Published : 09 Sep 2026, 03:24 PM
বিগ ব্যাশের বেসরকারি বিনিয়োগ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে নিউ সাউথ ওয়েলস। শেফিল্ড শিল্ডের সফলতম দল এবং অস্ট্রেলিয়ার প্রভাবশালী রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়শনটির মতে, এই সিদ্ধান্ত খেলাটির বিনিয়োগ করার ক্ষমতাকে ‘হুমকি’ দিচ্ছে এবং খেলাটির উপর ‘দীর্ঘমেয়াদী’ প্রভাব ফেলার ঝুঁকি তৈরি করছে।
বিগ ব্যাশ বেসরকারীকরণের পরিকল্পনার শুরু থেকেই বিরোধিতা করে আসছে নিউ সাউথ ওয়েলস। সিডনি সিক্সার্স এবং সিডনি থান্ডার দল দুটি পরিচালনা করে এই রাজ্য সংস্থা। তারা ধারাবাহিকভাবে বলে আসছে যে, তাদের কোনো ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রেই তারা এই পথে যাবে না। বরাবরই ক্রিকেট অস্ট্রেলিয়ার আর্থিক পূর্বাভাসের বিরোধিতা করছে তারা এবং খেলাটিতে আরও অর্থ আনার জন্য অন্যান্য উপায়ের ওপর জোর দিচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার জানায় যে, তাদের বোর্ড একটি ‘স্ব-নির্ধারণ’ মডেল বাস্তবায়নের অনুমোদন দিয়েছে, যা প্রতিটি রাজ্যকে তাদের নিজস্ব পথ বেছে নেওয়ার সুযোগ দেবে। মেলবোর্ন রেনেগেডস বিক্রির মাধ্যমে বেসরকারীকরণ শুরুর ঘোষণা করে তারা এবং এটির ফলাফল দেখে অন্যান্য দলের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
কিন্তু সব পক্ষের মধ্যে মতানৈক্য ছাড়া এই প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার তীব্র সমালোচনা করেছে নিউ সাউথ ওয়েলস।
“অস্ট্রেলিয়ান ক্রিকেটের সবার মধ্যে সমন্বয় ছাড়াই বিগ ব্যাশ লিগে বেসরকারি বিনিয়োগ আনার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে নিউ সাউথ ওয়েলস খুবই হতাশ। এই সিদ্ধান্তের ফলে নিউ সাউথ ওয়েলস এবং অস্ট্রেলিয়ান ক্রিকেট কৌশলগত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে, যা তৃণমূল ক্রিকেটে বিনিয়োগ করার ক্ষেত্রে আমাদের সক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলবে।
আমরা এমন একটি অস্ট্রেলিয়ান ক্রিকেট ব্যবস্থার অংশ হতে পেরে গর্বিত, যা সারা বিশ্বের কাছে ঈর্ষার বিষয়। গতকালের ঘোষণা এই ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে মুনাফা পুনর্বণ্টনের ফলে কমিউনিটি ক্রিকেটে বিনিয়োগ করার ক্ষমতা কমে যাচ্ছে, যা সব স্তরে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে।”
বিগ ব্যাশের আর্থিক ভিত শক্ত করার জন্য বিকল্প বের করার আগের দাবিতেই অটল নিউ সাউথ ওয়েলস।
“এই সিদ্ধান্তের পেছনের প্রক্রিয়া নিয়ে নিউ সাউথ ওয়েলস বোর্ড হতাশ। ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে আমরা সরাসরি উদ্বেগ প্রকাশ করেছি, বিগ ব্যাশকে শক্তিশালী করার জন্য একটি বিকল্প পথের প্রস্তাব দিয়েছি এবং উচ্চমানের বহিরাগত পরামর্শের ভিত্তিতে প্রস্তাবটির মধ্যে থাকা উল্লেখযোগ্য ঝুঁকিগুলো তুলে ধরেছি।”
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্তমান চেয়ারম্যান মাইক বেয়ার্ড নিউ সাউথ ওয়েলস বোর্ডের সাবেক সদস্য। বেসরকারীকরণের ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন সিডনি সিক্সার্সের সবসময়ের ক্রিকেটার এলিস পেরি, উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সও, যিনি নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা এবং আগে থান্ডারের হয়ে খেলছেন।
নিউ সাউথ ওয়েলসের প্রতিবাদের পর ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বিবৃতিতে আবার তুলে ধরেছেন নিজেদের অবস্থান।
“গতকালকের ঘোষণায় যেমনটা বলেছিলাম, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে বিগ ব্যাশ লিগগুলিতে বেসরকারি বিনিয়োগ অস্ট্রেলিয়ান ক্রিকেটের সকল স্তরের জন্য দীর্ঘমেয়াদে ব্যাপক সুফল বয়ে আনবে। অস্ট্রেলিয়ান ক্রিকেট ব্যবস্থা এবং এর মাধ্যমে ক্রমাগত তৈরি হওয়া অসাধারণ ক্রিকেটার, হাজার হাজার অংশগ্রহণকারী ও ভক্তদের নিয়ে নিউ সাউথ ওয়েলসের গর্বের অংশীদার ক্রিকেট অস্ট্রেলিয়া।
আমরা বিশ্বাস করি যে, বিগ ব্যাশ ক্লাব লাইসেন্স বিক্রি থেকে প্রাপ্ত আয়ের একটি উল্লেখযোগ্য অংশ ভবিষ্যৎ তহবিলে বিনিয়োগ করা হলে, তা আগামী প্রজন্মের জন্য এই খেলার তৃণমূল পর্যায়, এলিট পথ এবং উচ্চ পারফরম্যান্স ব্যবস্থার জন্য সেরা ও সবচেয়ে নির্ভরযোগ্য তহবিলের উৎস হবে। খেলার সর্বোত্তম স্বার্থ যাতে উন্নত ও সুরক্ষিত হয়, তা নিশ্চিত করতে সকল রাজ্য এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করে যাব আমরা।”
নিউ সাউথ ওয়েলস বলছে যে, গত জুনে সমস্ত রাজ্য চেয়ারম্যানদের সম্মত হওয়া যেকোনো বিক্রয় প্রক্রিয়ার চারটি শর্ত এখানে পূরণ হয়নি। এর মধ্যে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোও অন্তর্ভুক্ত। বেসরকারীকরণের ঘোষণার পরই এসিএ বলেছে যে, ক্রিকেটারদের পারিশ্রমিকের একটি নতুন মডেল নিয়ে চুক্তি ছাড়া কোনো বেসরকারীকরণ হতে পারে না।
নিউ সাউথ ওয়েলস উল্লেখ করেছে যে, তাদের দুটি দল, সিক্সার্স এবং থান্ডার এখনও পর্যন্ত ‘সফল ও সুস্থির’ এবং দলগুটির লভ্যাংশ পুনরায় বিনিয়োগ করা হয়।
বর্তমান পরিস্থিতি অনুযায়ী, ভিক্টোরিয়া, তাসমানিয়া এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বেসরকারীকরণের পক্ষে রয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে তা জানিয়েছে কেবল ক্রিকেট ভিক্টোরিয়া। কুইন্সল্যান্ড বেসরকারীকরণের নীতির বিরুদ্ধে নয়, কিন্তু এই মডেল এবং এর থেকে প্রাপ্ত আর্থিক বণ্টন নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।
কুইন্সল্যান্ড ক্রিকেটের বিবৃতিতে তা ফুটে উঠেছে।
“প্রস্তাবিত মডেলটি সতর্কতার সাথে খতিয়ে দেখতে হবে এবং নিঃসন্দেহে আরও প্রশ্ন ও স্পষ্টীকরণের প্রয়োজন হতে পারে। বিক্রয় প্রক্রিয়াটি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং এই পর্যায়ে ব্রিজবেন হিটের শতভাগ মালিকানা ধরে রাখতে চাই। তবে অবশ্যই উপযুক্ত সময়ে বেসরকারি বিনিয়োগের জন্য আমরা উন্মুক্ত থাকব।”
সাউথ অস্ট্রেলিয়া আপাতত পুরো প্রক্রিয়ায় মাঝামাঝি অবস্থানে রয়েছে।