস্যাই কাটেনি, কিছু ক্ষেত্রে বেড়েছে আরও।
প্রশ্ন যত জমেছে, সেগুলোর একটা পরিষ্কার ব্যাখ্যা পাওয়ার আশায় অনেকেই তাকিয়ে ছিল বুধবারের সংবাদ সম্মেলনের দিকে। কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট কথা বলার পরও অনেক বিষয়েই রহস্যের জট খুললেন না বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু। কিছু ক্ষেত্রে উত্তর মিললেও তাতে সামগ্রিক অনিশ্চয়তা দূর হলো না, উল্টো যেন আরও নতুন প্রশ্ন যোগ হলো।
সবচেয়ে বড় ধোঁয়াশা এখন ব্যাংক গ্যারান্টি নিয়ে। গভর্নিং কাউন্সিল জানাল, এখন পর্যন্ত চারটি দল গ্যারান্টি দিয়েছে। কিন্তু এই দলগুলোর নাম জানানো হলো না।
বৃহস্পতিবার শেষ হয়ে যাচ্ছে বাকি দুই দলের গ্যারান্টি জমা দেওয়ার সময়সীমা। তবু নিশ্চিত নয়, তারা সময়মতো অর্থ জমা দিতে পারবে কি না। চার ফ্রাঞ্চাইজি কাগজপত্র জমা দিয়েছে, কিন্তু সেগুলো বৈধ কি না, সেটা নিয়েও সন্দেহ আছে। যদি জালিয়াতির প্রমাণ পাওয়া যায়, তাহলে বিসিবি সরাসরি দায়িত্ব নেবে, নিলামে বসতেই দেবে না। অর্থাৎ নিলাম শুরুর আগেই দলসংখ্যা বা মালিকানায় পরিবর্তনের আশঙ্কা রয়ে যাচ্ছে।
সেক্ষেত্রে আবার উঠছে আরেক প্রশ্ন- শেষ মুহূর্তে কোনো দল বাদ পড়লে নিলামের টেবিলে বসবে কে? কী পরিমাণ বাজেটে তারা ক্রিকেটার কিনবে? এমন পরিস্থিতিতে নিলামের পুরো কাঠামোই আবার ঝুঁকিতে পড়ে যেতে পারে। এর সঙ্গে আরেকটি জটিলতা যোগ হয়েছে। এখনও ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে খেলোয়াড়দের গ্রেডিং বা তালিকা যায়নি।
নিলামের আগেই স্কোয়াড গড়া নিয়ে নানা পরিকল্পনা করতে হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর, পছন্দের ক্রিকেটারের নাম ঠিক করে, বাজেট হিসাব কষতে হয়। এবার সেই প্রস্তুতি নেওয়ার মতো মৌলিক বিষয়গুলোও ঠিকঠাক হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলো এখনও জানেই না কোন ক্যাটাগরিতে কোন ক্রিকেটার আছে, তাহলে কার কী মূল্য ধরে পরিকল্পনা করবে তারা।
সবমিলিয়ে নিলামকে দুয়ারে রেখে এই মুহূর্তে একটি বিষয়ই কেবল স্পষ্ট- নিলাম আর টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি, ঘোষণাপত্র, আর্থিক নিশ্চয়তা, দল গঠন সবকিছুই আছে দোদুল্যমান অবস্থায়। তাতে অনিশ্চয়তার মেঘ ক্রমেই আরও ঘন হচ্ছে।
সংবাদ সম্মেলনে সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু নিঃসঙ্কচে স্বীকার করলেন, এমন অবস্থায় বিপিএল আয়োজন করা সহজ কাজ নয়। তবে সব ঠিকঠাক হলে ভালো একটি আসর আয়োজন সম্ভব বলে তিনি আশাবাদী।
“এটা নিঃসন্দেহে কঠিন কাজ। যদি সাত–আট মাস সময় থাকত, সবকিছু অনেক গুছিয়ে করা যেত। আগেরবার যেমন বড় জটিলতা হয়েছে, এবারও হয়েছে। মিথ্যা বলার কিছু নেই, এখন পুরো ব্যাপারটাই যেন আগুন নেভানোর মতো। সবাইকে নিয়ে চেষ্টা করছি, কারণ এটা দেশের একটা টুর্নামেন্ট, একটা নাম। যদি পরিষ্কার ও ভালোভাবে বিপিএল আয়োজন করতে না পারি, তাহলে সেটাই শেষ ধরে নেবেন।”
নিলাম নিয়ে এত অনিশ্চয়তার মাঝেও একটি নতুন তথ্য সামনে এসেছে। এবারের বিপিএল নিলামে আবেদন করেছেন ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার। সেখান থেকে বিসিবি বাছাই করেছে ২৫০ জনকে। যাদের বাদ দেওয়া হয়েছে, তাদের ক্রিকেটীয় তথ্য বা সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও খুব পরিষ্কার ধারণা ছিল না নিলামের জন্য দায়িত্ব পাওয়া বিদেশি ক্রিকেটার বাছাই দলের।
টুর্নামেন্ট শুরু ১৯ ডিসেম্বর, ফাইনাল ১৯ জানুয়ারি। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় হবে উদ্বোধনী অনুষ্ঠান।
গত ৫ নভেম্বর গভর্নিং কাউন্সিল পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে। পরে দল বাড়ানোর সিদ্ধান্তে নিলাম পিছিয়ে আরেকটি দল যুক্ত করা হয়েছে।
এবার অংশ নিচ্ছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নবাগত নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে প্রতিটি দল দুজন দেশি ও দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে।
শুরুর দিকে বলা হয়েছিল, ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব তিন বছরের জন্য পেয়েছে আইএমজি। কিন্তু বুধবার গভর্নিং কাউন্সিলই জানাল, এবারকার বিপিএলের কোনো প্রক্রিয়ায় আইএমজি যুক্ত থাকছে না। তাদের সঙ্গে চুক্তি কার্যকর হবে পরের আসর থেকে।
প্রোডাকশনেও এসেছে বড় পরিবর্তন। রিয়েল ইম্প্যাক্টের বদলে দায়িত্ব পেয়েছে পাকিস্তানের ট্রান্স প্রোডাকশন এন্ড টেকনোলজিস (টিপিটি)। সবচেয়ে কম দর দেওয়ায় বিসিবি চুক্তি করেছে তাদের সঙ্গে।
৩৫ বছরের অভিজ্ঞ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে বিভিন্ন বড় ক্রীড়া ইভেন্ট সম্প্রচার করে। এই চুক্তিতে বিসিবির প্রায় ৬ কোটি টাকা সাশ্রয় হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল, পাকিস্তান, আফগানিস্তান ও এমিরেটস বোর্ড—বিভিন্ন সংস্থার সঙ্গেও নিয়মিত কাজ করে তারা। পিএসএল, টি টেন, ডব্লিউসিএল, আইএল টি-টোয়েন্টিসহ বেশ কয়েকটি জনপ্রিয় টুর্নামেন্টের প্রোডাকশনও তাদের হাতে।
সবমিলিয়ে সবকিছু এখন এতটাই অনিশ্চয়তার ঘেরাটোপে বন্দি যে, টুর্নামেন্ট আয়োজন করাই যেন এক বড় চ্যালেঞ্জ।
