আইপিএল
Published : 17 May 2026, 06:01 PM
টস হতেই আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি নিজের করে নিলেন ভিরাট কোহলি। রোহিত শার্মাকে পেছনে ফেলার ম্যাচে চমৎকার ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস উপহার দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ওপেনার।
ধারামসালায় রোববার পাঞ্জাব কিংসের বিপক্ষে তিনটি ছক্কা ও চারটি চারে ৫৮ রান করেন কোহলি। পঞ্চদশ ওভারে ইউজবেন্দ্র চেহেলের বলে ফ্লিক করে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি।
এটি আইপিএলে কোহলির ২৮০তম ম্যাচ। ভেঙে দিলেন তিনি রোহিতের ২৭৯ ম্যাচের রেকর্ড। তালিকায় তৃতীয় স্থানে থাকা মাহেন্দ্র সিং ধোনি (২৭৮) চলতি আসরে এখনও কোনো ম্যাচ খেলেননি। আইপিএলে আড়াইশ ম্যাচ খেলেছেন আর কেবল দুইজন- রাভিন্দ্র জাদেজা (২৬৫) ও দিনেশ কার্তিক (২৫৭)।
চলতি আইপিএলে চমৎকার ব্যাটিং করে যাচ্ছেন কোহলি। আগের ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রান তাড়ায় খেলেন ১০৫ রানের অপরাজিত ইনিংস। ওই সেঞ্চুরির সঙ্গে চার ফিফটিতে আসরে এখন পর্যন্ত তার রান ৫৪১।
আইপিএলে টানা চার আসরে পাঁচশর বেশি রান করলেন কোহলি। সব মিলিয়ে এক আসরে পাঁচশ স্পর্শ করলেন তিনি নয়বার। সাতবার করে পাঁচশ রান করেছেন ডেভিড ওয়ার্নার ও লোকেশ রাহুল। পাঁচবার এই ক্লাবে পা পড়েছে শিখার ধাওয়ানের।
এদিন মুখোমুখি তৃতীয় বলে সিঙ্গল নিয়ে রানের খাতা খোলেন কোহলি। পরের ওভারে আজমাতউল্লাহ ওমারজাইকে ছক্কায় ওড়ান তিনি। লকি ফার্গুসনকে ছক্কা হাঁকান ভারতের ব্যাটিং গ্রেট। ইনিংসে নিজের শেষ ছক্কাটি মারেন তিনি দ্বাদশ ওভারে, শশাঙ্ক সিংকে। ওই ওভারেই সিঙ্গল দিয়ে ৩১ বলে ফিফটি স্পর্শ করেন কোহলি।
কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৬ রানের দারুণ জুটি গড়েন দেবদুত পাডিক্কাল। পরে তাকে দারুণ সঙ্গ দেন ভেঙ্কাটেশ আইয়ার। তাদের তৃতীয় উইকেট জুটিতে আসে ৬০ রান।
স্বীকৃত টি-টোয়েন্টিতে এনিয়ে ২১০টি পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হলেন কোহলি, যা যৌথভাবে সর্বোচ্চ। ২১০টি জুটিতে নাম আছে অ্যালেক্স হেলসেরও।