১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বাশিরের অফ স্পিনে লায়নকে খুঁজছে ইংল্যান্ড

ন্যাথান লায়নের মতো অফ স্পিনার হয়ে উঠতেই শোয়েব বাশিরের ওপর এতটা ভরসা রাখছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 04:14 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

মাঝেমধ্যে কিছু ঝিলিক দেখা গেলেও পারফরম্যান্স এখনও পর্যন্ত খুব উজ্জ্বল নয়। বোলিংয়ে কারুকাজ বা বৈচিত্রও খুব বেশি চোখে পড়ে না। তবু শোয়েব বাশিরের ওপর ভরসার কমতি নেই ইংল্যান্ডের। সিরিজের পর সিরিজ আস্থা রাখা হচ্ছে তার ওপরই। কারণ, তরুণ এই স্পিনারকে ন্যাথান লায়নের মতো কার্যকর অফ স্পিনার হয়ে উঠতে দেখতে চায় ইংলিশ ম্যানেজমেন্ট।

স্বয়ং লায়নই খোলাসা করেছেন ইংল্যান্ডের এই ভাবনা। অস্ট্রেলিয়ার স্পিন গ্রেট এই তথ্য জানতে পেরেছেন ইংলিশ পেস কিংবদন্তি জিমি অ্যান্ডারসনের কাছ থেকে।

গত মৌসুমে কাউন্টিতে অ্যান্ডারসনের সঙ্গে ল্যাঙ্কাশায়ারে খেলেছেন লায়ন। তখন তাদের মধ্যে এই আলোচনা হয়েছিল। 

সিডনিতে বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার স্পন্সরশিপের একটি আয়োজনে অস্ট্রেলিয়ান স্পিনার কথা বললেন ইংল্যান্ডের স্পিনারদের নিয়ে। ৫৬২ টেস্ট উইকেট শিকারি স্পিনারের মতে, এখনও ইংল্যান্ডের সেরা স্পিনার জ্যাক লিচ।

“জিমি অ্যান্ডারসনের সঙ্গে গত বছর ল্যাঙ্কাশায়ারে খেলেছি। সে আমাকে বলেছে, তারা (ইংল্যান্ড) বাশিরকে দলে নিয়েই যাচ্ছে মূলত আমি যা করি, সেটা করার জন্য। আমার ক্যারিয়ারে এখনও পর্যন্ত যা করতে পেরেছি, জিমির মতো একজন সেটিকে সম্মান করায় কিছুটা গর্ব হয়েছে আমার তখন। বাশির এখনও পর্যন্ত ঠিকঠাক পারফর্ম করছে।”

“জ্যাকব বেথেল এই টেস্টে খেলছে (ভারতের বিপক্ষে ওভালে) এবং মনে হচ্ছে, লিয়াম ডসনের কাছ থেকে স্পিন বোলিংয়ের ভার এখানে বয়ে নেবে সে। তবে আমার চোখে জ্যাক লিচ এখনও তাদের সেরা স্পিনার।”

৩৯ টেস্টে ১৪২ উইকেট শিকার করা লিচ গত ৯ মাস ধরে সুযোগ পাচ্ছেন না ইংল্যান্ডের হয়ে। সবশেষ টেস্ট খেলেছেন তিনি গত অক্টোবরে পাকিস্তান সফরে। সেখানে প্রথম দুই টেস্টে ১৪ উইকেট নেওয়ার পর রাওয়ালপিন্ডি টেস্টে খরুচে বোলিংয়ে দুটি উইকেট পান। এরপর দলের বাইরে ঠেলে দেওয়া হয় বাঁহাতি এই স্পিনারকে। আর সুযেগি পাননি এখনও।

লিচের ১৬ উইকেট নেওয়া ওই সিরিজে খরুচে বোলিংয়ে ৩ টেস্টে ৯ উইকেট শিকার করেন বাশির। তবু তার ওপরই ইংল্যান্ডের বাজি। পরের তিনটি সিরিজে টানা খেলানো হয়েছে তাকেই। 

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ইনিংসে ৬টিসহ ম্যাচে ৯টি উইকেট তিনি নিয়েছেন বটে, নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চে নিয়েছিলেন ইনিংসে ৪ উইকেট। এছাড়া তার বোলিং ছিল একদমই সাদামাটা। ভারতের বিপক্ষে চলতি সিরিজের তিন টেস্টে তিনি ছিলেন অনেক খরুচে ও একদমই ধারহীন। 

লর্ডসে চোট পেয়ে ছিটকে পড়ার পর ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে তার জায়গায় আনা হয় স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসনকে। ওভালে শেষ টেস্টে চার পেসার খেলানোর জন্য কাটা পড়েছেন সেই ডসনও। বেন স্টোকসের চোটে একাদশে ঢোকা অলরাউন্ডার জ্যাকব বেথেল সামলাবেন স্পিনের দায়িত্ব।

বাদ পড়লেও দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন লিচ। সমারসেটের হয়ে ৩৯ উইকেট নিয়ে চলতি কাউন্ট চ্যাম্পিয়নশিপের ডিডিশন ওয়ান-এ এখনও পর্যন্ত সফলতম স্পিনার তিনিই।

তারপরও আগামী নভেম্বর-ডিসেম্বরে অ্যাশেজের স্কোয়াডে মূল স্পিনার হওয়ার সম্ভাবনায় বাশিরই এগিয়ে ইংল্যান্ডে পরিকল্পনায়। অস্ট্রেলিয়ায় গত অ্যাশেজে তিন টেস্টে কেবল ছয় উইকেট নিয়েছিলেন লিচ। এই বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের (‘এ’ দল) হয়ে বাশিরকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল অভ্যস্ত হতে। সেখানে তিন ম্যাচে দেদার রান দিয়ে স্রেফ চার উইকেট ছিল তার প্রাপ্তি।