৩০০তম ম্যাচে ‘রিটায়ার্ড আউট’ রিজওয়ান
বিগ ব্যাশে অভিষেক আসরে ৮ ইনিংসে ১৬৪ বল খেলে স্রেফ একটি ছক্কা মারতে পেরেছেন পাকিস্তানের ব্যাটসম্যান।
ইনিংসের অষ্টাদশ ওভার শেষ হতেই বাউন্ডারি সীমানায় দাঁড়িয়ে হাতের ইশারায় মোহাম্মদ রিজওয়ানকে মাঠ ছেড়ে আসতে বললেন মেলবোর্ন রেনিগেডসের অধিনায়ক উইল সাদারল্যান্ড। বেরিয়ে এলেন পাকিস্তানের ব্যাটসম্যান। রিটায়ার্ড আউটের স্বাদ পেলেন তিনি প্রথমবার। এই অভিজ্ঞতা হলো তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩০০তম ম্যাচে।
বিগ ব্যাশে সোমবার সিডনি থান্ডারের বিপক্ষে চার নম্বরে নেমে ২৩ বলে ২৬ রান করার পর, ১৯তম ওভার শুরুর আগে রিজওয়ানকে তুলে নেওয়া হয়। তার জায়গায় নেমে এক বলে এক রান করে রান আউট হন সাদারল্যান্ড।
ট্যাকটিক্যাল সিদ্ধান্ত হিসেবে রিটায়ার্ড আউট এখন নিয়মিত চিত্র। চোটাঘাত ছাড়া কোনো ব্যাটসম্যান স্বেচ্ছায় মাঠ ছেড়ে গেলে বা তুলে নিলে ক্রিকেটের পরিভাষায় সেটিকে বলা হয় রিটায়ার্ড আউট।
বিগ ব্যাশে রিটায়ার্ড আউট হওয়া দ্বিতীয় ক্রিকেটার রিজওয়ান। চলতি আসরেই গত ৩ জানুয়ারি এই স্বাদ পান সিডনি থান্ডারের নিক ম্যাডিনসন। ২৬ বলে ৩০ রান করার পর তিনি নিজ থেকেই মাঠ ছেড়ে যান।
এই বছরের প্রথম ১২ দিনে মোট ৬ জন ক্রিকেটারের রিটায়ার্ড আউটের অভিজ্ঞতা হলো।
এবারই প্রথম বিগ ব্যাশে খেলছেন রিজওয়ান। তবে ব্যাট হাতে মোটেও ভালো করতে পারছেন না তিনি। ৮ ইনিংসে ২০.৮৭ গড় ও ১০১.৮২ স্ট্রাইক রেটে তার রান মোটে ১৬৭। সর্বোচ্চ ইনিংস ৪১, যেখানে বল খেলেন ৩৮টি।
আসরে সব মিলিয়ে এখন পর্যন্ত ১৬৪ বল খেলে ১৮ চারের বিপরীতে স্রেফ একটি ছক্কা মারতে পেরেছেন তিনি, সেটিও রিটায়ার্ড আউটের এই ম্যাচে।
তার দলও শেষ পর্যন্ত ম্যাচটি হেরে গেছে।
